পরিবারকে ঘিরে দীর্ঘদিন ধরে ছড়িয়ে পড়া ভুল তথ্য ও মনগড়া গল্পের জবাব দিতে নিজের স্মৃতিকথা লিখেছেন ভারতের কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী। তবে বইটি শুধু তাঁর ব্যক্তিগত জীবনের স্মৃতিচারণ নয়; ইতালি থেকে ভারতে আসা, গান্ধী পরিবারের সদস্য হয়ে ওঠা এবং নানা প্রতিকূলতার মধ্যেও নিজের জায়গা খুঁজে নেওয়ার দীর্ঘ অভিজ্ঞতাও এতে উঠে এসেছে।
সোমবার (১৬ নভেম্বর) নয়াদিল্লিতে নিজের স্মৃতিকথা ‘বিলংগিং: আ জার্নি অব লাভ’-এর আনুষ্ঠানিক প্রকাশনা অনুষ্ঠানে এসব কথা বলেন সোনিয়া গান্ধী। অনুষ্ঠানে তাঁর ছেলে ও কংগ্রেস নেতা রাহুল গান্ধীও মায়ের জীবনের নানা ব্যক্তিগত অভিজ্ঞতা তুলে ধরেন।
বিরোধী রাজনৈতিক দলগুলোর শীর্ষ নেতাদের উপস্থিতিতে আয়োজিত অনুষ্ঠানে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী সি. জোসেফ বিজয়, সমাজবাদী পার্টির সভাপতি অখিলেশ যাদব, ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন এবং জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ অংশ নেন। তবে বামপন্থী দলগুলোর কোনো প্রতিনিধি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না।
‘পরিবার নিয়ে অনেক কিছুই সত্য নয়’
সোনিয়া গান্ধী বলেন, তাঁর পরিবারকে নিয়ে বহু বছর ধরে নানা ধরনের কথা লেখা ও প্রচার করা হয়েছে। এর অনেক কিছুই বাস্তবতার সঙ্গে মেলে না। শাশুড়ি ইন্দিরা গান্ধী, স্বামী রাজীব গান্ধী, ছেলে রাহুল ও মেয়ে প্রিয়াঙ্কাকে ঘিরেও এমন অনেক গল্প তৈরি হয়েছে, যা তাঁকে কষ্ট দিয়েছে।
এসব ভুল ধারণার বিপরীতে নিজের অনুভূতি ও পরিবারের অভিজ্ঞতা তুলে ধরতেই স্মৃতিকথা লেখার সিদ্ধান্ত নেন তিনি। তাঁর ভাষায়, বইটি নিজের ও পরিবারের বিষয়ে সত্য তুলে ধরার একটি প্রচেষ্টা।
স্মৃতিকথার শিরোনামের ব্যাখ্যা দিতে গিয়ে তিনি বলেন, ইতালি থেকে ভারতে আসার পর নতুন সমাজ ও পরিবারের সঙ্গে মানিয়ে নিয়ে নিজের জায়গা তৈরি করতে তাঁকে অনেক চেষ্টা করতে হয়েছে। গান্ধী পরিবারে বিয়ে করে আসার পর সেই অভিজ্ঞতা আরও গভীর হয়।
তিনি মনে করেন, ভারতে বিয়ের পর অনেক নারীকে নতুন পরিবারের পরিবেশে খাপ খাওয়াতে কঠিন সময় পার করতে হয়। একই সাংস্কৃতিক পটভূমি থেকে এলেও নতুন সংসারে মানিয়ে নেওয়া সহজ হয় না।
শৈশবে ইতালিতে বেড়ে ওঠার সময় বড়দের প্রতি শ্রদ্ধা দেখানোর যে শিক্ষা পেয়েছিলেন, তা গান্ধী পরিবারের আনুষ্ঠানিক পরিবেশে মানিয়ে নিতে তাঁকে সহায়তা করেছিল। তবে শাশুড়ি ইন্দিরা গান্ধীকে শুরুতে তিনি বেশ ভয় পেতেন। পরে ধীরে ধীরে তাঁকে ‘মা’ বলে সম্বোধন করতে অভ্যস্ত হন।
রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী এবং বন্ধু মঞ্জুলিকা দুবের উৎসাহে স্মৃতিকথা লেখায় রাজি হন সোনিয়া। শুরুতে নিজের ব্যক্তিগত অনুভূতি প্রকাশ করতে দ্বিধা থাকলেও লেখা শুরু করার পর স্মৃতির প্রবাহ থামানো কঠিন হয়ে পড়ে বলে জানান তিনি। ইন্দিরা ও রাজীব গান্ধীর হত্যাকাণ্ড নিয়ে লেখা অংশগুলোই তাঁর কাছে সবচেয়ে কঠিন ছিল।
রাজীবের সঙ্গে সম্পর্ক ছিল ‘জাদুর মতো’
রাজীব গান্ধীর সঙ্গে সম্পর্কের স্মৃতি তুলে ধরে সোনিয়া তাঁদের প্রেমকে জাদুর মতো বলে বর্ণনা করেন। রাজীব রাজনীতিতে আসার সিদ্ধান্ত নিলে প্রথমে তিনি আপত্তি জানিয়েছিলেন। তাঁর আশঙ্কা ছিল, রাজনীতিতে প্রবেশ করলে দুজনের একসঙ্গে সময় কাটানোর সুযোগ কমে যাবে।
রাজীবের মৃত্যুর পর নিজের জীবনে বড় পরিবর্তনের কথা জানান সোনিয়া। তিনি বলেন, স্বামীকে হারানোর পর অনেকটা শিশুর মতো হয়ে পড়েছিলেন; তখন তাঁর সন্তানরাই যেন অভিভাবকের ভূমিকা নেয়।
তরুণদের কাছ থেকে পরামর্শ নেওয়ার আহ্বান
সাম্প্রতিক শিক্ষার্থী নেতৃত্বাধীন জেন-জি বিক্ষোভ নিয়েও কথা বলেন সোনিয়া গান্ধী। অধিকার আদায়ের দাবিতে তরুণদের একসঙ্গে সংগঠিত হওয়াকে তিনি উৎসাহব্যঞ্জক বলে উল্লেখ করেন।
তাঁর বক্তব্য, তরুণদের শুধু উপদেশ দেওয়ার চেষ্টা না করে তাঁদের কাছ থেকেও পরামর্শ নেওয়া উচিত। নতুন প্রজন্মের দাবি ও ভাবনাকে গুরুত্ব দেওয়ার প্রয়োজনীয়তার কথাও তাঁর বক্তব্যে উঠে আসে।
রাহুলের স্মৃতিতে মা-বাবার প্রেম
অনুষ্ঠানে রাহুল গান্ধী মা-বাবার সম্পর্কের কয়েকটি ব্যক্তিগত স্মৃতি শোনান। কেমব্রিজের ভার্সিটি রেস্তোরাঁয় তাঁর মা-বাবার পরিচয় হয়েছিল। বহু বছর পর নিজের তৎকালীন প্রেমিকাকে নিয়ে সেই রেস্তোরাঁয় গিয়েছিলেন তিনি।
সেখানে কর্মীরা তাঁর মা-বাবাকে চিনতে পারেন। খাবারের বিষয়ে পরামর্শ চাইলে এক কর্মী তাঁকে ‘চিকেন শাস্যর’ খেতে বলেন। তবে খাবারটি তাঁর কাছে একেবারেই ভালো লাগেনি। রসিকতা করে রাহুল বলেন, কেউ প্রেমে পড়তে চাইলে ওই রেস্তোরাঁয় যেতে পারেন, কিন্তু ওই খাবারটি যেন না খান।
রাহুল জানান, ছোটবেলায় তিনি মা-বাবার মধ্যে গভীর ভালোবাসা ও ঘনিষ্ঠতা দেখেছেন। কিন্তু দাদি ইন্দিরা গান্ধী ও বাবা রাজীব গান্ধীর হত্যাকাণ্ডে সেই পারিবারিক জগৎ ভেঙে যায়।
বাবার মৃত্যুর পর মায়ের জীবনে বড় পরিবর্তন এলেও ভারতের সাধারণ মানুষের ভালোবাসা তাঁকে নতুনভাবে আপন করে নিয়েছিল বলে মনে করেন রাহুল। তাঁর ভাষ্য, গ্রামের লাখো মানুষ সোনিয়া গান্ধীকে আপনজন হিসেবে গ্রহণ করেছিলেন এবং তাঁকে বুঝিয়েছিলেন, তিনি এই দেশেরই একজন।
মায়ের দৃঢ়তার কথা তুলে ধরে রাহুল আরও বলেন, জীবনে কখনো তাঁকে ভয় পেতে বা পিছিয়ে যেতে দেখেননি। ক্যানসারের সঙ্গে চারবার লড়াই করেও তিনি সাহস হারাননি বলে উল্লেখ করেন রাহুল।
অনুষ্ঠানটি রাজনৈতিক প্রসঙ্গ এড়িয়ে আয়োজনের কথা থাকলেও বিরোধী দলগুলোর একাধিক শীর্ষ নেতার উপস্থিতি সেখানে বিরোধী ঐক্যের বার্তাও সামনে নিয়ে আসে। কংগ্রেস-শাসিত কর্ণাটক, কেরালা ও হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রীরাও অনুষ্ঠানে অংশ নেন।












