বিশ্বের উদীয়মান বাজারে সাশ্রয়ী স্মার্টফোনের অন্যতম বৃহৎ বিক্রেতা চীনা প্রতিষ্ঠান ট্রান্সশন এখন ব্যবসার নতুন অধ্যায়ে প্রবেশ করছে। টেকনো, ইনফিনিক্স ও আইটেল ব্র্যান্ডের মাধ্যমে আফ্রিকা, দক্ষিণ এশিয়া ও দক্ষিণ-পূর্ব এশিয়ার বাজারে শক্ত অবস্থান তৈরি করা প্রতিষ্ঠানটি এবার কৃত্রিম বুদ্ধিমত্তা এবং নতুন প্রযুক্তিপণ্যে বড় বিনিয়োগের পরিকল্পনা নিয়ে এগোচ্ছে।
গত বছর প্রতিষ্ঠানটি বিশ্বজুড়ে ১৭ কোটি স্মার্টফোন বিক্রি করেছে। বিক্রির পরিমাণ অ্যাপলের বিক্রির প্রায় দুই-তৃতীয়াংশ। আফ্রিকায় বিক্রি হওয়া স্মার্টফোনের অর্ধেকেরও বেশি ট্রান্সশনের বিভিন্ন ব্র্যান্ডের। তবে বাড়তি প্রতিযোগিতা, চিপের মূল্যবৃদ্ধি এবং ক্রেতাদের কেনাকাটায় পরিবর্তনের কারণে প্রতিষ্ঠানটি এখন নতুন চ্যালেঞ্জের মুখে পড়েছে।
সাফল্যের পেছনে তিনটি কৌশল
ট্রান্সশনের ব্যবসায়িক সাফল্যের মূল ভিত্তি তিনটি। প্রথমত, প্রতিষ্ঠানটি শুরু থেকেই আন্তর্জাতিক বাজারকে গুরুত্ব দিয়েছে। ২০০০-এর দশকে আফ্রিকায় ব্যবসা শুরু করেন এর প্রতিষ্ঠাতা। ২০১৩ সালে বর্তমান প্রতিষ্ঠান গঠনের পর আফ্রিকাকে প্রধান বাজার হিসেবে বেছে নেওয়া হয়। পরে ভারত ও দক্ষিণ-পূর্ব এশিয়ায় ব্যবসা সম্প্রসারণ করে প্রতিষ্ঠানটি।
বর্তমানে বিশ্বের ১০০টির বেশি দেশে প্রায় ২ হাজার ৯০০ পরিবেশকের মাধ্যমে স্মার্টফোন বিক্রি করছে ট্রান্সশন। স্থানীয় টেলিযোগাযোগ প্রতিষ্ঠানের সঙ্গে সম্পর্কও তাদের বাজার সম্প্রসারণে সহায়তা করেছে।
দ্বিতীয় কৌশল হলো স্থানীয় ক্রেতাদের প্রয়োজন অনুযায়ী পণ্য তৈরি। প্রতিষ্ঠানটির ফোনের দাম সাধারণত আইফোনের দামের ১০ ভাগের এক ভাগেরও কম। ফলে সীমিত আয়ের মানুষের কাছে এগুলো সহজলভ্য।
আফ্রিকার অনেক এলাকায় বিদ্যুৎ সরবরাহ অনিয়মিত হওয়ায় দীর্ঘস্থায়ী ব্যাটারি ও দ্রুত চার্জের সুবিধার ওপর গুরুত্ব দিয়েছে প্রতিষ্ঠানটি। গরম আবহাওয়ায় ব্যবহারের উপযোগী ঘাম-প্রতিরোধী ইউএসবি সংযোগ ব্যবস্থাও তৈরি করেছে। অন্যদিকে, দক্ষিণ-পূর্ব এশিয়ার গেমপ্রেমী ক্রেতাদের জন্য এনেছে বিশেষ তাপ নিয়ন্ত্রণের সুবিধাযুক্ত ফোনের কাভার। প্রতিষ্ঠানটির নিজস্ব গেমিং অ্যাপের মাসিক ব্যবহারকারী প্রায় ১৪ কোটি।
তৃতীয় ভিত্তি হলো বড় পরিসরে উৎপাদন। নিজস্ব ছয়টি কারখানায় প্রতিষ্ঠানটি মোট স্মার্টফোনের প্রায় ৪০ শতাংশ তৈরি করে। এর মধ্যে চারটি চীনে, একটি বাংলাদেশে এবং অন্যটি ইথিওপিয়ায়। বাকি ফোন তৈরি হয় ১৭টি চুক্তিভিত্তিক উৎপাদন প্রতিষ্ঠানের মাধ্যমে, যাদের অধিকাংশই চীনে অবস্থিত।
এই ব্যবস্থার কারণে নতুন স্মার্টফোনের নকশা ও উৎপাদন সম্পন্ন করতে প্রতিষ্ঠানটির সাধারণত চার থেকে আট মাস সময় লাগে।
প্রবৃদ্ধিতে ধাক্কা, কমেছে শেয়ারের দাম
দীর্ঘদিন ধরে ট্রান্সশনের ব্যবসা দ্রুত সম্প্রসারিত হয়েছে। ২০১৯ সালে সাংহাইয়ে শেয়ারবাজারে তালিকাভুক্ত হওয়ার পর ২০২৪ সাল পর্যন্ত প্রতিষ্ঠানটির আয় বেড়েছিল ১৭০ শতাংশ।
কিন্তু এরপর থেকে প্রবৃদ্ধি অনেকটাই স্থবির হয়ে পড়েছে। ২০২৪ সালের এপ্রিল থেকে প্রতিষ্ঠানটির শেয়ারের দাম প্রায় অর্ধেক কমেছে।
নতুন বাজারগুলোতেও প্রতিযোগিতা বেড়েছে। বিশেষ করে ব্রাজিলে প্রতিষ্ঠানটি বড় চ্যালেঞ্জের মুখে পড়েছে। লাতিন আমেরিকার বৃহত্তম স্মার্টফোন বাজারটিতে ২০২১ সালে প্রবেশ করে ট্রান্সশন। সেখানে ইনফিনিক্স তাদের প্রধান ব্র্যান্ড।
কিন্তু ২০২৬ সালের প্রথম ছয় মাসে ব্রাজিলে ইনফিনিক্সের স্মার্টফোন সরবরাহ আগের বছরের একই সময়ের তুলনায় ২৪ শতাংশ কমেছে। বিপরীতে দক্ষিণ কোরিয়ার স্যামসাংয়ের সরবরাহ বেড়েছে ১০ শতাংশ। উন্নত কৃত্রিম বুদ্ধিমত্তার সুবিধাসম্পন্ন ফোন দিয়ে স্যামসাং বাজারে প্রতিযোগিতা আরও বাড়িয়েছে।
চিপের দাম বাড়ায় উৎপাদন ব্যয়
স্মার্টফোন শিল্পের জন্য বড় উদ্বেগ হয়ে উঠেছে সেমিকন্ডাক্টর ও মেমোরি চিপের মূল্যবৃদ্ধি। ট্রান্সশনের ক্ষেত্রেও এর প্রভাব স্পষ্ট।
২০২৩ সালে প্রতিষ্ঠানটির পণ্য উৎপাদন ব্যয়ের প্রায় এক-পঞ্চমাংশ ছিল মেমোরি চিপের পেছনে। ২০২৬ সালের প্রথম চার মাসে তা বেড়ে প্রায় অর্ধেকে পৌঁছেছে।
উৎপাদন ব্যয় সামাল দিতে প্রতিষ্ঠানটি স্মার্টফোনের দাম বাড়িয়েছে। এতে মোট মুনাফার হার ধরে রাখা সম্ভব হলেও বিক্রির পরিমাণ কমেছে। ক্রেতারাও নতুন ফোন কেনার পরিবর্তে পুরোনো ফোন দীর্ঘদিন ব্যবহার করছেন।
স্মার্টফোনের বাইরে নতুন ব্যবসা
এই পরিস্থিতিতে শুধু স্মার্টফোনের ওপর নির্ভর না করে পণ্যের পরিসর বাড়াচ্ছে ট্রান্সশন। স্মার্টঘড়ি, কানে ব্যবহারের তারবিহীন যন্ত্র এবং রান্নাঘরের বৈদ্যুতিক সরঞ্জামের পাশাপাশি এখন জ্বালানি সংরক্ষণের পণ্যও বাজারে আনছে প্রতিষ্ঠানটি।
এর মধ্যে রয়েছে বহনযোগ্য ব্যাটারি মডিউল। পাশাপাশি দুই ও তিন চাকার বৈদ্যুতিক যানবাহনের ব্যবসাতেও প্রবেশ করেছে তারা।
উদীয়মান বাজারে ক্রেতারা পরিচিত ব্র্যান্ডের প্রতি তুলনামূলক বেশি আস্থা রাখেন। ট্রান্সশনের বিভিন্ন পণ্যে একই পরিচালনব্যবস্থা যুক্ত থাকায় একটি পণ্য ব্যবহারকারীকে অন্য পণ্যের ক্রেতায় পরিণত করার সুযোগ তৈরি হচ্ছে।
২০২৬ সালের প্রথম ছয় মাসে স্মার্টফোন ছাড়া অন্যান্য পণ্য থেকে প্রতিষ্ঠানটির মোট আয়ের ১৬ শতাংশ এসেছে। আগের বছরের একই সময়ের তুলনায় এই অংশ দ্বিগুণ।
কৃত্রিম বুদ্ধিমত্তাই কি পরবর্তী প্রবৃদ্ধির চালিকা শক্তি?
ট্রান্সশনের সামনে এখন দুটি বড় চ্যালেঞ্জ—আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতা ধরে রাখা এবং প্রযুক্তিগত পরিবর্তনের সঙ্গে তাল মেলানো। কৃত্রিম বুদ্ধিমত্তার কারণে উন্নত চিপের চাহিদা বাড়ছে, একই সঙ্গে স্মার্টফোনের বাজারেও নতুন প্রযুক্তির গুরুত্ব বাড়ছে।
এ অবস্থায় শুধু কম দামের ফোন দিয়ে আগের মতো প্রবৃদ্ধি ধরে রাখা কঠিন হতে পারে। তাই নতুন পণ্য, নিজস্ব প্রযুক্তি এবং কৃত্রিম বুদ্ধিমত্তার সমন্বয়ে ব্যবসার পরিধি বাড়াতে চাইছে প্রতিষ্ঠানটি।
বিশেষ করে আফ্রিকা ও এশিয়ার মূল্যসংবেদনশীল বাজারে সাশ্রয়ী প্রযুক্তিপণ্য সরবরাহের অভিজ্ঞতা ট্রান্সশনের বড় সম্পদ। তবে নতুন বাজারে প্রতিযোগিতা মোকাবিলা এবং বাড়তি উৎপাদন ব্যয়ের মধ্যে লাভজনক প্রবৃদ্ধি ধরে রাখাই হবে প্রতিষ্ঠানটির পরবর্তী পরীক্ষার ক্ষেত্র।












