যুক্তরাষ্ট্রে নভেম্বর মাস মানেই থ্যাংকসগিভিং বা কৃতজ্ঞতা প্রকাশের উৎসব। প্রতিবছর নভেম্বরের চতুর্থ বৃহস্পতিবার পরিবার-পরিজন নিয়ে একত্র হন দেশটির মানুষ। কৃতজ্ঞতা প্রকাশের পাশাপাশি চলে বিশেষ খাবারের আয়োজন। এদিন প্রায় ৪ কোটি ৬০ লাখ টার্কি খাওয়া হয়। তবে নভেম্বরের ক্যালেন্ডারে এমন কিছু দিবসও রয়েছে, যেগুলোর নাম শুনলে বিস্মিত হতে হয়।
যেমন জাতীয় মাখন দিবস, বাইসন দিবস, সিটবেল্ট দিবস কিংবা বোতাম দিবস। এমনকি ২০ নভেম্বর পালিত হয় জাতীয় অযৌক্তিকতা দিবস। বোতাম দিবসে পোশাকের বোতামের গুরুত্ব উদ্যাপনের আহ্বান জানানো হয়। শুনতে অদ্ভুত মনে হলেও যুক্তরাষ্ট্রে এমন দিবসের সংখ্যা এত বেশি যে বছরের মোট দিনের সংখ্যাকেও ছাড়িয়ে গেছে।
গুরুগম্ভীর বিষয় থেকে নিছক হাস্যরস
এসব জাতীয় দিবসের মধ্যে যেমন গুরুত্বপূর্ণ সামাজিক ও মানবিক বিষয় রয়েছে, তেমনি আছে নিছক মজার উপলক্ষ। জাতীয় মানবজীবনের পবিত্রতা দিবসের মতো গুরুতর আয়োজনের পাশাপাশি রয়েছে জাতীয় সময়ভ্রমণকারী সেজে থাকার দিবস।
কখনো কখনো একই দিনে একাধিক দিবস পড়ায় তৈরি হয় অদ্ভুত পরিস্থিতি। যেমন সড়ক দুর্ঘটনায় নিহত ব্যক্তিদের স্মরণ দিবসের সঙ্গে একই দিনে পালিত হয় কিশমিশযুক্ত সিরিয়াল দিবস। আবার জাতীয় ক্র্যানবেরি রিলিশ দিবসের পরদিনই রয়েছে জাতীয় ক্র্যানবেরি খাওয়ার দিবস।
কিছু দিবসের নামও বেশ দীর্ঘ ও অস্বাভাবিক। যেমন ক্যাফেইনযুক্ত কার্বনেটেড পানীয় দিবস। প্রশ্ন উঠতেই পারে, এসব দিবসের স্বীকৃতি কে দেয় এবং কেনই বা এত বিচিত্র দিবস তৈরি হচ্ছে?
সরকারি স্বীকৃতি আর বেসরকারি উদ্যোগের পার্থক্য
প্রকৃত জাতীয় ছুটি বা রাষ্ট্রীয় দিবস সাধারণত সরকারিভাবে অনুমোদিত হয়। যুক্তরাষ্ট্রে সর্বশেষ নতুন ফেডারেল ছুটি যুক্ত হয়েছিল ২০২১ সালে। তৎকালীন প্রেসিডেন্ট জো বাইডেন দাসপ্রথার অবসানের স্মরণে জুনটিন্থকে সরকারি ছুটির স্বীকৃতি দেন।
অন্যদিকে আন্তর্জাতিক নারী দিবসের মতো বৈশ্বিক দিবস নির্ধারণ করে জাতিসংঘ। এসব দিবসের উদ্দেশ্য নির্দিষ্ট সামাজিক সমস্যা, অধিকার ও গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে সচেতনতা তৈরি করা।
কিন্তু মজার বা অদ্ভুত দিবস চালু করা তুলনামূলক সহজ। এ ক্ষেত্রে যুক্তরাষ্ট্রে কাজ করছে ন্যাশনাল ডে ক্যালেন্ডারের মতো বেসরকারি প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা মার্লো অ্যান্ডারসনের ভাষায়, এটি জাতীয় দিবসের জন্য একধরনের উইকিপিডিয়া।
বছরে ৩০ হাজার আবেদন, স্বীকৃতি পায় অল্প কয়েকটি
ন্যাশনাল ডে ক্যালেন্ডারে নতুন দিবসের প্রস্তাব জমা দেওয়া সম্পূর্ণ বিনা মূল্যে। যে কেউ নিজের পছন্দের কোনো বিষয়কে কেন্দ্র করে দিবস ঘোষণার আবেদন করতে পারেন।
প্রতিষ্ঠানটির দাবি, প্রতিবছর তাদের কাছে ৩০ হাজারের বেশি আবেদন আসে। তবে যাচাই-বাছাইয়ের কঠোর প্রক্রিয়ার কারণে সেখান থেকে মাত্র কয়েকটি প্রস্তাব অনুমোদন পায়। তারপরও জাতীয় বারকোড দিবসের মতো আয়োজন কীভাবে অনুমোদন পেল, তা নিয়ে প্রশ্ন তোলার সুযোগ রয়েছে।
নতুন দিবসের প্রস্তাব সাধারণত বিভিন্ন দাতব্য সংস্থা কিংবা ব্যবসাপ্রতিষ্ঠান থেকে আসে। কোনো প্রতিষ্ঠান নিজেদের পণ্য বা সেবার প্রচার বাড়াতেও বিশেষ দিবস চালুর উদ্যোগ নেয়।
নাম জাতীয় দিবস হলেও এসব আয়োজনের প্রচার শুধু যুক্তরাষ্ট্রে সীমাবদ্ধ থাকে না। ন্যাশনাল ডে ক্যালেন্ডার বিভিন্ন ব্র্যান্ডকে তাদের পণ্যের সঙ্গে সম্পর্কিত দিবসের প্রচারে সহায়তা করে। ওয়েবসাইট, সামাজিক যোগাযোগমাধ্যম, টেলিভিশন ও সংবাদপত্রের মাধ্যমে এসব দিবসের প্রচার চালানো হয়।
ইন্টারনেটের আগেও ছিল বিচিত্র দিবস
সামাজিক যোগাযোগমাধ্যমের কারণে বর্তমানে এসব দিবসের জনপ্রিয়তা আরও বেড়েছে। অনেক সময় পিৎজা দিবস কিংবা অ্যাভোকাডো দিবস নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা বড় কোনো সংবাদঘটনার চেয়েও বেশি নজর কাড়ে।
তবে বিচিত্র দিবস তৈরির প্রবণতা ইন্টারনেটের আগেও ছিল। ১৯০৯ সালে ক্যালিফোর্নিয়ার কিশমিশ উৎপাদকেরা জাতীয় কিশমিশ দিবস চালু করেন। ওই দিন উপলক্ষে তাঁরা বিশেষ ছাড় দেন এবং কিশমিশ দিয়ে তৈরি খাবারের রেসিপি প্রচার করেন।
এমনকি বিংশ শতাব্দীর শুরুর দিকে বাবা দিবস চালু হওয়ার সময়ও অনেকে একে অপ্রয়োজনীয় বাণিজ্যিক আয়োজন বলে সমালোচনা করেছিলেন। অথচ বর্তমানে ভাইবোন দিবস কিংবা কন্যা দিবসের মতো পারিবারিক আয়োজনও ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে।
প্রতিদিন একটি অদ্ভুত দিবস পালনের অভিজ্ঞতা
সাংবাদিক ড্যান ব্রটজেল এক বছর ধরে প্রতিদিন একটি করে বিচিত্র দিবস পালনের চেষ্টা করেছিলেন। জাতীয় নিভৃতচারী দিবসে তিনি একজন ক্যাথলিক নির্জনবাসীর সাক্ষাৎকার নেন। মজার বিষয় হলো, ওই নারী নিজেও জানতেন না যে সেদিন তাঁর জন্য বিশেষ একটি দিবস পালিত হচ্ছে।
আবার জাতীয় বাঁধাকপি দিবসে তিনি কিছুক্ষণ বাঁধাকপির দিকে গভীর মনোযোগ দিয়ে তাকিয়ে ছিলেন। এমন আয়োজনের মধ্য দিয়ে তিনি দেখিয়েছেন, সব দিবস পালনের জন্য বড় কোনো অনুষ্ঠান কিংবা বিশেষ প্রস্তুতির প্রয়োজন হয় না।
তবে এসব দিবসকে কীভাবে দেখা উচিত, তা নিয়ে প্রশ্ন থেকেই যায়। এগুলো কি দৈনন্দিন জীবনে সামান্য আনন্দ যোগ করার নিরীহ উপলক্ষ, নাকি নিছক অর্থহীন আয়োজন?
হয়তো এ প্রশ্নের উত্তর খুঁজতে ডিসেম্বরের ‘সিদ্ধান্ত নেওয়ার দিবস’ পর্যন্ত অপেক্ষা করাই যেতে পারে।












