ঢাকা বিশ্ববিদ্যালয়ের শেখ মুজিবুর রহমান হল সংলগ্ন পকেট গেটের তালা খুলে দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে শনিবার (২১ নভেম্বর) রাত ১০টা ২০ মিনিটে গেটটি খুলে দেওয়া হয়।
এর আগে রাত ৯টা ৫০ মিনিটের দিকে গেটটি খুলে দেওয়ার দাবিতে আন্দোলনে নামেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলের শিক্ষার্থীরা। প্রথমে তারা জিয়াউর রহমান হলের সামনে জড়ো হন। পরে সেখান থেকে মিছিল নিয়ে শেখ মুজিবুর রহমান হলের পকেট গেটের সামনে গিয়ে বিক্ষোভ শুরু করেন।
আন্দোলনে জিয়াউর রহমান হল, বিজয় একাত্তর হল, কবি জসীম উদ্দীন হল ও সূর্যসেন হলসহ বিভিন্ন হলের শিক্ষার্থীরা অংশ নেন। এ সময় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর মীর মুহাম্মদ আব্দুল্লাহ আল মামুন আলী এবং অধ্যাপক ড. এনামুল হক সজীব। তাদের উপস্থিতিতে শিক্ষার্থীদের ‘ভুয়া, ভুয়া’ স্লোগান দিতেও দেখা যায়।
বিক্ষোভ শুরুর প্রায় ৩০ মিনিটের মধ্যেই প্রশাসন গেটটির তালা খুলে দেয়। এতে শিক্ষার্থীদের দীর্ঘদিনের দাবি পূরণ হলো।
বিশ্ববিদ্যালয় প্রশাসন গত ১৭ নভেম্বর একটি সমন্বয় সভায় নিরাপত্তার স্বার্থে শেখ মুজিবুর রহমান হল সংলগ্ন পকেট গেটটি সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছিল। এরপর থেকে গেটটি বন্ধ থাকায় যাতায়াতে ভোগান্তির অভিযোগ করে আসছিলেন শিক্ষার্থীরা। এ পরিস্থিতিতে গেটটি পুনরায় খুলে দেওয়ার দাবিতে তারা আন্দোলনে নামেন।












