যুক্তরাষ্ট্রের সঙ্গে সামরিক উত্তেজনার মধ্যে নিজেদের ক্ষেপণাস্ত্র সক্ষমতার নতুন প্রদর্শন করল ইরান। দেশটির ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) নতুন একটি দ্বৈত ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণব্যবস্থা উন্মোচন করেছে। এই ব্যবস্থার মাধ্যমে একই সঙ্গে দুটি তরল জ্বালানিচালিত ক্ষেপণাস্ত্র ছোড়া সম্ভব।
রোববার (২২ নভেম্বর) সারাক্ষণ রিপোর্টের প্রতিবেদনে বলা হয়, ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে সম্প্রচারিত একটি ভিডিওতে ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র স্থাপনার ভেতরে নতুন এই উৎক্ষেপণব্যবস্থা দেখানো হয়। আগের ব্যবস্থার তুলনায় এটিকে আরও উন্নত বলে মনে করা হচ্ছে।
আগের ব্যবস্থার চেয়ে কীভাবে উন্নত
ইরানের আগের দ্বৈত উৎক্ষেপণব্যবস্থায় একসঙ্গে দুটি কঠিন জ্বালানিচালিত ক্ষেপণাস্ত্র ছোড়ার সক্ষমতা ছিল। নতুন ব্যবস্থায় ব্যবহার করা হয়েছে তরল জ্বালানিচালিত ক্ষেপণাস্ত্র।
সামরিক প্রযুক্তি বিশ্লেষণে তরল জ্বালানিচালিত ক্ষেপণাস্ত্রের একটি গুরুত্বপূর্ণ সুবিধা হলো, এগুলোর গতি ও গতিপথ নিয়ন্ত্রণে পরিচালকদের তুলনামূলক বেশি সুযোগ থাকে। ফলে নতুন ব্যবস্থাটি ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতায় বাড়তি মাত্রা যোগ করতে পারে।
কোথায় রয়েছে নতুন স্থাপনা
নতুন ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণব্যবস্থাটি ইরানের ঠিক কোন এলাকায় স্থাপন করা হয়েছে, তা প্রকাশ করেনি তেহরান। ভূগর্ভস্থ স্থাপনার ভিডিও প্রকাশ করলেও এর সুনির্দিষ্ট অবস্থান ও কারিগরি সক্ষমতা সম্পর্কে বিস্তারিত জানানো হয়নি।
যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন করে সামরিক সংঘাতের আশঙ্কার মধ্যে এই ব্যবস্থা প্রকাশের বিষয়টি বিশেষ গুরুত্ব পাচ্ছে। ধারণা করা হচ্ছে, নিজেদের সামরিক সক্ষমতা তুলে ধরার পাশাপাশি ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি ধ্বংস হয়ে গেছে বলে যুক্তরাষ্ট্রের অতীত দাবিরও জবাব দিতে চেয়েছে দেশটি।
সামরিক সক্ষমতা বেড়েছে বলে দাবি আইআরজিসির
নতুন ব্যবস্থা উন্মোচনের সময় আইআরজিসির মহাকাশ বাহিনীর কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মাজিদ মুসাভি বলেন, ইরানের সামরিক সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বেড়েছে।
তিনি জানান, দেশের যুদ্ধকাঠামোর সঙ্গে নতুন কিছু চমক এবং কার্যকর সামরিক সরঞ্জাম যুক্ত করা হয়েছে।
তবে নতুন উৎক্ষেপণব্যবস্থার কার্যকারিতা, পাল্লা কিংবা পরীক্ষামূলক উৎক্ষেপণের ফলাফল সম্পর্কে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।
মধ্যপ্রাচ্যে চলমান সামরিক উত্তেজনার মধ্যে ইরানের এই নতুন সক্ষমতা প্রদর্শন দেশটির প্রতিরক্ষা প্রস্তুতি ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।












