সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরার আল আকাহ সৈকতে রাতের অন্ধকারে নীল আলোয় ঝলমল করছে সমুদ্রের ঢেউ। পানির সংস্পর্শে বালু, পায়ের ছাপ কিংবা হাতেও ছড়িয়ে পড়ছে নীলাভ আলোর ঝিলিক। সামুদ্রিক অণুজীবের কারণে সৃষ্ট এই বিস্ময়কর প্রাকৃতিক দৃশ্য দেখতে প্রতিদিন রাতেই সৈকতে ভিড় করছেন স্থানীয় বাসিন্দা ও পর্যটকেরা। বিশেষজ্ঞদের ধারণা, অনুকূল পরিবেশ বজায় থাকলে উপকূলের কিছু এলাকায় আরও তিন সপ্তাহ বা তার বেশি সময় এই দৃশ্য দেখা যেতে পারে।
সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরার আল আকাহ সৈকতে দেখা দেওয়া এই আলোকচ্ছটার নাম বায়োলুমিনেসেন্স বা জৈব-আলোক বিচ্ছুরণ। একই ধরনের দৃশ্য দেখা গেছে খোরফাক্কান সৈকতেও। বিশেষজ্ঞদের মতে, সাম্প্রতিক সময়ে দেশটির উপকূলে দেখা দেওয়া আলোকচ্ছটা তাদের পর্যবেক্ষণ করা সবচেয়ে আকর্ষণীয় প্রদর্শনগুলোর একটি।
সমুদ্রের আলো তৈরির পেছনে যে অণুজীব
এই প্রাকৃতিক আলোর উৎস হলো ‘নকটিলুকা সিন্টিলানস’ (Noctiluca scintillans) নামের এক ধরনের সামুদ্রিক অণুজীব। এটি ‘সি স্পার্কল’ নামেও পরিচিত। অণুবীক্ষণ যন্ত্রে এর কোষগুলোকে গোলাকার ও আধা-স্বচ্ছ দেখা যায়।
খোরফাক্কান বিশ্ববিদ্যালয়ের শারজাহ মেরিন সায়েন্স রিসার্চ সেন্টারের ধারণ করা একটি অণুবীক্ষণিক ছবিতে অণুজীবটির কোষের গঠন তুলে ধরা হয়েছে।
বিশ্ববিদ্যালয়টির সহযোগী অধ্যাপক ড. সিলভানা বিরচেনো জানিয়েছেন, এই অণুজীব সংযুক্ত আরব আমিরাতের উপকূলীয় জলরাশি এবং আরব উপসাগরে মাঝেমধ্যে পাওয়া যায়। পানিতে এদের সংখ্যা বেড়ে গেলে পানির স্বাভাবিক রঙে পরিবর্তন আসতে পারে। রাতের অন্ধকারে তৈরি হয় নীল আলোর ঝলক।
অণুজীবের এই আলোক উৎপাদনই বায়োলুমিনিসেন্স নামে পরিচিত। এটি সমুদ্রের একটি স্বাভাবিক জৈবিক প্রক্রিয়া।
ঢেউয়ে পা রাখলেই ছড়িয়ে পড়ে নীল আলো
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে এই আলোকচ্ছটার অসাধারণ দৃশ্য দেখা যাচ্ছে। দুবাইভিত্তিক আলোকচিত্রী রামি দিবো ফুজাইরার সৈকতে হাঁটার সময় ধারণ করা একটি ভিডিও প্রকাশ করেছেন। সেখানে দেখা যায়, ঢেউয়ের পানিতে পা ও হাত স্পর্শ করতেই চারপাশে নীলাভ আলো ছড়িয়ে পড়ছে। বালুর ওপর হাঁটার সময়ও পায়ের পেছনে তৈরি হচ্ছে আলোর রেখা।
সামাজিক যোগাযোগমাধ্যমে এসব দৃশ্য দেখে অনেকেই গভীর রাতে গাড়ি নিয়ে সৈকতে ছুটছেন।
দুবাইয়ে কর্মরত রামি দিবোও সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও দেখে এই দৃশ্য সরাসরি উপভোগ করতে ফুজাইরা গিয়েছিলেন। দীর্ঘ পথ পাড়ি দিয়ে সৈকতে পৌঁছানোর অভিজ্ঞতাকে তিনি বিশেষ অভিযান হিসেবে বর্ণনা করেছেন।
তার ভাষায়, সৈকতের কাছাকাছি পৌঁছালেই খালি চোখে ঢেউয়ের ওপর নীল আলো দেখা যায়। হাত দিয়ে পানি স্পর্শ করলে কিংবা পানির ওপর পা রাখলেও আলোর ঝিলিক তৈরি হয়। সংযুক্ত আরব আমিরাতে এত বছর থাকার পরও এমন অভিজ্ঞতা আগে হয়নি বলে জানান তিনি।
ভারতীয় প্রবাসী অরুণ অজিত নায়ারও বন্ধুদের সঙ্গে মধ্যরাতের পর ফুজাইরার উদ্দেশে রওনা হন। ভোররাত তিনটার দিকে সেখানে পৌঁছে প্রায় এক ঘণ্টা কাটান তারা।
কেরালায় আগে একবার এমন দৃশ্য দেখলেও সংযুক্ত আরব আমিরাতে এটিই ছিল তার প্রথম অভিজ্ঞতা। তার মতে, এই দৃশ্য দেখার জন্য ফুজাইরা পর্যন্ত দীর্ঘ যাত্রা ছিল সম্পূর্ণ সার্থক।
কেন কখনো দেখা যায়, কখনো হারিয়ে যায় এই আলো
সামাজিক যোগাযোগমাধ্যমে ‘ইউএই ওয়েদারম্যান’ নামে পরিচিত মুহাম্মদ সাজ্জাদ বলেছেন, সংযুক্ত আরব আমিরাতের উপকূলে বায়োলুমিনেসেন্সের এমন আকর্ষণীয় প্রদর্শন তিনি আগে দেখেননি।
তার পর্যবেক্ষণ অনুযায়ী, দেশটির উপকূলে সাধারণত বছরে দুটি সময়ে এই আলোকচ্ছটা দেখা যায়—অক্টোবর থেকে নভেম্বর এবং মার্চ থেকে মে মাসের মধ্যে।
তবে এই ঘটনা ঘটলেই যে সব সময় খালি চোখে আলো দেখা যাবে, তা নয়। এর জন্য কয়েকটি পরিবেশগত শর্ত একসঙ্গে অনুকূলে থাকতে হয়।
পানি উষ্ণ ও শান্ত থাকা, রাতের আকাশ সম্পূর্ণ অন্ধকার থাকা এবং শহরের কৃত্রিম আলো থেকে দূরে থাকা—এসব পরিস্থিতি আলোকচ্ছটা দৃশ্যমান হওয়ার সম্ভাবনা বাড়ায়।
আরও তিন সপ্তাহ দেখা যেতে পারে নীল আলোর সমুদ্র
সমুদ্রের বিভিন্ন মানচিত্র ও পরিবেশগত পরিস্থিতি বিশ্লেষণ করে মুহাম্মদ সাজ্জাদের ধারণা, সংযুক্ত আরব আমিরাতের উপকূলের কিছু এলাকায় আরও তিন সপ্তাহ বা তার বেশি সময় এই আলোকচ্ছটা দেখা যেতে পারে।
তবে এর স্থায়িত্ব নির্ভর করবে স্থানীয় পরিবেশ ও সমুদ্রের অবস্থার ওপর।
বিশেষজ্ঞদের কাছে এটি পরিচিত প্রাকৃতিক ঘটনা হলেও সাধারণ মানুষের জন্য এমন দৃশ্য সরাসরি দেখার সুযোগ খুব বেশি আসে না। তাই ফুজাইরার সৈকতে রাতের নীল আলোর এই প্রদর্শন এখন প্রকৃতিপ্রেমী, আলোকচিত্রী ও পর্যটকদের কাছে বিশেষ আকর্ষণে পরিণত হয়েছে।












