চীনের স্মার্টফোন বাজারে অ্যান্ড্রয়েড ব্র্যান্ডগুলোর মধ্যে শীর্ষস্থান দখল করেছে অনার। ২০২৬ সালের অক্টোবরে প্রতিষ্ঠানটি দেশটির বাজারে ২৫ লাখ ৭৩ হাজার স্মার্টফোন বিক্রি করেছে। এতে চীনের মোট স্মার্টফোন বাজারের ১২ দশমিক ০৪ শতাংশ নিজেদের দখলে নিতে সক্ষম হয়েছে ব্র্যান্ডটি।
অনারের এই সাফল্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে তাদের সর্বশেষ ফ্ল্যাগশিপ স্মার্টফোন সিরিজ ‘ম্যাজিক৯’। সিরিজটির বিক্রির পরিমাণ ইতোমধ্যে ৫ লাখ ইউনিট ছাড়িয়েছে। উন্নত ক্যামেরা প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক বিভিন্ন সুবিধা এবং প্রিমিয়াম নকশার প্রতি ক্রেতাদের আগ্রহ এই বিক্রিতে ভূমিকা রেখেছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
চীনের বাজারে এই অর্জনের পাশাপাশি আন্তর্জাতিক বাজারেও নিজেদের অবস্থান শক্তিশালী করছে অনার। বিশেষ করে মধ্যপ্রাচ্যে সামগ্রিক স্মার্টফোন বাজারে সংকোচন দেখা দিলেও প্রতিষ্ঠানটির বিক্রিতে উল্লেখযোগ্য প্রবৃদ্ধি হয়েছে।
বাজার সংকোচনের মধ্যেও মধ্যপ্রাচ্যে প্রবৃদ্ধি
গবেষণা প্রতিষ্ঠান ওমডিয়ার তথ্য অনুযায়ী, ২০২৬ সালের প্রথম ছয় মাসে মধ্যপ্রাচ্যে অনারের স্মার্টফোন বিক্রি আগের বছরের একই সময়ের তুলনায় ৩৫ শতাংশ বেড়েছে। এই প্রবৃদ্ধির ফলে অঞ্চলটির দ্বিতীয় বৃহত্তম স্মার্টফোন সরবরাহকারী প্রতিষ্ঠানে পরিণত হয়েছে অনার।
অথচ একই সময়ে মধ্যপ্রাচ্যের সামগ্রিক স্মার্টফোন বাজার ১৩ শতাংশ সংকুচিত হয়েছে। বাজারের এমন পরিস্থিতিতেও অনারের প্রবৃদ্ধি অঞ্চলটিতে ব্র্যান্ডটির প্রতিযোগিতামূলক সক্ষমতা ও বাজার সম্প্রসারণের ইঙ্গিত দিচ্ছে।
প্রতিষ্ঠানটির পণ্যসম্ভারে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক প্রযুক্তি, উন্নত ক্যামেরা এবং প্রিমিয়াম নকশার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। একই সঙ্গে ফ্ল্যাগশিপ পর্যায়ের প্রযুক্তি আরও বেশি ক্রেতার কাছে সহজলভ্য করার লক্ষ্য নিয়েও কাজ করছে কোম্পানিটি।
কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক প্রযুক্তিতে নতুন পরিচয়
অনারের সাম্প্রতিক অগ্রযাত্রার পেছনে প্রতিষ্ঠানটির বৈশ্বিক কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক ডিভাইস ইকোসিস্টেম কোম্পানিতে রূপান্তরের কৌশলও রয়েছে। ‘ডেয়ার টু বি’ বা নিজস্ব পরিচয়ে সাহসী হওয়ার দর্শনকে সামনে রেখে প্রযুক্তিপণ্য তৈরির পরিকল্পনা সাজাচ্ছে প্রতিষ্ঠানটি।
এই দর্শনের মূল লক্ষ্য হলো প্রচলিত ধারণাকে চ্যালেঞ্জ করা, ব্যক্তিস্বাতন্ত্র্যকে গুরুত্ব দেওয়া এবং প্রযুক্তির মাধ্যমে নতুন সম্ভাবনা অনুসন্ধানে ব্যবহারকারীদের উৎসাহিত করা।
স্মার্টফোন ব্যবহারে সৃজনশীলতা ও ব্যক্তিগত অভিব্যক্তির গুরুত্ব বাড়ার সঙ্গে তাল মিলিয়ে ছবি ধারণ, কনটেন্ট তৈরি এবং অভিজ্ঞতা ভাগাভাগির নতুন সুযোগ তৈরিতে কাজ করছে অনার। চীনের বাজারে শীর্ষস্থান অর্জন এবং মধ্যপ্রাচ্যে প্রবৃদ্ধি—দুই অর্জনই আন্তর্জাতিক স্মার্টফোন বাজারে প্রতিষ্ঠানটির অবস্থান শক্তিশালী করার ধারাকে তুলে ধরছে।












