মাদারীপুরে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় পেট্রলবোমা নিক্ষেপ করে আগুন দেওয়ার চেষ্টা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার রাতে সদর উপজেলার কেন্দুয়া ইউনিয়নে এবং শনিবার ভোর ৩টার দিকে শিবচর উপজেলার উমেদপুর ইউনিয়নে এ ঘটনা ঘটে।
মাদারীপুরের পুলিশ সুপার মো. ফজলে এলাহী জানান, সদর উপজেলার শাখায় নিক্ষেপ করা পেট্রলভর্তি বোতলটি ভেঙে গেলেও আগুন ধরেনি। ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করেও হামলাকারীদের শনাক্ত করা সম্ভব হয়নি।
অন্যদিকে, শিবচরের উমেদপুর ইউনিয়নে গ্রামীণ ব্যাংকের শাখায় নিক্ষেপ করা পেট্রলবোমা থেকে সামান্য আগুন ছড়িয়ে পড়ে। তবে ব্যাংক কর্মকর্তারা দ্রুত আগুন নিভিয়ে ফেলেন। এতে ব্যাংকের ভেতরে কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
পুলিশ সুপার আরও জানান, এসব ঘটনায় এখন পর্যন্ত গ্রামীণ ব্যাংক কর্তৃপক্ষ থানায় কোনো লিখিত অভিযোগ বা মামলা করেনি।
গ্রামীণ ব্যাংকের মাদারীপুর অঞ্চলের ব্যবস্থাপক প্রদ্যুৎ কুমার বিশ্বাস বলেন, কেন্দুয়া ইউনিয়নের শাখাটিকে লক্ষ্য করে দুর্বৃত্তরা দুটি পেট্রলবোমা নিক্ষেপ করে। তবে কোনোটিতেই আগুন লাগেনি এবং কোনো ক্ষয়ক্ষতিও হয়নি। ব্যাংকের নৈশপ্রহরী দুর্বৃত্তদের দেখতে পেলে তারা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
পরপর দুটি শাখায় এ ধরনের হামলার ঘটনায় এলাকায় উদ্বেগ তৈরি হয়েছে। তবে হামলার পেছনের উদ্দেশ্য কিংবা জড়িত ব্যক্তিদের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।












