ইয়েমেনের বিভিন্ন রণাঙ্গনে ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীদের লক্ষ্য করে ৬৩৯টি সামরিক অভিযান চালানোর দাবি করেছে দেশটির সশস্ত্র বাহিনী। ‘ইয়েমেনের ভোর’ নামে পরিচালিত এই অভিযানে হুতিদের ৮৬ জন কমান্ডার ও যোদ্ধা নিহত, আহত কিংবা আটক হয়েছেন বলে জানিয়েছে সামরিক বাহিনী।
সামরিক বাহিনীর বিবৃতি অনুযায়ী, জনপ্রতিরোধ বাহিনীর সঙ্গে সমন্বয় করে এই অভিযান পরিচালনা করা হয়েছে। এতে ইয়েমেনে বৈধতা পুনঃপ্রতিষ্ঠায় সহায়তাকারী জোটের বিমানও অংশ নেয়।
অভিযানে হুতিদের বিভিন্ন অবস্থান, সুরক্ষিত ঘাঁটি, অস্ত্র স্থাপনা এবং সামরিক শক্তিবৃদ্ধির উদ্যোগ লক্ষ্যবস্তু করা হয়। এতে বিদ্রোহীদের ৬৪টি যানবাহন ও সামরিক সরঞ্জাম ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়েছে বলে দাবি করেছে ইয়েমেনের সামরিক বাহিনী।
অভিযানে কামান, রকেট ও ড্রোনের ব্যবহার
সামরিক বাহিনীর দেওয়া হিসাব অনুযায়ী, ৬৩৯টি অভিযানের মধ্যে ৫৬০টি ছিল কামানের গোলাবর্ষণ। এ ছাড়া রকেট নিক্ষেপের ২৮টি, ড্রোনের ২৭টি এবং বিমান হামলার ২৪টি ঘটনা ঘটেছে।
মারিব ও জাওফ অঞ্চলে ইয়েমেনের সরকারি বাহিনী আক্রমণাত্মক অভিযান ও পাল্টা হামলা চালায়। পুনর্দখল করা এলাকাগুলোতে স্থলমাইন ও বিস্ফোরক যন্ত্র অপসারণের কাজও করা হয়।
তাইজ শহরে হুতিদের অবরোধ ভাঙার চেষ্টা চালিয়েছে সরকারি বাহিনী ও জনপ্রতিরোধ যোদ্ধারা। এ সময় বিদ্রোহীদের হামলা প্রতিহত করা, অনুপ্রবেশের চেষ্টা ব্যর্থ করা এবং কয়েকটি গুরুত্বপূর্ণ অবস্থান পুনর্দখলের দাবি করেছে তারা।
লাহজ অঞ্চলেও হুতিদের হামলা ও অনুপ্রবেশের চেষ্টা প্রতিহত করা হয়েছে বলে জানিয়েছে সামরিক বাহিনী। এসব সংঘর্ষে বিদ্রোহীদের জনবল ও সামরিক সরঞ্জামের ক্ষয়ক্ষতি হয়েছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।
লোহিত সাগরের নৌপথ নিয়েও হুঁশিয়ারি
ইয়েমেনের সামরিক বাহিনী জানিয়েছে, নির্ধারিত লক্ষ্য অর্জিত না হওয়া পর্যন্ত অভিযান অব্যাহত থাকবে। তাদের ঘোষিত লক্ষ্যগুলোর মধ্যে রয়েছে হুতিদের সামরিক হুমকি মোকাবিলা এবং ইয়েমেন, পার্শ্ববর্তী অঞ্চল ও গুরুত্বপূর্ণ নৌপথের নিরাপত্তা নিশ্চিত করা।
বিশেষ করে লোহিত সাগর এবং বাব আল-মান্দাব প্রণালিতে জাহাজ চলাচলের নিরাপত্তাকে অভিযানের অন্যতম লক্ষ্য হিসেবে উল্লেখ করা হয়েছে।
একই সঙ্গে বেসামরিক নাগরিক ও অবকাঠামো সুরক্ষার প্রতিশ্রুতিও দিয়েছে ইয়েমেনের সামরিক বাহিনী। আন্তর্জাতিক মানবিক আইন মেনে সামরিক অভিযান পরিচালনা করা হবে বলে বিবৃতিতে জানানো হয়েছে।












