মার্কিন যুক্তরাষ্ট্রের উন্নত কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চিপ রপ্তানিতে নতুন বিধিনিষেধ মালয়েশিয়ার সঙ্গে চীনের সম্পর্কের ক্ষেত্রে কোনো প্রভাব ফেলবে না। বেইজিং ও চীনা প্রতিষ্ঠানগুলোর সঙ্গে সহযোগিতা অব্যাহত রাখবে কুয়ালালামপুর। এমনটাই জানিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম।
মঙ্গলবার (২৪ নভেম্বর) প্রকাশিত সাউথ চায়না মর্নিং পোস্টকে দেওয়া এক সাক্ষাৎকারে আনোয়ার ইব্রাহিম বলেন, মালয়েশিয়া চীন কিংবা যুক্তরাষ্ট্র—কোনো পক্ষের দিকেই ঝুঁকে নেই। তবে সাংস্কৃতিক ও আঞ্চলিক সম্পর্কের কারণে চীনের সঙ্গে কাজ করা তুলনামূলক সহজ বলে মনে করেন তিনি।
আনোয়ার বলেন, চীনের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার অর্থ এই নয় যে যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগ ও সহযোগিতা বন্ধ করতে হবে। দুই দেশের সঙ্গেই সম্পর্ক এগিয়ে নিতে চায় মালয়েশিয়া।
তিনি বলেন, অনেকে মনে করেন মালয়েশিয়া চীনের দিকে বেশি ঝুঁকছে। কিন্তু এই ধারণা সঠিক নয়। যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক বজায় রেখেও চীনের সঙ্গে ঘনিষ্ঠ সহযোগিতা সম্ভব।
মার্কিন নিষেধাজ্ঞার প্রভাব কোথায়
চীনের প্রতিষ্ঠানগুলো যাতে উন্নত এআই মডেল প্রশিক্ষণের জন্য প্রয়োজনীয় কম্পিউটিং সক্ষমতা সংগ্রহ করতে না পারে, সে লক্ষ্যেই নতুন রপ্তানি বিধিনিষেধ আরোপ করেছে যুক্তরাষ্ট্র।
নতুন নিয়মে মালয়েশিয়া, সিঙ্গাপুর ও থাইল্যান্ডের মতো দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোতে উন্নত চিপ সরবরাহের ওপর নিয়ন্ত্রণ আরোপ করা হয়েছে। এসব দেশের মাধ্যমে চীনা প্রতিষ্ঠানগুলো উন্নত কম্পিউটিং সক্ষমতা ব্যবহারের সুযোগ পেয়েছে বলে যুক্তরাষ্ট্রের উদ্বেগ রয়েছে।
আনোয়ার ইব্রাহিম জানান, মার্কিন প্রতিষ্ঠানের চিপ রপ্তানির ক্ষেত্রে ওয়াশিংটনের নির্ধারিত শর্তগুলো মালয়েশিয়া পর্যবেক্ষণ করবে। একইভাবে চীনা প্রতিষ্ঠানগুলোও বেইজিংয়ের নিয়ম মেনে চলছে কি না, তা নজরদারিতে রাখা হবে।
তিনি বলেন, যুক্তরাষ্ট্র যদি কোনো কোম্পানিকে চীনে চিপ রপ্তানি না করার শর্ত দেয়, তাহলে মালয়েশিয়া সেই চুক্তির শর্ত মেনে চলবে। তবে এর অর্থ এই নয় যে চীনের সঙ্গে কাজ করা, চীনা বিনিয়োগ গ্রহণ কিংবা চীনা প্রতিষ্ঠানগুলোর সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক গড়ে তোলার সিদ্ধান্ত থেকে মালয়েশিয়া সরে আসবে।

সরবরাহব্যবস্থা সুরক্ষায় বিদেশি বিনিয়োগ
মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আরও বলেন, দেশের সরবরাহব্যবস্থা বা সাপ্লাই চেইন সুরক্ষিত রাখতে বিদেশি বিনিয়োগকারীদের কাছ থেকে অর্থায়ন নেওয়ার বিষয়টিও বিবেচনা করবে সরকার।
যেসব বিদেশি বিনিয়োগকারী নিজেদের সরবরাহব্যবস্থা সুরক্ষায় মালয়েশিয়া সরকারের সহযোগিতা চাইবেন, তাদের কাছ থেকে বিনিয়োগ ও অর্থায়ন নেওয়া হবে।
আনোয়ারের ভাষায়, কেউ সরকারের সহযোগিতা চাইলে তার বিনিময়ে অর্থ দিতে হবে। ব্যবসায়িক সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে মালয়েশিয়া এখন আগের চেয়ে বেশি কৌশলী।
উল্লেখ্য, গত সপ্তাহে চীনের শেনজেনে অনুষ্ঠিত এশিয়া-প্যাসিফিক অর্থনৈতিক সহযোগিতা (এপেক) সম্মেলনের আগে সাউথ চায়না মর্নিং পোস্টকে সাক্ষাৎকারটি দিয়েছিলেন আনোয়ার। সম্মেলনের একপর্যায়ে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গেও বৈঠক করেন তিনি।












