ভারতের সবচেয়ে পরিচিত বোতলজাত পানির ব্র্যান্ড বিসলেরির একটি নমুনায় অনুমোদিত মাত্রার চেয়ে বেশি রাসায়নিক উপাদান পাওয়ার কথা জানিয়েছে দেশটির খাদ্য নিরাপত্তা নিয়ন্ত্রক সংস্থা। এ ঘটনায় প্রতিষ্ঠানটির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার উদ্যোগের পাশাপাশি বাজারে থাকা অন্যান্য কোম্পানির বোতলজাত পানিও পরীক্ষার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।
ভারতের খাদ্য নিরাপত্তা ও মান নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (এফএসএসএআই) জানিয়েছে, বিসলেরির পানির একটি নমুনায় নির্ধারিত সীমার বেশি ব্রোমেট পাওয়া গেছে। পরবর্তী পরীক্ষায় পলিনিউক্লিয়ার অ্যারোমেটিক হাইড্রোকার্বন (পিএএইচ) নামের আরেকটি রাসায়নিক উপাদানের উপস্থিতির কথাও জানানো হয়েছে।
ভারতের বোতলজাত পানির বাজারে বিসলেরি অত্যন্ত পরিচিত একটি নাম। বিশেষ করে পানির মান নিয়ে উদ্বেগ থাকায় দেশটির অনেক পরিবার, রেস্তোরাঁ ও অফিসে বোতলজাত পানির ব্যবহার ব্যাপক। ফলে জনপ্রিয় এই ব্র্যান্ডের নমুনায় নিরাপত্তাসংক্রান্ত ত্রুটির তথ্য ভোক্তাদের মধ্যে উদ্বেগ তৈরি করেছে।
সব কোম্পানির পানির নমুনা পরীক্ষার উদ্যোগ
বিসলেরির বিরুদ্ধে পাওয়া তথ্যের পর দেশজুড়ে প্রতিষ্ঠানটির বিভিন্ন উৎপাদনকেন্দ্র থেকে আরও নমুনা সংগ্রহের পরিকল্পনা করেছে এফএসএসএআই। একই সঙ্গে অন্যান্য কোম্পানির বোতলজাত পানিও পরীক্ষার আওতায় আনা হবে।
সরকারি সূত্র জানিয়েছে, বিসলেরির বিরুদ্ধে আইনি কার্যক্রম শুরুর উদ্যোগ নেওয়া হয়েছে। তবে প্রতিষ্ঠানটি তাদের পানির নিরাপত্তা নিয়ে কোনো সংশয় নেই বলে দাবি করেছে।
এক বিবৃতিতে বিসলেরি জানিয়েছে, পানির নিরাপত্তা তাদের কাছে সর্বোচ্চ অগ্রাধিকার। উৎপাদন ও মান নিয়ন্ত্রণের প্রতিটি পর্যায়ে কঠোর ব্যবস্থা অনুসরণ করা হয়। নিয়ন্ত্রক সংস্থার সঙ্গে সহযোগিতা করার কথাও জানিয়েছে প্রতিষ্ঠানটি।
বিসলেরির দাবি, দেশজুড়ে তাদের ১৩০টি উৎপাদনকেন্দ্র, ৫ হাজার ৯৮০ জন পরিবেশক এবং ৮ হাজার ২৭০টি পরিবহন ট্রাক রয়েছে।
কী পাওয়া গেছে পানির নমুনায়
এফএসএসএআইয়ের তথ্য অনুযায়ী, বিসলেরির একটি উৎপাদনকেন্দ্র থেকে সংগ্রহ করা নমুনায় ব্রোমেটের পরিমাণ নির্ধারিত সীমা অতিক্রম করেছে।
ব্রোমেট হলো জীবাণুমুক্ত করার নির্দিষ্ট প্রক্রিয়ায় উপজাত হিসেবে তৈরি হতে পারে এমন একটি রাসায়নিক পদার্থ। পানীয় জলে এর উপস্থিতি নির্দিষ্ট সীমার মধ্যে রাখতে হয়। ভারতে প্রতি লিটারে ব্রোমেটের অনুমোদিত সর্বোচ্চ মাত্রা ১০ মাইক্রোগ্রাম।
বিসলেরি জানিয়েছে, গোয়ার উৎপাদনকেন্দ্র থেকে ২০২৫ সালে সংগ্রহ করা নমুনায় প্রতি লিটারে ১২ মাইক্রোগ্রাম ব্রোমেট পাওয়া গিয়েছিল। তবে প্রতিষ্ঠানটির উদ্যোগে পরবর্তী সময়ে পরিচালিত স্বাধীন পরীক্ষায় এই রাসায়নিকের মাত্রা অনুমোদিত সীমার মধ্যে ছিল বলে দাবি করা হয়েছে।
প্রাথমিক পরীক্ষার ফল চ্যালেঞ্জ করে বিসলেরি আপিল করলেও নিয়ন্ত্রক সংস্থা নমুনাটিকে অনিরাপদ বলে বিবেচনা করে। পরবর্তী পরীক্ষায় পলিনিউক্লিয়ার অ্যারোমেটিক হাইড্রোকার্বন বা পিএএইচ শনাক্ত হওয়ার কথাও জানায় সংস্থাটি।
পিএএইচ এমন এক ধরনের রাসায়নিক যৌগ, যার কয়েকটি উপাদানের সঙ্গে বিষক্রিয়া, জিনগত পরিবর্তন এবং ক্যানসারের ঝুঁকির সম্পর্ক রয়েছে বলে বৈজ্ঞানিক গবেষণায় উল্লেখ করা হয়েছে।
বিসলেরির দাবি, সংশ্লিষ্ট পণ্য বাজারে নেই
বিসলেরি জানিয়েছে, তাদের পানির মান নিয়ে নিয়ন্ত্রক সংস্থার সঙ্গে আলোচনা চলছে। প্রতিষ্ঠানটির বক্তব্য, পরীক্ষায় পাওয়া নমুনাটি গোয়ার উৎপাদনকেন্দ্রের এবং ঘটনাটি ২০২৫ সালের।
অন্যদিকে, সরকারি একটি সূত্র জানিয়েছে, সংশ্লিষ্ট উৎপাদন ব্যাচের পণ্য প্রত্যাহার করা হয়েছে এবং পরবর্তী সময়ে পরীক্ষা করা পণ্যগুলোর পানির মানে কোনো সমস্যা পাওয়া যায়নি।
তবে রয়টার্সের দেখা বিসলেরির একটি চিঠিতে দেখা যায়, ২০২৬ সালের ফেব্রুয়ারিতে প্রতিষ্ঠানটি নিয়ন্ত্রক সংস্থাকে জানিয়েছিল, সংশ্লিষ্ট পণ্য বাজারে আর অবশিষ্ট নেই। অর্থাৎ সেগুলো তত দিনে বিক্রি হয়ে গেছে অথবা ভোক্তারা ব্যবহার করেছেন।
এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমেও ব্যাপক প্রতিক্রিয়া দেখা গেছে। ভারতের একাধিক ভোক্তা বিসলেরির পানির নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। এমনকি কিছু দোকানদার সাময়িকভাবে ব্র্যান্ডটির পানি বিক্রি বন্ধ করেছেন বলে স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে উঠে এসেছে।
৩৫০ কোটি ডলারের বাজারে নতুন চাপ
ভারতের বোতলজাত পানির বাজারের মূল্য ৩৫০ কোটি ডলারের বেশি বলে বিভিন্ন শিল্প খাতের হিসাবে উঠে এসেছে। এই বাজারে দীর্ঘদিন ধরে শীর্ষস্থান ধরে রেখেছে বিসলেরি। প্রতিদ্বন্দ্বীদের মধ্যে রয়েছে পেপসিকো, কোকা-কোলা, টাটা এবং মুকেশ আম্বানির রিলায়েন্স কনজিউমার।
২০২৫ সালের মার্চে শেষ হওয়া অর্থবছরে বিসলেরির বার্ষিক বিক্রি ছিল ৩৪ কোটি ৫০ লাখ ডলার।
প্রতিষ্ঠানটি সাম্প্রতিক বছরগুলোতে সংযুক্ত আরব আমিরাতের বাজারেও প্রবেশ করেছে। পাশাপাশি ভারতের বোতলজাত পানির কোম্পানিগুলো সাধারণ পানির পাশাপাশি প্রিমিয়াম মিনারেল ওয়াটার, স্থির ও কার্বনেটেড পানির বাজারেও ব্যবসা সম্প্রসারণ করছে।
ভারতে সাম্প্রতিক সময়ে খাদ্যপণ্যের নিরাপত্তা নিশ্চিত করতে নিয়ন্ত্রক সংস্থাগুলোর তৎপরতা বেড়েছে। খাদ্যপণ্যের লেবেলিংয়ে অনিয়মসহ বিভিন্ন অভিযোগে বড় ব্র্যান্ড ও রেস্তোরাঁ প্রতিষ্ঠানের বিরুদ্ধেও অভিযান চালানো হয়েছে।
বিসলেরির ঘটনায় সেই নজরদারি আরও বিস্তৃত হতে যাচ্ছে। বিশেষ করে অন্যান্য কোম্পানির পানির নমুনা পরীক্ষার সিদ্ধান্ত বাস্তবায়িত হলে ভারতের পুরো বোতলজাত পানির শিল্পকে নতুন করে মান নিয়ন্ত্রণের মুখোমুখি হতে হবে।












