উত্তর আয়ারল্যান্ডের একটি জলাভূমিতে পাওয়া প্রায় ২ হাজার বছরের পুরোনো এক নারীর দেহাবশেষ নিয়ে অনুসন্ধানে চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। প্রত্নতাত্ত্বিক ও বিশেষজ্ঞদের বিশ্লেষণ বলছে, লৌহযুগের ওই নারীকে পরিকল্পিতভাবে শিরশ্ছেদ করে হত্যা করা হয়ে থাকতে পারে। হত্যাকাণ্ডের সঙ্গে কোনো ধর্মীয় আচার বা বলিদানের যোগ ছিল কি না, তা নিয়েও নতুন করে প্রশ্ন উঠেছে।
২০২৩ সালে বেলফাস্টের উত্তর-পশ্চিমে বালিম্যাকম্বস মোর নামের একটি নিরিবিলি গ্রামে দেহাবশেষটি খুঁজে পাওয়া যায়। পরে এটি ‘বালিম্যাকম্বস মোর নারী’ নামে পরিচিতি পায়। উত্তর ইউরোপের জলাভূমিতে প্রাকৃতিকভাবে তৈরি শীতল ও অম্লীয় পরিবেশে দেহটি অস্বাভাবিকভাবে সংরক্ষিত ছিল। এ ধরনের দেহাবশেষকে প্রত্নতত্ত্বের ভাষায় ‘বগ বডি’ বলা হয়। পরিবেশগত বিশেষ অবস্থার কারণে এগুলো অনেকটা মমির মতো সংরক্ষিত থাকে।
সোমবার বেলফাস্টের আলস্টার জাদুঘরে এক বিশেষ জনসম্মুখ অনুসন্ধানের আয়োজন করা হয়। আধুনিক সময়ের ময়নাতদন্ত বা অস্বাভাবিক মৃত্যুর তদন্তের আদলে আয়োজিত এ কার্যক্রমে সভাপতিত্ব করেন উত্তর আয়ারল্যান্ডের একজন জ্যেষ্ঠ করোনার। প্রত্নতত্ত্ব, জীববিজ্ঞান, বস্ত্র গবেষণা ও পরিবেশবিজ্ঞানের বিশেষজ্ঞরা এতে অংশ নেন।
অনুসন্ধানে লৌহযুগের সমাজ ও জলাভূমিতে পাওয়া মানবদেহ নিয়ে দীর্ঘদিন কাজ করা ম্যানচেস্টার বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্বের অধ্যাপক মেলানি গাইলসও তাঁর বিশ্লেষণ তুলে ধরেন।
গাইলস জানান, লৌহযুগের আয়ারল্যান্ডে আনুষ্ঠানিক সমাধির নিদর্শন ছিল অত্যন্ত বিরল। ফলে বালিম্যাকম্বস মোর নারীর মতো আবিষ্কার সে সময়কার মানুষের জীবন, সামাজিক অবস্থান ও মৃত্যুর রীতিনীতি সম্পর্কে জানার গুরুত্বপূর্ণ সুযোগ তৈরি করে।
তাঁর মতে, অল্প বয়সী হলেও ওই নারী সে সময়ের সমাজে গুরুত্বপূর্ণ ও ক্ষমতাশালী অবস্থানে থাকতে পারেন। তবে তাঁর মৃত্যু ছিল সহিংস। কেন তাঁকে হত্যা করা হয়েছিল, সে বিষয়ে এখনো নিশ্চিত হওয়ার মতো তথ্য পাওয়া যায়নি।
গাইলসের ধারণা, ওই নারী শাস্তির শিকার হয়েছিলেন, নাকি বন্দি, জিম্মি কিংবা অন্য কারও অপরাধের দায়ে বলির পাঁঠা হয়েছিলেন—তা স্পষ্ট নয়। তবে দ্রুত ও নির্মমভাবে হত্যার ধরন দেখে তাঁর মনে হয়েছে, এটি কোনো বলিদান অথবা দেবতাদের উদ্দেশে নিবেদিত পবিত্র দূতের মৃত্যুর ঘটনা হয়ে থাকতে পারে।
দুই আঘাতেই বিচ্ছিন্ন হয়েছিল মাথা
খননের সময় দেহটির কঙ্কালের বেশির ভাগ অংশ অক্ষত থাকলেও সেখানে মাথার খুলি পাওয়া যায়নি। কুইন্স ইউনিভার্সিটি বেলফাস্টের অধ্যাপক ও প্রত্নতত্ত্ববিদ আইলিন মারফির বিশ্লেষণে ঘাড়ের ওপরের অংশের কশেরুকায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন পাওয়া গেছে।
তাঁর বিশ্লেষণ অনুযায়ী, ডান দিক থেকে অন্তত দুটি আঘাত করা হয়েছিল। আঘাতগুলো এতটাই গুরুতর ছিল যে তাতে নারীর মাথা শরীর থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যেতে পারে।
মারফির পর্যবেক্ষণে আরও দেখা যায়, দেহটির হাঁটু ভাঁজ করা ছিল। বাঁ পায়ের অবস্থান ও পায়ের আঙুলের বিন্যাস থেকে ধারণা করা হচ্ছে, মৃত্যুর মুহূর্তে ওই নারী হয়তো হাঁটু গেড়ে বসেছিলেন। আঘাতের পর তাঁর শরীর পেছনের দিকে পড়ে যায় এবং ঘুরে যায়—দেহের অবস্থান বিশ্লেষণ করে এমন সিদ্ধান্তে পৌঁছেছেন তিনি।
অনুসন্ধানে অংশ নেওয়া আয়ারল্যান্ডের প্রাচীন নিদর্শনবিষয়ক সাবেক প্রধান কর্মকর্তা ইমন কেলিও মৃত্যুর সঙ্গে আচারভিত্তিক কোনো ঘটনার সম্পর্ক থাকার সম্ভাবনার কথা উল্লেখ করেন। তাঁর মতে, এ বিষয়ে আরও জানতে ওই সময়ের প্রাচীন পৌরাণিক কাহিনি ও ঐতিহাসিক উপাদান নিবিড়ভাবে পরীক্ষা করা প্রয়োজন।
বলিদান, নাকি সাধারণ সহিংসতা—মতভেদ বিশেষজ্ঞদের
লৌহযুগের সাহিত্য ও লোককাহিনিতে মানব বলিদান এবং আচারভিত্তিক হত্যার উল্লেখ থাকলেও প্রত্নতাত্ত্বিক নিদর্শন থেকে কোনো মৃত্যুকে নিশ্চিতভাবে ধর্মীয় আচার হিসেবে চিহ্নিত করা কঠিন বলে মনে করেন কিছু গবেষক।
নেদারল্যান্ডসের ওয়াখেনিনগেন বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক রয় ভ্যান বেক, যিনি এই অনুসন্ধানে অংশ নেননি, বলেন, প্রত্নতাত্ত্বিক প্রমাণের ভিত্তিতে আচারগত হত্যাকাণ্ড ও অন্য ধরনের সহিংসতার মধ্যে পার্থক্য করা কঠিন।
আয়ারল্যান্ডের জলাভূমিতে পাওয়া কিছু দেহাবশেষকে অতীতে রাজতন্ত্র ও সার্বভৌমত্বের ধারণার সঙ্গে যুক্ত করেছেন গবেষকেরা। তবে এ ধরনের ব্যাখ্যার পক্ষে বিশ্বাসযোগ্য প্রমাণ তিনি দেখেননি বলে জানান ভ্যান বেক। তাঁর মতে, এ বিষয়ে নিশ্চিত সিদ্ধান্তে পৌঁছানোর আগে আরও গবেষণা প্রয়োজন।
তা সত্ত্বেও বালিম্যাকম্বস মোর নারীর দেহাবশেষকে গুরুত্বপূর্ণ আবিষ্কার বলে উল্লেখ করেছেন তিনি। তাঁর ভাষ্য, উত্তর ইউরোপে পাওয়া অধিকাংশ জলাভূমির দেহাবশেষ বহু আগে আবিষ্কৃত হয়েছিল। ফলে সেগুলো আধুনিক প্রত্নতাত্ত্বিক পদ্ধতিতে পরীক্ষা করার সুযোগ সীমিত ছিল। অনেক ক্ষেত্রে আবিষ্কারের পর দীর্ঘ সময় পেরিয়ে যাওয়ায় গুরুত্বপূর্ণ প্রমাণও নষ্ট হয়ে থাকতে পারে।
তবে সাম্প্রতিক সময়ে আবিষ্কৃত হওয়ায় বালিম্যাকম্বস মোর নারীর দেহাবশেষ আধুনিক প্রযুক্তি ব্যবহার করে বিস্তারিতভাবে পরীক্ষা করার সুযোগ দিয়েছে। পাশাপাশি দেহটি যেখানে পাওয়া গেছে, সেই স্থানও নিবিড়ভাবে অনুসন্ধানের সুযোগ তৈরি হয়েছে। বিশেষজ্ঞদের মতে, এসব গবেষণা থেকে ওই নারীর জীবন ও মৃত্যুর বিষয়ে আরও অনেক তথ্য পাওয়া যেতে পারে।
অনুসন্ধানের সমাপনী বক্তব্যে করোনার জো ম্যাকক্রিসকেন বলেন, এ ধরনের আয়োজন অতীত সম্পর্কে জ্ঞান বাড়ানোর পাশাপাশি ইতিহাসে হারিয়ে যাওয়া সহিংসতার শিকার একজন নারীর গল্পও সামনে নিয়ে আসে।
তিনি বলেন, দুই হাজার বছরেরও বেশি সময়ের ব্যবধান থাকলেও ওই নারী একসময় তাঁর সমাজের জীবন্ত সদস্য ছিলেন। তাঁর জীবন, মৃত্যু এবং ইতিহাসে অবস্থান সম্পর্কে যতটা সম্ভব ধারণা পুনর্গঠন করাই ছিল এই অনুসন্ধানের উদ্দেশ্য।












