মানবদেহের গুরুত্বপূর্ণ অনেক প্রোটিন নিয়ে গবেষণা করা বিজ্ঞানীদের জন্য দীর্ঘদিনের চ্যালেঞ্জ। জীবন্ত কোষের সুরক্ষিত পরিবেশ থেকে বের করলেই এসব প্রোটিন দ্রুত ভেঙে যায় কিংবা কার্যকারিতা হারায়। ফলে পরীক্ষাগারে এগুলোর গঠন ও আচরণ বিশ্লেষণ করা কঠিন হয়ে পড়ে। এবার গভীর সমুদ্রের প্রচণ্ড তাপ, চাপ ও বিষাক্ত পরিবেশে বেঁচে থাকা এক ধরনের বিশাল সামুদ্রিক কৃমি সেই সমস্যার নতুন সমাধানের পথ দেখাচ্ছে।
সিঙ্গাপুরের বিজ্ঞানীসহ আন্তর্জাতিক একটি গবেষক দল প্রশান্ত মহাসাগরের গভীর সমুদ্রের উষ্ণ প্রস্রবণ এলাকায় বসবাসকারী এসব কৃমির প্রোটিন ব্যবহার করে কোষের গুরুত্বপূর্ণ একটি উপাদান অ্যাকটিন ফিলামেন্ট কীভাবে তৈরি হয়, তার দীর্ঘদিনের রহস্য উন্মোচনে অগ্রগতি অর্জন করেছেন।
গবেষণাটির বিশেষত্ব হলো, এসব কৃমির প্রোটিন প্রচণ্ড তাপমাত্রা, বিপুল পানির চাপ এবং বিষাক্ত রাসায়নিক পরিবেশেও স্থিতিশীল ও কার্যকর থাকে। ফলে মানবদেহের একই ধরনের প্রোটিন নিয়ে গবেষণার জন্য অতিরিক্ত শীতল পরীক্ষাগারের ওপর নির্ভরতা কমানোর সম্ভাবনা তৈরি হয়েছে।
প্রতিকূল পরিবেশে অভিযোজনই গবেষণার সম্পদ
গভীর সমুদ্রের তলদেশে প্রায় ২ হাজার ৫০০ মিটার নিচে বাস করে এসব বিশাল নলাকার সামুদ্রিক কৃমি। সমুদ্রতলের ফাটল দিয়ে বেরিয়ে আসা অতি উত্তপ্ত পানির আশপাশে খনিজ পদার্থের তৈরি চিমনির মতো কাঠামোর গায়ে এদের বসবাস।
সূর্যের আলো যেখানে পৌঁছায় না, সেখানে এসব প্রাণীর জীবনধারণের শক্তির উৎস সূর্য নয়; বরং সমুদ্রতল থেকে নির্গত সালফারজাতীয় রাসায়নিক যৌগ।
ডিউক-এনইউএস মেডিকেল স্কুলের নিউরোসায়েন্স অ্যান্ড বিহেভিয়ারাল ডিসঅর্ডারস গবেষণা কর্মসূচির সহযোগী অধ্যাপক অ্যাডাম ক্ল্যারিজ-চ্যাং বলেন, অস্বাভাবিক জীবনযাপনের সঙ্গে খাপ খাইয়ে নিতে এসব প্রাণী নিজেদের শরীর ও জৈব রাসায়নিক প্রক্রিয়ায় বিশেষ অভিযোজন ঘটিয়েছে।
তাঁর মতে, গবেষণার জন্য এসব কৃমি বিশেষভাবে গুরুত্বপূর্ণ। কারণ তাপসহিষ্ণু ব্যাকটেরিয়া বা ইস্টের মতো এককোষী জীবের তুলনায় এরা অনেক বেশি জটিল প্রাণী। মানুষের মতোই এদের শরীরে রয়েছে বিভিন্ন জটিল জৈবিক ব্যবস্থা।
মানবদেহের প্রোটিন গবেষণায় নতুন সম্ভাবনা
অ্যাকটিন মানবদেহের কোষের অভ্যন্তরীণ কাঠামো গঠন এবং কোষের চলাচল নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অ্যাকটিন অণু একত্র হয়ে ফিলামেন্ট বা তন্তুর মতো কাঠামো তৈরি করে। কোষের আকৃতি বজায় রাখা থেকে শুরু করে বিভিন্ন কার্যক্রম পরিচালনায় এসব কাঠামো প্রয়োজনীয়।

কিন্তু একটি ছোট অণু বা মনোমার কীভাবে একত্র হয়ে বড় অণু বা পলিমারে পরিণত হয়, তা নিয়ে বিজ্ঞানীদের মধ্যে দীর্ঘদিন ধরে প্রশ্ন ছিল।
গভীর সমুদ্রের কৃমির জিনগত তথ্য বিশ্লেষণ এবং তাদের প্রোটিনের গঠন নিয়ে গবেষণা করে আন্তর্জাতিক গবেষক দল এই প্রক্রিয়া সম্পর্কে নতুন তথ্য পেয়েছে।
ক্ল্যারিজ-চ্যাং ব্যাখ্যা করেন, সাধারণত বায়োকেমিস্টরা প্রোটিনের স্থিতিশীলতা বজায় রাখতে কম তাপমাত্রার পরীক্ষাগারে কাজ করেন। বিষয়টি তিনি মাখনের উদাহরণ দিয়ে বোঝান। ঘরের স্বাভাবিক তাপমাত্রায় মাখন নরম হয়ে যায়, কিন্তু ফ্রিজে রাখলে শক্ত থাকে। অনেক প্রোটিনের ক্ষেত্রেও তাপমাত্রার প্রভাব একই রকম।
তবে কিছু প্রোটিন এতটাই অস্থিতিশীল যে চার ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার নিচেও সেগুলোকে কার্যকর অবস্থায় রাখা কঠিন। এর চেয়েও কম তাপমাত্রায় পানি জমে যাওয়ায় পরীক্ষার কাজ জটিল হয়ে পড়ে।
এই সীমাবদ্ধতা কাটাতেই বিজ্ঞানীরা এমন প্রাণীর সন্ধান করেছেন, যাদের প্রোটিন স্বাভাবিকভাবেই উচ্চ তাপমাত্রায় স্থিতিশীল থাকে।
গভীর সমুদ্র থেকে নমুনা সংগ্রহের কঠিন অভিযান
গবেষণার জন্য প্রয়োজনীয় কৃমি সংগ্রহ করাও ছিল বড় চ্যালেঞ্জ। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ২ হাজার ৫০০ মিটার গভীরে এসব প্রাণীর আবাসস্থল হওয়ায় সরাসরি মানুষের পক্ষে সেখানে পৌঁছানো সম্ভব নয়।

এ কারণে গবেষকরা বিশেষায়িত গভীর সমুদ্রের ডুবযান ব্যবহার করেন। এসব ডুবযানে ছিল রোবটিক বাহু, নমুনা সংগ্রহের যান্ত্রিক ব্যবস্থা এবং তাপমাত্রা ও চাপ নিয়ন্ত্রণের বিশেষ চেম্বার।
গবেষণা অভিযানের প্রধান বিজ্ঞানী নাদিন লে ব্রি, যিনি প্যারিস-সরবোন বিশ্ববিদ্যালয়ের সামুদ্রিক জীববিজ্ঞানী, ২০২৫ সালের জিনোম গবেষণার জন্য নমুনা সংগ্রহ ও সরবরাহ করেন।
ক্ল্যারিজ-চ্যাং জানান, পূর্ব প্রশান্ত মহাসাগরীয় রাইজ অঞ্চলের গভীর সমুদ্রের উষ্ণ প্রস্রবণ এলাকায় অভিযান চালিয়ে ডুবযানের চালকেরা রোবটিক বাহু দিয়ে খনিজ চিমনির গা থেকে কৃমির নলাকার আবাসস্থলের অংশ সংগ্রহ করেন।
তবে বড় ও পরিণত কৃমির পরিবর্তে তুলনামূলক ছোট কৃমি সংগ্রহ করা হয়। কারণ গভীর সমুদ্রের বিপুল চাপ থেকে দ্রুত স্বাভাবিক চাপে উঠে আসা, বিষাক্ত রাসায়নিক পরিবেশ হারানো এবং তাপমাত্রার আকস্মিক পরিবর্তন বড় কৃমিগুলোর জন্য প্রাণঘাতী হতে পারে।
এ সমস্যা এড়াতে সংগ্রহ করা নমুনাগুলো বিশেষভাবে তৈরি তাপ-নিরোধক ও সিল করা বাক্সে রাখা হয়। সমুদ্রের তলদেশে উচ্চচাপের বিশেষ চেম্বারে এগুলো জীবিত রাখা হয়, যাতে গবেষণাগারে পৌঁছানো পর্যন্ত তাদের স্বাভাবিক পরিবেশের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য বজায় থাকে।

জীববিজ্ঞানের গবেষণায় নতুন দিগন্ত
এই গবেষণা শুধু গভীর সমুদ্রের অদ্ভুত প্রাণীদের জীবনধারণের কৌশল বোঝার মধ্যেই সীমাবদ্ধ নয়। মানবদেহের কোষের গঠন, প্রোটিনের আচরণ এবং বিভিন্ন জৈবিক প্রক্রিয়া সম্পর্কে আরও নির্ভুল ধারণা পাওয়ার সম্ভাবনাও তৈরি করছে।
বিশেষ করে যেসব মানবপ্রোটিন পরীক্ষাগারে সহজেই ভেঙে যায়, সেগুলোর কার্যপ্রণালি বুঝতে গভীর সমুদ্রের প্রাণীদের প্রোটিন কার্যকর মডেল হিসেবে ব্যবহার করা যেতে পারে।
বিজ্ঞানীদের কাছে এটি একটি গুরুত্বপূর্ণ সম্ভাবনা—প্রকৃতির চরম পরিবেশে অভিযোজিত প্রাণীর জৈবিক বৈশিষ্ট্য কাজে লাগিয়ে মানবদেহের জটিল অণু সম্পর্কে এমন তথ্য পাওয়া, যা প্রচলিত পরীক্ষাগার পদ্ধতিতে জানা কঠিন।












