ভিয়েতনামের অর্থনীতি দ্রুত সম্প্রসারিত হচ্ছে। বিদেশি বিনিয়োগ, রপ্তানি, অবকাঠামো উন্নয়ন এবং প্রযুক্তিশিল্পের বিকাশ দেশটিকে দক্ষিণ-পূর্ব এশিয়ার অন্যতম দ্রুত বর্ধনশীল অর্থনীতিতে পরিণত করেছে। তৈরি পোশাক ও আসবাবপত্রের মতো শ্রমঘন পণ্য থেকে বেরিয়ে স্মার্টফোন, কম্পিউটার ও ইলেকট্রনিক যন্ত্রাংশ উৎপাদনেও বড় অগ্রগতি হয়েছে। একই সঙ্গে বাড়ছে মধ্যবিত্তের সংখ্যা। তবে এই প্রবৃদ্ধির আড়ালে তৈরি হচ্ছে নতুন বৈষম্য। বিদেশি কোম্পানিগুলো অর্থনীতির বড় অংশ নিয়ন্ত্রণ করলেও স্থানীয় ব্যবসা ও সাধারণ শ্রমিকদের কাছে প্রবৃদ্ধির সুফল সমানভাবে পৌঁছাচ্ছে না।
সিঙ্গাপুরভিত্তিক সংবাদমাধ্যম দ্য স্ট্রেইটস টাইমসের এক প্রতিবেদনে উঠে এসেছে, ভিয়েতনামের অর্থনৈতিক সাফল্যের পাশাপাশি সম্পদ বণ্টন, জীবনযাত্রার ব্যয় এবং স্থানীয় শিল্পের সক্ষমতা নিয়ে উদ্বেগও বাড়ছে।
চার দশকের সংস্কারে বদলে গেছে অর্থনীতির চেহারা
১৯৮৬ সালে দই মোই নামে পরিচিত অর্থনৈতিক সংস্কার কর্মসূচি চালু করে ভিয়েতনাম। এর মাধ্যমে বিদেশি বিনিয়োগ ও বেসরকারি উদ্যোগের জন্য অর্থনীতি উন্মুক্ত করা হয়। যুদ্ধ, দারিদ্র্য ও দীর্ঘদিনের অর্থনৈতিক সংকট কাটিয়ে দেশটি ধীরে ধীরে আন্তর্জাতিক উৎপাদন ও বাণিজ্যব্যবস্থার গুরুত্বপূর্ণ অংশ হয়ে ওঠে।
আন্তর্জাতিক মুদ্রা তহবিলের তথ্য অনুযায়ী, ১৯৯০ সালে ভিয়েতনামের মাথাপিছু মোট দেশজ উৎপাদন ছিল প্রায় ১২০ ডলার। ২০২৬ সালে তা বেড়ে ৫ হাজার ২০০ ডলারের বেশি হয়েছে। অর্থাৎ প্রায় ৩৫ বছরে মাথাপিছু উৎপাদন বেড়েছে ৪০ গুণেরও বেশি।
২০২৬ সালের তৃতীয় প্রান্তিকে দেশটির অর্থনীতি আগের বছরের একই সময়ের তুলনায় ৯ দশমিক ৯৫ শতাংশ বেড়েছে। বছরের প্রথম নয় মাসে প্রবৃদ্ধি ছিল ৯ দশমিক ০১ শতাংশ। পুরো বছরে অন্তত ১০ শতাংশ প্রবৃদ্ধির লক্ষ্য নির্ধারণ করেছে সরকার। তবে আইএমএফের পূর্বাভাস অনুযায়ী, প্রকৃত প্রবৃদ্ধি হতে পারে ৮ দশমিক ৪ শতাংশ।
মধ্যবিত্তের সম্প্রসারণও এই পরিবর্তনের বড় দিক। ২০২৩ সালে দেশটির জনসংখ্যার ১৩ শতাংশ মধ্যবিত্ত শ্রেণির অন্তর্ভুক্ত ছিল। ২০২৬ সালে এই হার ২৬ শতাংশে পৌঁছাতে পারে বলে ধারণা করা হচ্ছে।
বিদেশি বিনিয়োগে শক্তিশালী হচ্ছে উৎপাদন খাত
ভিয়েতনামের অর্থনৈতিক সম্প্রসারণের অন্যতম প্রধান চালিকাশক্তি বিদেশি প্রত্যক্ষ বিনিয়োগ। তুলনামূলক কম শ্রমব্যয়, দক্ষ কর্মী, রাজনৈতিক স্থিতিশীলতা, এশিয়ার সরবরাহব্যবস্থার কাছাকাছি অবস্থান এবং বিভিন্ন দেশের সঙ্গে মুক্তবাণিজ্য চুক্তি বিদেশি বিনিয়োগকারীদের আকৃষ্ট করছে।
২০২৬ সালের প্রথম নয় মাসে দেশটিতে নিবন্ধিত বিদেশি প্রত্যক্ষ বিনিয়োগ আগের বছরের একই সময়ের তুলনায় ৭৬ দশমিক ৪ শতাংশ বেড়ে ৫০ দশমিক ৩৬ বিলিয়ন ডলারে পৌঁছেছে। এ সময়ে সবচেয়ে বড় বিনিয়োগকারী ছিল সিঙ্গাপুর।
স্যামসাং এবং অ্যাপলের সরবরাহকারী প্রতিষ্ঠানগুলোর মতো বড় প্রযুক্তি কোম্পানির উপস্থিতিতে উৎপাদন খাতেও পরিবর্তন এসেছে। বর্তমানে উচ্চপ্রযুক্তির পণ্য ভিয়েতনামের মোট রপ্তানির প্রায় ৫০ শতাংশ।
অবকাঠামো খাতেও বড় বিনিয়োগ করছে সরকার। ভিনাক্যাপিটালের প্রধান অর্থনীতিবিদ মাইকেল কোকালারির হিসাব অনুযায়ী, ২০২৬ সালে সরকারি অবকাঠামো ব্যয় আগের বছরের তুলনায় প্রায় ৫০ শতাংশ বাড়তে পারে। এই ব্যয় মোট দেশজ উৎপাদনের প্রায় ৬ শতাংশের সমান।
প্রবৃদ্ধির সঙ্গে বাড়ছে জীবনযাত্রার চাপ
অর্থনীতির সামগ্রিক উন্নতি হলেও সাধারণ মানুষের ক্রয়ক্ষমতা একই গতিতে বাড়ছে না। বিশেষ করে সরকারি চাকরিজীবী ও নির্দিষ্ট বেতনের ওপর নির্ভরশীল কর্মীদের আয় বৃদ্ধির তুলনায় জীবনযাত্রার ব্যয় দ্রুত বাড়ছে।
ভিয়েতনামের অর্থনীতিবিদ বুই নগক সন এ বৈষম্যের একটি উদাহরণ তুলে ধরেছেন। তাঁর হিসাবে, ২০০৮ সালের আগে একটি বাটি ফো স্যুপের দাম ছিল ৫ হাজার ডং। তখন একজন সরকারি কর্মকর্তার মাসিক বেতন ছিল ২৮ লাখ ডং।
বর্তমানে ওই কর্মকর্তার বেতন বেড়ে প্রায় ৯০ লাখ ডং হলেও এক বাটি ফোর দাম হয়েছে ৪০ হাজার ডং। অর্থাৎ খাবারের দাম বেড়েছে আট গুণ, অথচ বেতন বেড়েছে মাত্র তিন গুণ।
আবাসন বাজারেও একই ধরনের বৈষম্য দৃশ্যমান। হ্যানয়ের একটি উচ্চমানের আবাসন প্রকল্পে প্রতি বর্গমিটারের দাম চাওয়া হচ্ছে ১৯ কোটি ডংয়ের বেশি। সম্পত্তি পরামর্শক প্রতিষ্ঠান সিবিআরইর তথ্য অনুযায়ী, এই দাম শহরের নতুন অ্যাপার্টমেন্টের গড় দামের প্রায় দ্বিগুণ এবং পাঁচ বছর আগের দামের প্রায় পাঁচ গুণ।
স্থানীয় শিল্পের সক্ষমতা বাড়ানোই পরবর্তী চ্যালেঞ্জ
বিদেশি বিনিয়োগের মাধ্যমে রপ্তানি ও উৎপাদন বাড়লেও এর অর্থনৈতিক মূল্য কতটা দেশের ভেতরে থাকছে, তা নিয়ে প্রশ্ন রয়েছে। উচ্চপ্রযুক্তির পণ্যের বড় অংশ বিদেশি মালিকানাধীন প্রতিষ্ঠানে উৎপাদিত হচ্ছে। স্থানীয় কোম্পানিগুলোর ভূমিকা এখনো অনেক ক্ষেত্রে সংযোজন ও তুলনামূলক কম মূল্য সংযোজনের কাজের মধ্যে সীমিত।
থাম্মাসাত বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক ব্যবসার অধ্যাপক পাভিদা পানানন্দের মতে, বিদেশি বিনিয়োগ একা দীর্ঘমেয়াদি সমৃদ্ধি নিশ্চিত করতে পারে না। দেশীয় প্রতিষ্ঠানগুলোকে উৎপাদনের উচ্চমূল্য সংযোজন পর্যায়ে উন্নীত হতে হবে।
২০৩০ সালের মধ্যে মাথাপিছু আয় প্রায় ৮ হাজার ৫০০ ডলারে উন্নীত করার লক্ষ্য নিয়েছে ভিয়েতনাম। একই সময়ে ২০২৬ থেকে ২০৩০ সাল পর্যন্ত প্রতিবছর অন্তত ১০ শতাংশ অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনের উচ্চাভিলাষী পরিকল্পনাও রয়েছে।
থাইল্যান্ডের সঙ্গে প্রতিযোগিতায় প্রবৃদ্ধি ও রপ্তানিতে ভিয়েতনাম ইতোমধ্যে এগিয়ে গেলেও শিল্পের গভীরতা এবং স্থানীয় সরবরাহকারী প্রতিষ্ঠানের বিস্তারে থাইল্যান্ড এখনো সুবিধাজনক অবস্থানে রয়েছে।
সামনে টেকসই প্রবৃদ্ধির পরীক্ষা
ভিয়েতনামের জনসংখ্যাগত কাঠামোও অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য ইতিবাচক। কর্মক্ষম জনগোষ্ঠীর অনুকূল অনুপাত আগামী এক দশক অর্থনীতিকে সহায়তা করতে পারে। তবে এই সুবিধা কাজে লাগাতে প্রকৌশল, বিজ্ঞান ও প্রযুক্তি শিক্ষায় বিনিয়োগ বাড়ানো প্রয়োজন।
দেশটির উদ্যোক্তা নগুয়েন থুই কুইন বিদেশি ভাষা শিক্ষার ব্যবসা গড়ে মধ্যবিত্ত শ্রেণিতে উঠে আসার উদাহরণ তৈরি করেছেন। কিন্তু তাঁর অভিজ্ঞতার পাশাপাশি ছোট ব্যবসার জন্য বাড়তি সম্পত্তির দাম ও ভোক্তা চাহিদা কমে যাওয়ার মতো সমস্যাও রয়েছে।
অর্থনীতির পরবর্তী পর্যায়ে ভিয়েতনামের সাফল্য নির্ভর করবে শুধু কত বেশি বিদেশি বিনিয়োগ আসছে বা কত দ্রুত জিডিপি বাড়ছে তার ওপর নয়। বরং সেই প্রবৃদ্ধির কতটা স্থানীয় শিল্প, কর্মসংস্থান, শ্রমিকের আয় এবং সাধারণ মানুষের জীবনযাত্রার মান উন্নয়নে কাজে লাগছে, সেটিই হবে মূল পরীক্ষা।












