রাজকীয় ক্ষমতার বিস্তার আদালত, নির্বাহী বিভাগ ও রাজনৈতিক নেতৃত্বের মধ্যে তৈরি করছে নতুন সংঘাত
মালয়েশিয়ায় সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাকের কারাদণ্ডের বাকি সময় নিজ বাড়িতে কাটানোর সিদ্ধান্ত দেশটির সাংবিধানিক রাজতন্ত্রের ক্ষমতার সীমা নিয়ে নতুন বিতর্ক সৃষ্টি করেছে। রাজপরিবারের ক্রমবর্ধমান প্রভাব শুধু আইনি জটিলতাই বাড়াচ্ছে না, বরং রাজতন্ত্রকে এমন রাজনৈতিক দ্বন্দ্বের মধ্যেও টেনে আনছে, যেখান থেকে সাংবিধানিকভাবে তাদের নিরপেক্ষ থাকার কথা।
মালয়েশিয়ার ১৩টি রাজ্যের মধ্যে নয়টিতে বংশানুক্রমিক শাসক রয়েছেন। এই নয় শাসক পর্যায়ক্রমে পাঁচ বছরের জন্য দেশটির রাজা বা ইয়াং দি-পারতুয়ান আগং হিসেবে দায়িত্ব পালন করেন। তাঁদের ক্ষমতা, দায়িত্ব ও মেয়াদ সংশ্লিষ্ট রাজ্যের সংবিধান এবং কেন্দ্রীয় সংবিধানে নির্ধারিত। তবে রাজনৈতিক বাস্তবতায় এসব বিধানের ব্যাখ্যা নিয়ে ক্রমেই অস্পষ্টতা তৈরি হচ্ছে।
সাম্প্রতিক বিতর্কের কেন্দ্রে রয়েছেন সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাক। ওয়ানএমডিবি দুর্নীতি কেলেঙ্কারির সঙ্গে সংশ্লিষ্ট মামলায় তাঁর সাজা কমানো এবং বাকি কারাদণ্ড বাড়িতে কাটানোর সিদ্ধান্ত দিয়েছেন বর্তমান রাজা, জোহরের সুলতান ইব্রাহিম ইস্কান্দার।
রাজকীয় নির্দেশ বনাম আইনি প্রক্রিয়া
নাজিবের ১২ বছরের কারাদণ্ড ২০২৪ সালে তৎকালীন রাজা পাহাংয়ের সুলতান আবদুল্লাহ আহমদ শাহের আমলে কমিয়ে ছয় বছর করা হয়েছিল। পরবর্তী সময়ে বর্তমান রাজার দেওয়া শর্তসাপেক্ষ ক্ষমার সিদ্ধান্তের ফলে তাঁর অবশিষ্ট দুই বছর কারাভোগ বাড়িতে করার সুযোগ তৈরি হয়।
তবে ৬ নভেম্বর আদালতের দেওয়া একটি অব্যাহতি আদেশের ভাষা অস্পষ্ট হওয়ায় নতুন জটিলতা দেখা দেয়। নাজিব প্রায় ৫০ মিলিয়ন মালয়েশীয় রিঙ্গিত জরিমানার বড় অংশ পরিশোধ করেছেন বলে জানা গেলেও অ্যাটর্নি জেনারেল প্রশ্ন তোলেন, আদালতের আদেশে তাঁর পুরো সাজা বাতিল হয়েছে, নাকি শুধু নির্দিষ্ট বিষয়ে ছাড় দেওয়া হয়েছে।
এর ফলে নাজিবকে কারাগারেই থাকতে হতো এবং দুর্নীতির আরও গুরুতর একটি মামলায় তাঁর ১৫ বছরের নতুন কারাদণ্ড কার্যকর হওয়ার পরিস্থিতি তৈরি হতে পারত। ওই মামলায় ২৩০ কোটি রিঙ্গিতের দুর্নীতির অভিযোগে দণ্ডিত নাজিব আপিল করেছেন।
৭ নভেম্বর রাজা স্পষ্ট করে জানান, নাজিবকে বাড়িতে যাওয়ার সুযোগ না দেওয়া হলে তা রাজকীয় নির্দেশ অমান্যের শামিল হবে। নাজিবের রাজনৈতিক দল ইউনাইটেড মালয়স ন্যাশনাল অর্গানাইজেশন বা ইউএমএনওর সমর্থনের পর অ্যাটর্নি জেনারেল পরবর্তী কর্মদিবসেই আদালতে গিয়ে গৃহবন্দিত্বের বিষয়টি আনুষ্ঠানিক করার উদ্যোগ নেন।
কিন্তু আইনি প্রশ্ন থেকেই যায়। মালয়েশিয়ায় ক্ষমা প্রদানের এখতিয়ার রাজাকে প্রধান করে গঠিত ক্ষমা বোর্ডের। নতুন কোনো ব্যবস্থা, যেমন গৃহবন্দিত্ব, আইনগতভাবে গ্রহণযোগ্য হতে পারে যদি যথাযথ প্রক্রিয়া অনুসরণ করা হয় এবং রাজনৈতিক চাপের কারণে সিদ্ধান্ত দ্রুত কার্যকর না করা হয়।
আইনজীবীদের চ্যালেঞ্জ, আদালতের সামনে তিন প্রশ্ন
মালয়েশিয়ান বার নাজিবের গৃহবন্দিত্বের সাংবিধানিক বৈধতা চ্যালেঞ্জ করে আদালতের দ্বারস্থ হয়েছে। সংগঠনটি কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলেছে।
প্রথমত, নির্দিষ্ট আইনগত বিধান না থাকা সত্ত্বেও গৃহবন্দিত্বের সিদ্ধান্ত কতটা সাংবিধানিক। দ্বিতীয়ত, ক্ষমা বোর্ডের ক্ষমার পাশাপাশি সাজা স্থগিত বা সাময়িক অব্যাহতি দেওয়ার এখতিয়ারের মধ্যে এমন সিদ্ধান্ত পড়ে কি না। তৃতীয়ত, ২০২৪ সালে সাজা অর্ধেক কমানোর পর একই বোর্ড আবার গৃহবন্দিত্বের সুযোগ দিতে পারে কি না।
১৮ নভেম্বর ফাঁস হওয়া ক্ষমা বোর্ডের বৈঠকের কার্যবিবরণী বিতর্ককে আরও গভীর করেছে। এতে দেখা যায়, রাজা অ্যাটর্নি জেনারেল এবং ফেডারেল টেরিটরিজবিষয়ক মন্ত্রী হান্নাহ ইয়োহের পরামর্শের বিপরীতে সিদ্ধান্ত নিয়েছিলেন।
এখন আদালতের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে এই বিতর্কের আইনি পরিণতি। তবে এর বাইরেও বড় প্রশ্ন উঠেছে—ক্ষমা প্রদানের ক্ষেত্রে নির্বাচিত সরকারের পরামর্শের বাইরে রাজপরিবার কত দূর যেতে পারে? রাজকীয় বিশেষ ক্ষমতার অন্য ক্ষেত্রেও কি একই ধরনের বিস্তৃত ব্যাখ্যা প্রয়োগ করা সম্ভব?
নেগেরি সেমবিলানে সিংহাসন নিয়ে দ্বন্দ্ব
মালয়েশিয়ার নেগেরি সেমবিলান রাজ্যেও রাজকীয় ক্ষমতা ও সংবিধানের ব্যাখ্যা নিয়ে দীর্ঘস্থায়ী বিরোধ চলছে।
এপ্রিল মাসে রাজ্যের চার আঞ্চলিক প্রধান, যাঁরা উন্দাং নামে পরিচিত, দাবি করেন যে সিংহাসন শূন্য হয়েছে। এরপর আগস্টে আগাম নির্বাচনে ইউএমএনও ক্ষমতায় ফিরে আসে। দলটি উন্দাংদের বর্তমান শাসককে সরিয়ে দেওয়ার উদ্যোগকে সমর্থন করায় রাজ্যে শাসনসংক্রান্ত সংকট তৈরি হয়।
রাজ্যের শাসক ইয়াং দি-পারতুয়ান বেসার বা ইয়ামতুয়ান নিয়োগ ও অপসারণের নিয়ম নিয়ে অস্পষ্টতার কারণে দুই পক্ষের মধ্যে সিংহাসনের দাবি তৈরি হয়েছে। এ ক্ষেত্রে প্রচলিত মাতৃসূত্রীয় প্রথাভিত্তিক আইন আদাত পেরপাতিহ এবং রাজ্য সংবিধান—দুটিই গুরুত্বপূর্ণ।
রাজ্য সংবিধান অনুযায়ী, কোনো শাসককে অপসারণের আগে তাঁর শাসনক্ষমতা ও দায়িত্ব পালনের যোগ্যতা নিয়ে আনুষ্ঠানিক তদন্ত প্রয়োজন। কিন্তু রাজ্যের সর্বোচ্চ প্রথা ও রাজপরিবারবিষয়ক কর্তৃপক্ষ দেওয়ান কেয়াদিলান দান উন্দাংয়ের মাধ্যমে এমন কোনো প্রক্রিয়া সম্পন্ন হয়নি। উন্দাংরা নিজেরাই তদন্তের উদ্যোগ নিয়ে দ্রুত বর্তমান শাসক মুহরিজ মুনাওয়ারকে অপসারণের সিদ্ধান্তে পৌঁছান।
অন্যদিকে, উন্দাংদের সিদ্ধান্তের সমর্থকেরা এবং সিংহাসনের দাবিদার মুহরিজের চাচাতো ভাই নাদজারউদ্দিন জাফর মনে করেন, আদাত পেরপাতিহ অনুযায়ী সিংহাসনের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা উন্দাংদের রয়েছে।
এই বিরোধে রাজনৈতিক বিভাজনও যুক্ত হয়েছে। প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের জোট পাকাতান হারাপান দুই মেয়াদ ধরে নেগেরি সেমবিলান শাসন করেছিল। কিন্তু ইউএমএনও অভিযোগ তোলে, তৎকালীন মুখ্যমন্ত্রী আমিনুদ্দিন হারুন উন্দাংদের সিদ্ধান্ত মেনে নিতে অস্বীকৃতি জানিয়ে রাজপরিবারের বিষয়ে হস্তক্ষেপ করেছেন।
বাজেটের চাপে রাজনৈতিক অবস্থান পরিবর্তন
সংকটের মধ্যে ২০২৭ সালের রাজ্য বাজেট পাস করা জরুরি হয়ে পড়ে। তা না হলে সরকারি কার্যক্রমে অচলাবস্থা তৈরির আশঙ্কা ছিল। এই বাস্তবতায় ইউএমএনও অবস্থান পরিবর্তন করে।
১০ নভেম্বর বর্তমান মুখ্যমন্ত্রী ইসমাইল লাসিম ও তাঁর মন্ত্রিসভা ১৭ সেপ্টেম্বর শাসকদের সম্মেলনে পাঠানো আগের চিঠি প্রত্যাহার করেন। ওই চিঠিতে নাদজারউদ্দিনকে ইয়ামতুয়ান হিসেবে স্বীকৃতি দেওয়ার কথা বলা হয়েছিল। নতুন সিদ্ধান্তে মুহরিজকেই বৈধ শাসক হিসেবে আনুষ্ঠানিক স্বীকৃতি দেওয়া হয়।
দুই সংকটেই অ্যাটর্নি জেনারেল দুসুকি মোকতার সাংবিধানিক ক্ষমতার সীমা নির্ধারণ নিয়ে জটিল অবস্থায় পড়েছেন। নেগেরি সেমবিলানের ঘটনায় তিনি যুক্তি দিয়েছিলেন, রাজ্যের ইয়ামতুয়ান মুখ্যমন্ত্রী ছাড়া পুরো মন্ত্রিসভাকে বরখাস্ত করতে পারেন, কারণ অন্য সদস্যরা তাঁর ইচ্ছাধীন দায়িত্ব পালন করেন।
কিন্তু অ্যাটর্নি জেনারেল নিজেও আনুষ্ঠানিকভাবে রাজার সন্তুষ্টি অনুযায়ী দায়িত্ব পালন করেন। ফলে প্রশ্ন উঠেছে, নাজিবের গৃহবন্দিত্ব নিয়ে রাজকীয় ক্ষমতার চ্যালেঞ্জকে যিনি রাজকীয় বিশেষাধিকারের অবমাননা হিসেবে দেখছেন, সেই রাজা কি অ্যাটর্নি জেনারেলকেও অপসারণ করতে পারেন?
রাজপ্রাসাদ ও নির্বাচিত সরকারের অগ্রাধিকার যখন মুখোমুখি দাঁড়ায়, তখন শীর্ষ আইন কর্মকর্তাদের অবস্থান কতটা অনিশ্চিত হয়ে পড়ে, এই বিতর্ক তারই উদাহরণ।
সাংবিধানিক রাজতন্ত্রের সীমা কোথায়
সাংবিধানিক রাজতন্ত্রের মূল ভিত্তি হলো, রাজা বা শাসক নির্বাচিত নির্বাহী বিভাগের পরামর্শ অনুযায়ী দায়িত্ব পালন করবেন। মালয়েশিয়াতেও সাধারণভাবে এই নীতি অনুসরণ করার কথা। তবে প্রধানমন্ত্রী বা মুখ্যমন্ত্রী নিয়োগ এবং আইনসভা ভেঙে দেওয়ার অনুমতি প্রত্যাখ্যানের মতো কিছু ক্ষেত্রে শাসকদের বিশেষ ক্ষমতা রয়েছে।
সময়ের সঙ্গে এসব বিশেষ ক্ষমতার ব্যাখ্যা বিস্তৃত হয়েছে। ফলে রাজপরিবারের প্রভাব এবং নির্বাচিত সরকারের সাংবিধানিক কর্তৃত্বের মধ্যে সীমারেখা ক্রমেই বিতর্কিত হয়ে উঠছে।
নাজিবের গৃহবন্দিত্ব এবং নেগেরি সেমবিলানের সিংহাসনসংক্রান্ত বিরোধ একই ধরনের একটি সংকট সামনে এনেছে। তা হলো, রাজকীয় বিশেষাধিকার প্রয়োগের ক্ষেত্রে সংবিধান, প্রচলিত প্রথা এবং নির্বাচিত সরকারের পরামর্শের মধ্যে কোনটি চূড়ান্ত কর্তৃত্ব বহন করবে।
মালয়েশিয়ার আদালত এখন নাজিবের গৃহবন্দিত্বের আইনি বৈধতা নির্ধারণ করবে। কিন্তু বৃহত্তর প্রশ্নটির উত্তর শুধু একটি মামলার রায়ের মধ্যেই সীমাবদ্ধ নয়। দেশটির সাংবিধানিক রাজতন্ত্রের ভবিষ্যৎ স্থিতিশীলতা নির্ভর করছে রাজকীয় ক্ষমতার সীমা কতটা স্পষ্টভাবে নির্ধারিত হয় এবং সেই সীমা সব পক্ষ কতটা মেনে চলে, তার ওপর।












