ভারতের সঙ্গে সম্পর্কের নতুন সমীকরণ গড়তে চান বালেন্দ্র শাহ, সহযোগিতার পাশাপাশি অমীমাংসিত সীমান্ত বিরোধও থাকবে আলোচনায়
নেপালের নতুন প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহের প্রথম দ্বিপক্ষীয় বিদেশ সফর ঘিরে ভারত-নেপাল সম্পর্কে নতুন সম্ভাবনা ও কূটনৈতিক চ্যালেঞ্জ সামনে এসেছে। দায়িত্ব নেওয়ার পর প্রথম বিদেশ সফরে ২৩ নভেম্বর ২০২৬ ভারতে পৌঁছেছেন ৩৬ বছর বয়সী এই নেতা। সোমবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে তাঁর প্রথম সরাসরি বৈঠক হওয়ার কথা।
নেপালের প্রধানমন্ত্রীদের সাধারণত দায়িত্ব গ্রহণের পর প্রথম বিদেশ সফরে ভারত যাওয়ার রীতি রয়েছে। তবে বালেন্দ্র শাহের এবারের সফরটি বিশেষ তাৎপর্যপূর্ণ। কারণ, তিনি ক্ষমতায় এসেছেন পুরোনো রাজনৈতিক ব্যবস্থার বিরুদ্ধে তরুণদের ব্যাপক আন্দোলনের মধ্য দিয়ে। তাঁর রাজনৈতিক অবস্থানের কেন্দ্রে রয়েছে ‘নেপাল ফার্স্ট’ নীতি—অর্থাৎ দেশের স্বার্থ, অর্থনৈতিক সক্ষমতা ও অভ্যন্তরীণ উন্নয়নকে অগ্রাধিকার দেওয়া।
পুরোনো রাজনৈতিক বলয়ের বাইরে নতুন নেতৃত্ব
র্যাপার থেকে রাজনীতিতে আসা বালেন্দ্র শাহ কাঠমান্ডুর মেয়র হিসেবে প্রশাসনিক দক্ষতা ও উন্নয়ন কর্মকাণ্ডের মাধ্যমে পরিচিতি পান। পরে তরুণদের সমর্থনে জাতীয় রাজনীতিতে উত্থান ঘটে তাঁর।
প্রধানমন্ত্রী হওয়ার পর তিনি মন্ত্রী ও কর্মকর্তাদের অভ্যন্তরীণ সমস্যা সমাধানে মনোযোগ দেওয়ার নির্দেশ দেন। এমনকি রাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রীর পর্যায়ের বৈঠক ছাড়া বিদেশি মন্ত্রী ও জ্যেষ্ঠ কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ এবং বিদেশ সফরের ওপরও বিধিনিষেধ আরোপ করেছিলেন।
এ কারণে এপ্রিল-মে মাসে দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক মার্কিন দূত সার্জিও গোর কাঠমান্ডু সফর করলেও তাঁর সঙ্গে বৈঠক হয়নি। একই সময়ে ভারতের পররাষ্ট্রসচিব বিক্রম মিশ্রির নেপাল সফরও বাতিল হয়।
পরবর্তী সময়ে সীমান্ত বিরোধ নিয়ে শাহের বক্তব্য দুই দেশের সম্পর্কে অস্বস্তি তৈরি করে। তিনি ভারত ও নেপাল উভয়ের বিরুদ্ধে পরস্পরের ভূখণ্ডে অনুপ্রবেশের অভিযোগ তুলে বিরোধ নিষ্পত্তিতে চীন ও যুক্তরাজ্যের সম্পৃক্ততার কথা বলেছিলেন। ভারত এ প্রস্তাব প্রত্যাখ্যান করে।
তবে জুনে নেপালের পররাষ্ট্রমন্ত্রী শিশির খানাল এবং শাহের দল রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টির প্রধান রবি লামিছানের ভারত সফরের পর পরিস্থিতি কিছুটা সহজ হয়। আগস্টে নেপালে ভয়াবহ বন্যার সময় ভারতের সহায়তাও দুই দেশের যোগাযোগ বাড়ানোর প্রয়োজনীয়তা সামনে আনে।
বাণিজ্য ও বিনিয়োগে ভারতের ওপর নির্ভরতা
রাজনৈতিক অবস্থান যতই আলাদা হোক, অর্থনৈতিক বাস্তবতায় ভারতের সঙ্গে নেপালের সম্পর্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ।
ভারত নেপালের সবচেয়ে বড় বাণিজ্য, পরিবহন ও বিনিয়োগ অংশীদার। নেপালি পণ্য ভারতের বাজারে শুল্কমুক্ত প্রবেশাধিকার পায়। নেপালের মোট পণ্য রপ্তানির প্রায় ৮০ শতাংশ যায় ভারতের বাজারে। একই সঙ্গে নেপালে মোট প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগের প্রায় এক-তৃতীয়াংশের উৎস ভারত।
এই অর্থনৈতিক সম্পর্কই দুই দেশের সহযোগিতা বাড়ানোর অন্যতম প্রধান ভিত্তি।
জ্বালানি: ১০ হাজার মেগাওয়াট বিদ্যুৎ বাণিজ্যের সম্ভাবনা
দুই দেশের আলোচনায় জ্বালানি সহযোগিতা বিশেষ গুরুত্ব পেতে পারে।
দীর্ঘমেয়াদি বিদ্যুৎ বাণিজ্য চুক্তির আওতায় আগামী ১০ বছরে নেপাল থেকে সর্বোচ্চ ১০ হাজার মেগাওয়াট বিদ্যুৎ আমদানির পরিকল্পনা রয়েছে ভারতের। বর্তমানে ভারত বছরে নেপাল থেকে প্রায় ১ হাজার ২০০ মেগাওয়াট বিদ্যুৎ আমদানি করে।
নেপালে জলবিদ্যুৎ প্রকল্প উন্নয়নেও ভারতীয় প্রতিষ্ঠানগুলো যুক্ত। এর মধ্যে নির্মাণাধীন ৯০০ মেগাওয়াটের অরুণ-৩ জলবিদ্যুৎ প্রকল্প উল্লেখযোগ্য।
এ ছাড়া ২০১৯ সালে চালু হওয়া মতিহারি-আমলেখগঞ্জ আন্তসীমান্ত জ্বালানি পাইপলাইন নেপালে জ্বালানি সরবরাহ সহজ করেছে। এর দ্বিতীয় পর্যায়ের কাজও বাস্তবায়িত হয়েছে। এখন নতুন পাইপলাইন ও জ্বালানি টার্মিনাল নির্মাণের সম্ভাবনা নিয়ে দুই দেশ আলোচনা করছে।
কৃত্রিম বুদ্ধিমত্তা ও নতুন প্রযুক্তিতে সহযোগিতা
তরুণ নেতৃত্বের প্রতিনিধিত্বকারী শাহ সরকারের সঙ্গে প্রযুক্তি ও উদ্ভাবন খাতে সহযোগিতা বাড়াতে আগ্রহী ভারত।
২০২৫ সাল থেকে ভারত-নেপাল স্টার্টআপ পার্টনারশিপ নেটওয়ার্কের আওতায় নেপালের বেশ কয়েকটি নতুন উদ্যোগ ভারতের সহযোগিতায় প্রশিক্ষণ পেয়েছে। এ কার্যক্রমে আইআইটি মাদ্রাজ ও এর ইনকিউবেশন সেন্টার প্রবর্তক যুক্ত রয়েছে।
দুই দেশ ভাষাভিত্তিক কৃত্রিম বুদ্ধিমত্তা, ডিজিটাল সরকারি অবকাঠামো এবং অন্তর্ভুক্তিমূলক ডিজিটাল ব্যবস্থা গড়ে তোলার জন্য যৌথ কাঠামো তৈরির কাজও করছে।
শিক্ষা, ক্রিকেট ও পর্যটনে নতুন সম্ভাবনা
শিক্ষা খাতেও সহযোগিতা বাড়ানোর আলোচনা রয়েছে। নেপালের শিক্ষার্থীদের জন্য ভারত প্রতিবছর স্কুল থেকে পিএইচডি পর্যায় পর্যন্ত প্রায় ১ হাজার ৫০০টি বৃত্তি দিয়ে থাকে। দুই দেশ নেপালে একটি আইআইটি ক্যাম্পাস স্থাপনের সম্ভাবনাও বিবেচনা করছে।
খেলাধুলায় বিশেষ করে ক্রিকেটে সহযোগিতা বাড়ছে। নেপালের তরুণদের মধ্যে ক্রিকেটের জনপ্রিয়তা দ্রুত বেড়েছে। দেশটির নেপাল প্রিমিয়ার লিগও বড় বাণিজ্যিক সম্ভাবনা তৈরি করেছে।
পর্যটনেও ভারতের গুরুত্ব রয়েছে। নেপালের গত অর্থবছরে আকাশপথে দেশটিতে ৩ লাখ ১১ হাজার ভারতীয় পর্যটক প্রবেশ করেছেন। সড়কপথে আসা পর্যটকদের সংখ্যা এর বাইরে।
রামায়ণ ও বৌদ্ধ সার্কিটের মতো যৌথ পর্যটনপথ উন্নয়নে দুই দেশ কাজ করছে। ৫ নভেম্বর জনকপুরধাম থেকে অযোধ্যা পর্যন্ত নতুন সরাসরি যাত্রীবাহী ট্রেনের পরীক্ষামূলক চলাচলও হয়েছে। এতে দুই দেশের ধর্মীয় পর্যটন আরও সহজ হওয়ার সম্ভাবনা রয়েছে।
সবচেয়ে কঠিন প্রশ্ন সীমান্ত বিরোধ
সহযোগিতার এতগুলো ক্ষেত্র থাকলেও বালেন্দ্র শাহের সফরে সবচেয়ে স্পর্শকাতর বিষয় হতে পারে সীমান্ত ব্যবস্থাপনা।
কালাপানি, লিম্পিয়াধুরা ও লিপুলেখ অঞ্চল নিয়ে ভারত ও নেপালের বিরোধ দীর্ঘদিনের। ২০২০ সালে তৎকালীন প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলির সরকারের সময় নেপাল নতুন রাজনৈতিক মানচিত্র প্রকাশ করে এসব অঞ্চলকে নিজেদের ভূখণ্ড হিসেবে অন্তর্ভুক্ত করে। ভারতের উত্তরাখণ্ড রাজ্যের অন্তর্ভুক্ত এসব অঞ্চল নিয়ে নেপালের অবস্থান পরবর্তী সরকারগুলোর জন্যও রাজনৈতিকভাবে সংবেদনশীল হয়ে উঠেছে।
এ বিরোধে চীনের প্রভাব বিস্তারের প্রচেষ্টাও ভারতের উদ্বেগের কারণ।
তবে সীমান্ত বিরোধের পাশাপাশি প্রতিরক্ষা ও নিরাপত্তা সহযোগিতাও দুই দেশের সম্পর্কের গুরুত্বপূর্ণ ভিত্তি। অগ্নিবীর নিয়োগব্যবস্থা নিয়ে নেপালি গোর্খা সেনাদের মধ্যে তৈরি হওয়া অসন্তোষ স্থায়ী কমিশনের সুযোগ দেওয়ার মাধ্যমে প্রশমিত করার উদ্যোগ নেওয়া হয়েছে। মাদক পাচার, আন্তসীমান্ত অপরাধ ও অর্থপাচার প্রতিরোধেও দুই দেশের সহযোগিতা রয়েছে।
নতুন সম্পর্কের পরীক্ষা
বালেন্দ্র শাহের রাজনৈতিক উত্থানের অন্যতম ভিত্তি ছিল পুরোনো রাজনৈতিক সংস্কৃতি থেকে বেরিয়ে আসার প্রতিশ্রুতি। ফলে ভারতের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে তাঁকে একদিকে নেপালের সার্বভৌমত্ব ও জাতীয় স্বার্থের প্রশ্নে কঠোর অবস্থান বজায় রাখতে হবে, অন্যদিকে অর্থনীতি, জ্বালানি, বাণিজ্য ও বিনিয়োগের বাস্তব প্রয়োজনও বিবেচনায় নিতে হবে।
দিল্লির জন্যও এটি নতুন নেতৃত্বের সঙ্গে সম্পর্কের ধরন নির্ধারণের সুযোগ। সীমান্ত বিরোধের সমাধান সহজ না হলেও অর্থনৈতিক ও কৌশলগত সহযোগিতার বিস্তৃত ক্ষেত্র দুই দেশকে আলোচনার টেবিলে রাখবে।












