বাংলাদেশে ব্যাটারিচালিত রিকশার নিরাপদ, অন্তর্ভুক্তিমূলক ও টেকসই ব্যবহার নিশ্চিত করতে নীতিনির্ধারণী সংলাপের আয়োজন করেছে ব্র্যাক। মঙ্গলবার ২৪ নভেম্বর ঢাকায় অনুষ্ঠেয় এই সংলাপে ব্যাটারিচালিত রিকশার রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিক বাস্তবতা নিয়ে গবেষণার ফলাফল এবং এ খাতের ভবিষ্যৎ নীতিমালা নিয়ে আলোচনা হবে।
ব্র্যাক ও ব্র্যাক ইনস্টিটিউট অব গভর্ন্যান্স অ্যান্ড ডেভেলপমেন্টের (বিআইজিডি) যৌথ উদ্যোগে এ সংলাপ অনুষ্ঠিত হবে। এতে ব্যাটারিচালিত রিকশার বর্তমান অবস্থা, নগর পরিবহনে এর ভূমিকা এবং সংশ্লিষ্ট বিভিন্ন চ্যালেঞ্জ নিয়ে নীতিনির্ধারক ও অংশীজনেরা মতবিনিময় করবেন।
থাকবেন দুই সিটি করপোরেশনের প্রশাসক
আয়োজকদের আমন্ত্রণপত্র অনুযায়ী, অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক মো. আবদুস সালাম এবং ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক মো. শফিকুল ইসলাম খান মিল্টনের।
এ ছাড়া ব্র্যাকের নির্বাহী পরিচালক আসিফ সালেহ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।
মঙ্গলবার সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত ঢাকার সিডাপের নিচতলায় ড. করগা পি. পাউডিয়াল কনফারেন্স হলে সংলাপটি অনুষ্ঠিত হবে।
গবেষণায় উঠে আসবে খাতটির বাস্তব চিত্র
ব্যাটারিচালিত রিকশা বর্তমানে বাংলাদেশের নগর পরিবহনব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ অংশ। স্বল্প দূরত্বে যাতায়াতের ক্ষেত্রে এসব যানবাহনের ব্যবহার বাড়ার পাশাপাশি বিপুলসংখ্যক মানুষের জীবিকার সঙ্গেও খাতটি যুক্ত।
তবে এর সম্প্রসারণের সঙ্গে সড়ক নিরাপত্তা, যানবাহন চলাচল নিয়ন্ত্রণ, পরিবেশের ওপর প্রভাব এবং সংশ্লিষ্ট শ্রমজীবী মানুষের জীবিকা নিয়ে নানা প্রশ্ন তৈরি হয়েছে।
এসব বিষয় বিবেচনায় নিয়ে ব্র্যাক ও বিআইজিডি পরিচালিত গবেষণায় ব্যাটারিচালিত রিকশার অর্থনৈতিক ও প্রাতিষ্ঠানিক অবস্থার বিভিন্ন দিক বিশ্লেষণ করা হয়েছে। গবেষণায় এই খাতের সঙ্গে যুক্ত মানুষের জীবন-জীবিকা এবং নগর পরিবহনব্যবস্থায় এর ভূমিকার বিষয়টিও গুরুত্ব পেয়েছে।
নিয়ন্ত্রণ ও জীবিকা সুরক্ষায় গুরুত্ব
আয়োজকদের ভাষ্য অনুযায়ী, গবেষণার অন্যতম লক্ষ্য হলো ব্যাটারিচালিত রিকশাকে কীভাবে বাস্তবসম্মত ও অংশগ্রহণমূলক নীতিমালার আওতায় আনা যায়, তার সম্ভাব্য পথ চিহ্নিত করা।
এ ক্ষেত্রে কয়েকটি বিষয়কে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে ধাপে ধাপে খাতটিকে নিয়মের আওতায় আনা, সড়ক নিরাপত্তার মান উন্নত করা, পরিবেশবান্ধব ব্যাটারি ব্যবস্থাপনা নিশ্চিত করা এবং এ পেশার সঙ্গে যুক্ত মানুষের জীবিকা সুরক্ষার সুযোগ তৈরি করা।
একই সঙ্গে সংশ্লিষ্ট সব পক্ষের অংশগ্রহণ নিশ্চিত করে এমন নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তার ওপর জোর দেওয়া হয়েছে।
নীতিনির্ধারণে সমন্বিত উদ্যোগের প্রত্যাশা
ব্যাটারিচালিত রিকশা নিয়ে নগর পরিবহন পরিকল্পনায় নিরাপত্তা, পরিবেশ এবং জীবিকার বিষয়গুলোকে একসঙ্গে বিবেচনার প্রয়োজনীয়তা তুলে ধরবে এই সংলাপ।
গবেষণার তথ্য ও সুপারিশের ভিত্তিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, নীতিনির্ধারক এবং অন্যান্য অংশীজনের মধ্যে আলোচনা এগিয়ে নেওয়াই আয়োজনটির উদ্দেশ্য।












