ফ্রান্সে রাজনীতি আর সাহিত্য যেন ক্রমেই একে অপরের পরিপূরক হয়ে উঠছে। দেশটির রাজনীতিকদের কাছে বই লেখা এখন শুধু ব্যক্তিগত চিন্তা প্রকাশ কিংবা রাজনৈতিক মতাদর্শ তুলে ধরার মাধ্যম নয়; বরং জনসমর্থন তৈরি, পরিচিতি বাড়ানো এবং নির্বাচনের আগে নিজেদের আলোচনায় রাখার গুরুত্বপূর্ণ কৌশল। প্রেসিডেন্ট, সাবেক মন্ত্রী থেকে শুরু করে তরুণ রাজনৈতিক নেতারাও নিয়মিত বই প্রকাশ করছেন। কারও বই বেস্টসেলার হচ্ছে, আবার কারও বই পড়ে থাকছে প্রকাশকের গুদামে। তবু বই প্রকাশের এই প্রতিযোগিতা থামছে না।
ফ্রান্সের তরুণ ডানপন্থী জনতাবাদী নেতা জর্দান বারদেলার বয়স মাত্র ৩১ বছর। এর মধ্যেই তিনি প্রকাশ করেছেন নিজের তৃতীয় বই। সাবেক সমাজতান্ত্রিক প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাঁদ প্রকাশ করেছেন প্রায় এক ডজন বই। অন্যদিকে বামপন্থী জনতাবাদী নেতা জ্যঁ-লুক মেলঁশোঁ গত ৬ নভেম্বর প্রকাশ করেছেন তাঁর ২১তম বই। প্রকাশের প্রথম সপ্তাহেই বইটি বেস্টসেলার তালিকার শীর্ষে উঠে আসে। এমনকি চলতি বছরের ফ্রান্সের সবচেয়ে মর্যাদাপূর্ণ সাহিত্য পুরস্কার গঁকুরজয়ী বইয়ের চেয়েও বেশি কপি বিক্রি হয় তাঁর বইটির।
ফ্রান্সে রাজনীতিকদের বই লেখার এই প্রবণতা দেশটির দীর্ঘ সাহিত্যিক ঐতিহ্যের সঙ্গে সম্পর্কিত। সেখানে লেখকদের জাতীয় সম্পদ হিসেবে বিবেচনা করা হয়। ফলে একজন রাজনীতিকের বই প্রকাশ করাকে তাঁর চিন্তাশীলতা, রাজনৈতিক গুরুত্ব এবং জনসম্পৃক্ততার একটি পরিচায়ক হিসেবে দেখা হয়।
বইপড়ার সংস্কৃতি রাজনীতিকদের উৎসাহ দিচ্ছে
ফরাসিদের মধ্যে বই পড়ার আগ্রহ তুলনামূলকভাবে অনেক বেশি। দেশটির প্রায় ৮৩ শতাংশ মানুষ জানিয়েছেন, তাঁরা বই পড়তে পছন্দ করেন। একজন ফরাসি পাঠক বছরে গড়ে প্রায় ১৮টি বই পড়েন।
সাহিত্যে ফ্রান্সের আন্তর্জাতিক অবস্থানও শক্তিশালী। সাহিত্যে দেশটি পেয়েছে ১৬টি নোবেল পুরস্কার, যা অন্য যেকোনো দেশের চেয়ে বেশি। ১৯০৩ সালে চালু হওয়া গঁকুর পুরস্কার যুক্তরাষ্ট্রের পুলিৎজার পুরস্কার কিংবা যুক্তরাজ্যের বুকার পুরস্কারের চেয়েও পুরোনো।
তবে দেশটির বইয়ের বাজারে সামগ্রিক বিক্রি কমছে। ২০২১ সালে বই বিক্রির পরিমাণ ছিল ৪৮ কোটি ৬০ লাখ কপি, যা ২০২৫ সালে নেমে এসেছে ৪২ কোটিতে। এই নিম্নমুখী প্রবণতার মধ্যেও সমসাময়িক রাজনীতি, চলমান ঘটনা এবং রাজনৈতিক প্রবন্ধভিত্তিক বইয়ের বাজারে অংশ বেড়েছে।
এখানেই রাজনীতিকদের জন্য তৈরি হয়েছে বিশেষ সুযোগ। তাঁদের পরিচিতি আগে থেকেই রয়েছে। ফলে রাজনৈতিক বক্তব্য, ব্যক্তিগত অভিজ্ঞতা কিংবা আত্মজীবনী নিয়ে প্রকাশিত বই সহজেই পাঠক ও গণমাধ্যমের মনোযোগ আকর্ষণ করতে পারে।
আত্মজীবনী থেকে রাজনৈতিক দর্শন—বইয়ের বিষয়েও বৈচিত্র্য
ফরাসি রাজনীতিকদের বইয়ের বিষয়বস্তুতে রয়েছে নানা ধরনের বৈচিত্র্য। সাবেক প্রেসিডেন্ট নিকোলা সারকোজি তাঁর কারাবাসের অভিজ্ঞতা নিয়ে প্রকাশ করেছেন ‘ডায়েরি অব আ প্রিজনার’। ২০২৫ সালে কারাগারে কাটানো ২০ দিনের অভিজ্ঞতা ও উপলব্ধি তুলে ধরেছেন সেখানে।
সাবেক অর্থমন্ত্রী ব্রুনো ল্য মেরের বইয়ের সংখ্যাও এক ডজনের বেশি। রাজনীতি ও অর্থনীতির বাইরেও তিনি উপন্যাস লিখেছেন। তাঁর একটি উপন্যাসে স্পষ্ট যৌন বর্ণনাসহ বিতর্কিত কিছু অংশ পাঠকদের দৃষ্টি আকর্ষণ করেছিল।
অধিকাংশ রাজনীতিক অবশ্য নিজেদের রাজনৈতিক জীবন, আদর্শ, অভিজ্ঞতা এবং ব্যক্তিগত উপলব্ধিকেই বইয়ের মূল বিষয় হিসেবে বেছে নেন।
বারদেলার সাম্প্রতিক বইয়ে উঠে এসেছে তাঁর রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তার প্রসঙ্গ। মারিন ল্য পেনের ওপর আরোপিত নির্বাচনে অংশগ্রহণের নিষেধাজ্ঞা আপিল আদালত তুলে নেওয়ার আগে বারদেলা মনে করেছিলেন, ২০২৭ সালের প্রেসিডেন্ট নির্বাচনে তিনিই প্রার্থী হবেন। কিন্তু পরিস্থিতির পরিবর্তন তাঁর সেই ধারণায় প্রভাব ফেলেছে বলে বইয়ে স্বীকার করেছেন তিনি।
অন্যদিকে মেলঁশোঁর রাজনৈতিক অবস্থানের সঙ্গে তাঁর লেখালেখির দীর্ঘদিনের সম্পর্ক রয়েছে। ১৯৯১ সালে প্রকাশিত একটি বইয়ে তিনি ‘স্থায়ী গণঅভ্যুত্থান’-এর ধারণার পক্ষে যুক্তি দিয়েছিলেন।
বেস্টসেলার বইও রাজনীতির সাফল্য নিশ্চিত করে না
রাজনীতিকদের লেখা সব বই সমান জনপ্রিয়তা পায় না। কিছু বই বিপুল বিক্রি হলেও অনেক বই প্রকাশকের গুদামেই পড়ে থাকে।
সারকোজির কারাজীবন নিয়ে লেখা বই বিক্রি হয়েছে প্রায় ২ লাখ ৮০ হাজার কপি। বারদেলার প্রথম বই বিক্রি হয়েছিল ২ লাখ ৩০ হাজারের বেশি কপি। যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক টাইমসের বেস্টসেলার তালিকায় স্থান পাওয়া একটি বইয়ের গড় বিক্রির তুলনায় এই সংখ্যা দ্বিগুণেরও বেশি।
তবে বইয়ের বাণিজ্যিক সাফল্য নির্বাচনী সাফল্যের নিশ্চয়তা দেয় না। জনপ্রিয় বইয়ের লেখক হলেই ভোটারদের সমর্থন পাওয়া যায় না। রাজনৈতিক গ্রহণযোগ্যতা নির্ভর করে আরও অনেক বিষয়ের ওপর।
তবু বই রাজনীতিকদের জন্য একটি গুরুত্বপূর্ণ প্রচারমাধ্যম। বিশেষ করে নির্বাচনের আগের বছরগুলোতে বই প্রকাশের মাধ্যমে তাঁরা নিজেদের বক্তব্য তুলে ধরতে পারেন, গণমাধ্যমের আলোচনায় থাকতে পারেন এবং টেলিভিশনের জনপ্রিয় আলোচনা অনুষ্ঠানে অংশ নেওয়ার সুযোগ পান।
ফ্রান্সের রাজনীতিতে তাই বই এখন শুধু জ্ঞান বা সাহিত্যচর্চার বিষয় নয়, রাজনৈতিক যোগাযোগেরও একটি কার্যকর মাধ্যম। দার্শনিক রেনে দেকার্তের বিখ্যাত বক্তব্যের অনুকরণে বলা যায়, ‘আমি প্রকাশ করি, অতএব আমার অস্তিত্ব আছে।’












