যুদ্ধ শুধু মানুষের জীবন, ঘরবাড়ি ও জীবিকা ধ্বংস করে না; একটি জাতির হাজার বছরের ইতিহাস ও সভ্যতার স্মারকও মুছে দিতে পারে। সুদানে ২০২৩ সালে শুরু হওয়া গৃহযুদ্ধের ভয়াবহতা এখন দেশটির প্রত্নতাত্ত্বিক ঐতিহ্যের ওপরও স্পষ্ট হয়ে উঠেছে। রাজধানী খার্তুমের জাতীয় জাদুঘর থেকে হাজার হাজার মূল্যবান প্রত্নবস্তু লুট হয়েছে। চুরি হওয়া এসব সম্পদের মধ্যে রয়েছে প্রাচীন রাজাদের স্বর্ণনির্মিত নিদর্শন, সমাধির ভাস্কর্য, কয়েক হাজার বছরের পুরোনো মমি এবং নুবীয় সভ্যতার অমূল্য স্মারক। এসব সম্পদ উদ্ধার করতে কয়েক দশক পর্যন্ত সময় লাগতে পারে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা।
সুদানের জাতীয় জাদুঘরের বর্তমান অবস্থা দেশটির সাংস্কৃতিক বিপর্যয়ের একটি প্রতীক হয়ে উঠেছে। একসময় যেখানে হাজার হাজার বছরের ইতিহাস সংরক্ষিত ছিল, সেই জাদুঘরের প্রদর্শনী কক্ষ এখন প্রায় শূন্য। কাচের প্রদর্শনী বাক্সগুলোতে নেই কোনো প্রত্নবস্তু। ভবনের বিভিন্ন অংশ ক্ষতিগ্রস্ত, উঠানজুড়ে ছড়িয়ে রয়েছে ভাঙা প্রাচীন নিদর্শনের অবশিষ্টাংশ।
সুদানি প্রত্নতত্ত্ববিদ রিহাব খিদার ২০২৩ সালে যুদ্ধ শুরুর পর গত বছর প্রথমবারের মতো জাতীয় জাদুঘরে ফিরে গিয়ে এমন দৃশ্য দেখতে পান। বাগান ও আশপাশের সড়কে ছড়িয়ে ছিল কয়েক হাজার বছরের পুরোনো প্রত্নবস্তু। অনেক নিদর্শন ভেঙে গেছে, কিছু পুড়ে গেছে, আবার অনেকগুলো পুরোপুরি উধাও। ধ্বংসস্তূপের মধ্য থেকে যা পাওয়া গেছে, সেগুলো সংগ্রহ করাই ছিল তখন তাঁর প্রধান কাজ।
জাতীয় জাদুঘর থেকে উধাও চার হাজারের বেশি প্রত্নবস্তু
সুদানের সেনাবাহিনী ও আধাসামরিক বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্সেসের (আরএসএফ) মধ্যে সংঘাতের সময় প্রায় দুই বছর খার্তুমের বড় অংশ আরএসএফের নিয়ন্ত্রণে ছিল। এ সময় শহরের বহু গুরুত্বপূর্ণ স্থাপনার মতো জাতীয় জাদুঘরও সামরিক অবস্থান হিসেবে ব্যবহৃত হয়।
২০২৫ সালে আরএসএফকে খার্তুম থেকে সরিয়ে দেওয়ার পর জাদুঘরের ক্ষয়ক্ষতির ভয়াবহ চিত্র সামনে আসে। প্রাথমিক হিসাব অনুযায়ী, জাদুঘরের অন্তত চার হাজার মূল্যবান প্রত্নবস্তু নিখোঁজ হয়েছে। লুট হওয়া সম্পদের মধ্যে রয়েছে খ্রিষ্টপূর্ব ২৫০০ সালেরও আগের সময়ের মমি।
যুদ্ধের আগে সুদানের জাতীয় জাদুঘরে এক লাখের বেশি প্রত্নবস্তু সংরক্ষিত ছিল। এর মধ্যে প্রায় দুই হাজার স্বর্ণনির্মিত নিদর্শন ছিল প্রাচীন কুশ সাম্রাজ্যের। আফ্রিকার অন্যতম গুরুত্বপূর্ণ প্রাচীন সভ্যতা ছিল এই কুশ রাজ্য। একসময় এর শাসন বিস্তৃত ছিল বর্তমান সুদান ও মিসরের বিস্তীর্ণ অঞ্চলে।
স্বর্ণের এসব নিদর্শন জাদুঘরের একটি বিশেষ নিরাপত্তাবেষ্টিত কক্ষে রাখা হয়েছিল। কিন্তু হামলাকারীরা সেই কক্ষের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে সব সম্পদ নিয়ে যায়। ফলে সুদানের প্রত্নতাত্ত্বিক ইতিহাসের অন্যতম মূল্যবান সংগ্রহ এখন নিখোঁজ।
শুধু রাজধানী নয়, প্রাদেশিক জাদুঘরও লুটের শিকার
সুদানের সাংস্কৃতিক ঐতিহ্যের ক্ষতি জাতীয় জাদুঘরেই সীমাবদ্ধ নয়। দেশটির আটটি প্রাদেশিক জাদুঘরও ঝুঁকির মুখে পড়েছে। এর মধ্যে পশ্চিমাঞ্চলীয় দারফুর অঞ্চলে রয়েছে তিনটি গুরুত্বপূর্ণ জাদুঘর। এসব প্রতিষ্ঠানে সুদানের বিভিন্ন সময়ের সভ্যতা, রাজবংশ, শিল্পকলা ও সামাজিক ইতিহাসের নিদর্শন সংরক্ষিত ছিল।
দারফুরের বড় অংশ দীর্ঘদিন ধরে আরএসএফের নিয়ন্ত্রণে থাকায় সেখানে প্রত্নসম্পদ পরিদর্শন ও উদ্ধার কার্যক্রম চালানো কঠিন হয়ে পড়েছে। অনেক জাদুঘর লুট হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে।
ঐতিহ্য সংরক্ষণে কাজ করা ব্লু শিল্ড সুদানের প্রতিনিধি আলী নূরের মতে, প্রাদেশিক জাদুঘরগুলোতে সুদানের ইতিহাসের প্রায় সম্পূর্ণ ধারাবাহিকতা সংরক্ষিত ছিল। ফলে এসব সংগ্রহ হারিয়ে গেলে শুধু কয়েকটি মূল্যবান বস্তু নয়, দেশটির অতীত সম্পর্কে জানার গুরুত্বপূর্ণ প্রমাণও হারিয়ে যাবে।
নিরাপত্তাহীনতার কারণে এসব জাদুঘরে অনুসন্ধান চালানোও বিপজ্জনক। পশ্চিম দারফুরের এল-জেনেইনা জাদুঘরের কিউরেটরকে তাঁর পরিবারের সদস্যদের সঙ্গে ভবনের ভেতরেই হত্যা করা হয়েছিল। এল-ফাশের ও নিয়ালা জাদুঘরের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদেরও খোঁজ পাওয়া যাচ্ছে না।
কিছু প্রত্নসম্পদ ফিরেছে, অধিকাংশের গন্তব্য অজানা
লুট হওয়া সব সম্পদ যে দেশের বাইরে চলে গেছে, তা নিশ্চিত নয়। কিছু প্রত্নবস্তু সুদানের ভেতর থেকেই উদ্ধার করা সম্ভব হয়েছে।
খার্তুমে পুলিশ দ্বিতীয় বা তৃতীয় শতাব্দী খ্রিষ্টপূর্বাব্দের একটি স্বর্ণমণ্ডিত তীরন্দাজের মূর্তি উদ্ধার করেছে। এটি মেরোয়িটিক শিল্পকলার অন্যতম গুরুত্বপূর্ণ নিদর্শন হিসেবে বিবেচিত। চলতি বছরের জানুয়ারিতে দেশটির কর্তৃপক্ষ আরও ৫৭০টি চুরি হওয়া প্রত্নবস্তু ফেরত পাওয়ার ঘোষণা দেয়। এসবের মধ্যে কুশ রাজাদের সমাধিসংক্রান্ত ভাস্কর্যও রয়েছে।
তবে লুট হওয়া সম্পদের বড় অংশ সুদানের সীমান্ত পেরিয়ে ইথিওপিয়া, দক্ষিণ সুদান ও চাদে চলে গেছে বলে ধারণা করা হচ্ছে। কিছু সম্পদ আরও দূরের আন্তর্জাতিক বাজারেও পৌঁছে থাকতে পারে।
সুদানের প্রত্নসম্পদ পুনরুদ্ধার কমিটির প্রধান ইখলাস আবদেলাতিফ জানিয়েছেন, আরএসএফের পক্ষ থেকে একপর্যায়ে জাদুঘরের সঙ্গে যোগাযোগ করে কিছু প্রত্নবস্তু বিক্রি করে দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল। কিন্তু পরে সেই যোগাযোগ বন্ধ হয়ে যায়।
তাঁর আশঙ্কা, লুট হওয়া অনেক সম্পদ সংযুক্ত আরব আমিরাতে পৌঁছে থাকতে পারে। মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকার বিভিন্ন দেশ থেকে চুরি হওয়া প্রত্নবস্তু পাচারের আন্তর্জাতিক নেটওয়ার্কে দেশটির ভূমিকা নিয়েও উদ্বেগ রয়েছে।
আন্তর্জাতিক বাজারে শনাক্ত করাই বড় চ্যালেঞ্জ
চুরি হওয়া প্রত্নবস্তু উদ্ধার করতে সুদান সরকার পুরস্কার ঘোষণা করেছে। পাশাপাশি আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোলের মাধ্যমে বিশ্বব্যাপী সতর্কতা জারি করা হয়েছে, যাতে বিভিন্ন দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রত্নসম্পদ ব্যবসার সঙ্গে যুক্ত প্রতিষ্ঠানগুলো সুদানি নিদর্শন শনাক্ত করতে পারে।
এ কাজে ব্রিটিশ মিউজিয়ামসহ আন্তর্জাতিক কয়েকটি প্রতিষ্ঠান সহযোগিতা করছে। সুদানের সাংস্কৃতিক সম্পদ পাচার প্রতিরোধে কাজ করা সরকারি একটি ইউনিট বিদেশি পুলিশ ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রত্নবস্তু শনাক্ত করার বিষয়ে সহায়তা দিচ্ছে।
একই সঙ্গে প্রত্নতত্ত্ববিদদের একটি দল চুরি হওয়া ও বর্তমানে সংরক্ষিত সম্পদের পূর্ণাঙ্গ তালিকা তৈরির কাজ করছে। তালিকাটি অনলাইনে প্রকাশের পরিকল্পনা রয়েছে। এর ফলে আন্তর্জাতিক বাজারে কোনো সুদানি প্রত্নবস্তু বিক্রির চেষ্টা হলে সেটি শনাক্ত করা সহজ হতে পারে।
তবে এই উদ্যোগের সামনে বড় বাধা রয়েছে। যুদ্ধের সময় চুরি হওয়া কোনো প্রত্নবস্তু এখনো আন্তর্জাতিক নিলাম প্রতিষ্ঠান কিংবা ইবে-র মতো অনলাইন বাজারে প্রকাশ্যে দেখা যায়নি।
লন্ডনভিত্তিক শিল্পকর্ম পুনরুদ্ধার প্রতিষ্ঠান আর্ট লস রেজিস্টারের প্রতিনিধি অলিভিয়া হুইটিংয়ের মতে, জাদুঘর থেকে চুরি হওয়া প্রত্নবস্তু আন্তর্জাতিক বাজারে শনাক্ত হতে কয়েক দশকও লেগে যেতে পারে। অর্থাৎ এখন যেসব সম্পদের সন্ধান পাওয়া যাচ্ছে না, সেগুলোর কিছু হয়তো বহু বছর পর অন্য কোনো দেশে বা ব্যক্তিগত সংগ্রহে থাকার তথ্য সামনে আনতে পারে।
আরেকটি আইনি জটিলতাও রয়েছে। অবৈধভাবে সাংস্কৃতিক সম্পদ কেনাবেচা ও পাচার বন্ধে জাতিসংঘের সংশ্লিষ্ট আন্তর্জাতিক সনদে এখনো পক্ষভুক্ত হয়নি সুদান। ফলে বিদেশে পাওয়া প্রত্নবস্তু ফেরত আনার ক্ষেত্রে দেশটিকে অতিরিক্ত আইনি বাধার মুখে পড়তে হতে পারে।
যুদ্ধের মধ্যে ইতিহাস রক্ষার লড়াই
সুদানের সামনে এখন দুটি বড় চ্যালেঞ্জ—লুট হওয়া সম্পদ উদ্ধার এবং অবশিষ্ট প্রত্নতাত্ত্বিক নিদর্শনগুলোকে ধ্বংসের হাত থেকে রক্ষা করা।
দেশটির যুদ্ধ প্রায় চার বছর ধরে চললেও সংঘাত বন্ধ হওয়ার কোনো স্পষ্ট লক্ষণ নেই। এমনকি সরাসরি যুদ্ধক্ষেত্র থেকে দূরে থাকা সাংস্কৃতিক স্থাপনাও ড্রোন হামলার ঝুঁকিতে রয়েছে। ফলে জাদুঘর, প্রত্নতাত্ত্বিক স্থান ও ঐতিহাসিক নিদর্শনগুলো নিরাপদ রাখার কাজ ক্রমেই কঠিন হয়ে উঠছে।
সুদানের জাতীয় প্রত্নতত্ত্ব ও জাদুঘর করপোরেশনের প্রধান মাহমুদ সুলাইমানের কাছে এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হলো অবশিষ্ট সম্পদ রক্ষা করা। তাঁর বক্তব্য, ইতিমধ্যে যা হারিয়েছে, তা উদ্ধারের চেষ্টা চলবে; কিন্তু একই সঙ্গে যা এখনো রয়েছে, সেগুলোকে নিরাপদ রাখা জরুরি।
সুদানের এই সংকটের তাৎপর্য শুধু একটি দেশের সাংস্কৃতিক সম্পদ হারানোর মধ্যে সীমাবদ্ধ নয়। নুবীয়, কুশ ও মেরোয়িটিক সভ্যতার নিদর্শন আফ্রিকা ও উত্তর-পূর্ব আফ্রিকার ইতিহাস বোঝার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এসব প্রত্নবস্তু হারিয়ে গেলে মানবসভ্যতার ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় সম্পর্কে গবেষণা ও অনুসন্ধানের সুযোগও সংকুচিত হবে।
একটি যুদ্ধ শেষ হওয়ার পর ধ্বংস হওয়া শহর পুনর্নির্মাণ করা সম্ভব। কিন্তু হাজার হাজার বছরের পুরোনো প্রত্নবস্তু, শিলালিপি, ভাস্কর্য কিংবা সমাধির নিদর্শন একবার হারিয়ে গেলে সেগুলোর অনেক কিছুই আর ফিরিয়ে আনা সম্ভব হয় না। সুদানের জন্য তাই প্রত্নসম্পদ উদ্ধার এখন কেবল সম্পদ ফেরত পাওয়ার লড়াই নয়, বরং নিজেদের ইতিহাস ও সাংস্কৃতিক পরিচয় রক্ষার দীর্ঘমেয়াদি সংগ্রাম।












