ভারতে সাইবার প্রতারণার নতুন আতঙ্ক হয়ে উঠেছে ‘ডিজিটাল গ্রেপ্তার’। পুলিশ, তদন্ত সংস্থা কিংবা আদালতের কর্মকর্তা পরিচয়ে ভিডিও কলের মাধ্যমে বয়স্ক নাগরিকদের ভয় দেখিয়ে দিনের পর দিন ঘরবন্দি করে রাখা হচ্ছে। গ্রেপ্তার ও অর্থ পাচারের মামলায় জড়ানোর হুমকি দিয়ে হাতিয়ে নেওয়া হচ্ছে জীবনের সঞ্চয়। পরিস্থিতি মোকাবিলায় এবার প্রতারণা ঘটে যাওয়ার পর নয়, প্রতারণা চলাকালেই ভুক্তভোগীদের শনাক্ত করে উদ্ধারের উদ্যোগ নিয়েছে দিল্লি পুলিশ।
এ লক্ষ্যে চলতি বছরের মার্চে গঠন করা হয়েছে তিন সদস্যের বিশেষ দল ‘প্রোঅ্যাকটিভ ভিকটিম আইডেন্টিফিকেশন অ্যান্ড প্রোটেকশন টিম’। একজন পরিদর্শক ও দুজন প্রধান কনস্টেবল নিয়ে গঠিত দলটির প্রধান কাজ হলো প্রতারণার অর্থ একাধিক ব্যাংক হিসাব ঘুরে অন্যত্র চলে যাওয়ার আগেই সম্ভাব্য ভুক্তভোগীদের খুঁজে বের করা এবং তাদের অর্থ পাঠানো থেকে বিরত রাখা।
১১ দিনের ডিজিটাল বন্দিদশা থেকে উদ্ধার
দিল্লির ৭৩ বছর বয়সী অবসরপ্রাপ্ত কর্মজীবী ভীম সিংয়ের ঘটনা এই উদ্যোগের কার্যকারিতা তুলে ধরেছে।
গত ১ অক্টোবর পর্যন্ত তিনি তাঁর মেয়াদি আমানত ভেঙে ২৫ লাখ রুপি প্রতারকদের হাতে তুলে দিয়েছিলেন। এরপর প্রতারকরা তাঁকে বাকি সঞ্চয় তুলে নেওয়ার জন্য চাপ দিতে থাকে। এমনকি স্ত্রীর গয়না বিক্রি করতেও প্রস্তুত হয়েছিলেন তিনি।
প্রায় ১১ দিন ধরে ৬৫ বছর বয়সী স্ত্রীসহ তিনি প্রতারকদের নিয়ন্ত্রণে ছিলেন। নিজেদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তা পরিচয় দিয়ে তাঁকে দেখানো হয়েছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের নোটিশ, সুপ্রিম কোর্টের নামসংবলিত এফআইআর এবং বিচারকের উপস্থিতিতে আদালতের কার্যক্রমের মতো দৃশ্য।
এমন সময় দিল্লি পুলিশের পরিদর্শক পারভীন কুমারের ফোন আসে। তিনি ভীম সিংকে জানান, তিনি প্রতারণার শিকার হয়েছেন এবং যাঁরা নিজেদের পুলিশ পরিচয় দিচ্ছেন, তাঁরা প্রকৃতপক্ষে প্রতারক।
প্রথমে সন্দেহ করলেও অন্য ভুক্তভোগীদের অভিজ্ঞতার ভিডিও দেখার পর বিশ্বাস করতে শুরু করেন ভীম। ফলে আরও ৩ লাখ ৪৪ হাজার রুপি পাঠানো থেকে বিরত থাকেন তিনি।
ব্যাংক হিসাব অনুসরণ করে শনাক্ত হচ্ছে নতুন শিকার
দিল্লি পুলিশের বিশেষ দলটির কার্যক্রমের মূল ভিত্তি ব্যাংক লেনদেনের তথ্য।
কোনো সাইবার প্রতারণার অভিযোগ এলে প্রথমে যে হিসাবে অর্থ পাঠানো হয়েছে, সেটির তথ্য সংগ্রহ করা হয়। এরপর ব্যাংকের সঙ্গে যোগাযোগ করে দেখা হয়, ওই হিসাবে নতুন করে অর্থ জমা পড়ছে কি না। জমা পড়তে থাকলে ধারণা করা হয়, অন্য কেউ একই প্রতারণার শিকার হচ্ছেন।
দিল্লির ইন্টেলিজেন্স ফিউশন অ্যান্ড স্ট্র্যাটেজিক অপারেশনস ইউনিটের অধীনে দলটি কাজ করছে। ভারতের জাতীয় সাইবার অপরাধ সমন্বয় কেন্দ্র এবং বিভিন্ন ব্যাংকের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের সঙ্গেও তাদের নিয়মিত যোগাযোগ রয়েছে।
তবে প্রতারিত ব্যক্তিদের বোঝানোই সবচেয়ে কঠিন কাজ। কারণ প্রতারকরা ভুয়া পরিচয়পত্র, সরকারি নোটিশ এবং সাজানো আদালতের কার্যক্রম দেখিয়ে নিজেদের বিশ্বাসযোগ্য করে তোলে। প্রকৃত পুলিশ ফোন করলেও অনেকেই উল্টো সন্দেহ করেন।
এ কারণে পুলিশ ভুক্তভোগীদের পরিবারের সদস্য কিংবা পরিচিত কাউকে পাশে রাখার পরামর্শ দেয়, যাতে প্রতারকদের ফোন চলতে থাকলেও তাঁরা নতুন করে অর্থ পাঠাতে না পারেন।
চার কোটি রুপি খুইয়েও বেঁচেছে অন্যদের অর্থ
গত ২৯ সেপ্টেম্বর ৭৮ বছর বয়সী অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা ভোলা ঠাকুর জাতীয় সাইবার অপরাধ হেল্পলাইন ১৯৩০-এ যোগাযোগ করেন। প্রায় ১৫ দিন ধরে ডিজিটাল গ্রেপ্তারের ভয় দেখিয়ে তাঁর কাছ থেকে ছয় দফায় প্রায় চার কোটি রুপি হাতিয়ে নেয় প্রতারকরা।
পুলিশ অনুসন্ধানে দেখতে পায়, অর্থের একটি অংশ হায়দরাবাদের একটি ব্যাংক হিসাবের মাধ্যমে লেনদেন হচ্ছিল। ওই হিসাবে আরও পাঁচজনের কাছ থেকে ১ কোটি ৪৫ লাখ রুপি জমা পড়েছিল। তাঁদের মধ্যে ছিলেন অবসরপ্রাপ্ত রেলকর্মী, কাপড় ব্যবসায়ী, ব্যবসায়ী ও হাসপাতালের সহকারী।
দিল্লি পুলিশের দাবি, ভীম সিংসহ পাঁচজনকে আরও অর্থ পাঠানো থেকে বিরত রাখা সম্ভব হয়েছে। এতে প্রতারকদের হাতে যাওয়া থেকে রক্ষা পেয়েছে ৭৫ লাখ রুপির বেশি।
প্রতিদিন দুই থেকে তিনটি ঘটনা, উদ্ধার সীমিত
বিশেষ দলটি প্রতিদিন গড়ে দুই থেকে তিনটি ডিজিটাল গ্রেপ্তারের ঘটনা নিয়ে কাজ করছে। তবে সফলতার হার এখনো কম। পুলিশের এক জ্যেষ্ঠ কর্মকর্তার হিসাবে, ভুক্তভোগীদের প্রতি ১০টি ফোনের মধ্যে মাত্র এক বা দুটি ক্ষেত্রে তাঁদের বোঝানো সম্ভব হয়। অন্য একজনের হিসাবে, সফলতার হার ১৫টিতে একটি।
ভারতের সাইবার অপরাধ সমন্বয় কেন্দ্রের তথ্য অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত ডিজিটাল গ্রেপ্তারসংক্রান্ত অন্তত ২১ হাজার ৯০০টি অভিযোগ জমা পড়েছে। এসব ঘটনায় আর্থিক ক্ষতির পরিমাণ ৬৪৭ কোটি রুপির বেশি।
পুলিশের বড় সীমাবদ্ধতা হলো, একবার অর্থ বিভিন্ন ব্যাংক হিসাব ঘুরে ক্রিপ্টোকারেন্সি ও অবৈধ অর্থ স্থানান্তরের মাধ্যমে আনুষ্ঠানিক ব্যাংকিং ব্যবস্থার বাইরে চলে গেলে তা উদ্ধার করা কঠিন হয়ে পড়ে।
বিশেষজ্ঞদের মতে, প্রতারণার পর অর্থ উদ্ধারের পাশাপাশি প্রতারণা চলাকালেই ভুক্তভোগী শনাক্ত করার উদ্যোগ গুরুত্বপূর্ণ। দিল্লি পুলিশের এই পরীক্ষামূলক উদ্যোগ দেখাচ্ছে, সাইবার অপরাধ মোকাবিলায় দ্রুত ব্যাংক-তথ্য বিনিময়, প্রযুক্তিনির্ভর নজরদারি এবং মানুষের আস্থা অর্জন কতটা জরুরি।












