ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের যুদ্ধ বন্ধ করতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের ওপর নতুন চাপ তৈরির পরিকল্পনা করছেন ডেমোক্র্যাটরা। এ জন্য কংগ্রেসের অর্থ বরাদ্দের ক্ষমতা ব্যবহার করে সামরিক অভিযানের অর্থায়ন বন্ধ করতে চান তাঁরা। আগামী ডিসেম্বরেই এ উদ্যোগ কার্যকর করার চেষ্টা হতে পারে। তবে এতে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সরকারের কার্যক্রম বন্ধ হয়ে যাওয়ার ঝুঁকিও তৈরি হয়েছে। একই সময়ে খাদ্য ও জ্বালানির মূল্যবৃদ্ধি সাধারণ মানুষের ওপর বাড়তি চাপ সৃষ্টি করছে।
গত ৩ নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনের আগে ডেমোক্র্যাটরা ইরান যুদ্ধ বন্ধের প্রতিশ্রুতি দিয়েছিলেন। যুদ্ধবিরোধী অবস্থান নির্বাচনে তাঁদের বড় জয়ে ভূমিকা রেখেছে বলে মনে করছেন দলটির কয়েকজন নেতা। রিপাবলিকানদের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত কয়েকটি এলাকাতেও আসন পেয়েছেন তাঁরা। নতুন কংগ্রেসের ৩ জানুয়ারি থেকে কার্যক্রম শুরুর পর সিনেট ও প্রতিনিধি পরিষদ—দুই কক্ষেই সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার কথা ডেমোক্র্যাটদের।
নতুন কংগ্রেস দায়িত্ব নেওয়ার পর যুদ্ধের জন্য অতিরিক্ত অর্থ বরাদ্দে অসম্মতি জানানোর পরিকল্পনা রয়েছে কয়েকজন আইনপ্রণেতার। তবে কেউ কেউ জানুয়ারির আগেই অর্থায়ন বন্ধের উদ্যোগ নিতে চাইছেন।
১১ ডিসেম্বরকে লক্ষ্য করে অর্থ বরাদ্দ আটকে দেওয়ার পরিকল্পনা
ডেমোক্র্যাটদের তাৎক্ষণিক লক্ষ্য আগামী ১১ ডিসেম্বর। ওই দিন কংগ্রেসকে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন সংস্থার কার্যক্রম চালু রাখতে একটি গুরুত্বপূর্ণ অস্থায়ী অর্থায়ন বিল পাস করতে হবে।
প্রতিনিধি ইয়াসামিন আনসারি ও রো খান্না গত সপ্তাহে এক যৌথ বিবৃতিতে ডেমোক্র্যাট আইনপ্রণেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন, ইরানে আক্রমণাত্মক সামরিক অভিযান চালাতে অর্থ ব্যবহারের ওপর স্পষ্ট নিষেধাজ্ঞা না থাকলে তাঁরা যেন কোনো অর্থায়ন বিলে সমর্থন না দেন।
তাঁদের বক্তব্য, ইরানের বিরুদ্ধে যুদ্ধ দীর্ঘায়িত করতে করদাতাদের অর্থের আর একটি পয়সাও ব্যয় হতে দেওয়া উচিত নয়। কংগ্রেসের অর্থায়ন বিলের মধ্যে এমন বিধান যুক্ত না হলে সেটি আটকে দেওয়ার পক্ষে তাঁরা অবস্থান নিয়েছেন।
১১ ডিসেম্বরের মধ্যে বিল পাস না হলে ১২ ডিসেম্বর থেকে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন সংস্থার অর্থায়ন বন্ধ হয়ে যেতে পারে। এর ফলে সরকার অচলাবস্থার মুখে পড়বে।
খান্না ভিয়েতনাম যুদ্ধ বন্ধে কংগ্রেসের অতীতে নেওয়া একই ধরনের পদক্ষেপের কথা উল্লেখ করেছেন। সিনেটর ক্রিস ভ্যান হলেনও বলেছেন, অর্থ বরাদ্দের বিলে এমন বিধান থাকতে হবে, যাতে ট্রাম্প প্রশাসন ইরানের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাওয়ার জন্য সেই অর্থ ব্যবহার করতে না পারে। এ অবস্থানের প্রতি সমর্থন জানিয়েছেন সিনেটর ট্যামি ডাকওয়ার্থ, মাইকেল বেনেট এবং স্বতন্ত্র সিনেটর বার্নি স্যান্ডার্স।
ভিয়েতনাম যুদ্ধ বন্ধে অর্থায়ন বন্ধের নজির
যুক্তরাষ্ট্রের ইতিহাসে কংগ্রেসের অর্থ বরাদ্দ বন্ধ করে সামরিক সংঘাত থেকে সরে আসার একটি গুরুত্বপূর্ণ নজির রয়েছে ভিয়েতনাম যুদ্ধ।
১৯৫৫ সালে শুরু হওয়া ওই যুদ্ধে যুক্তরাষ্ট্র প্রথমে দক্ষিণ ভিয়েতনামকে সামরিক পরামর্শ ও আর্থিক সহায়তা দিয়েছিল। ১৯৬৪ সালে টনকিন উপসাগরে মার্কিন নৌবাহিনীর ওপর হামলার অভিযোগের পর কংগ্রেস প্রেসিডেন্ট লিন্ডন বি জনসনকে সামরিক বাহিনী মোতায়েনের ক্ষমতা দেয়। পরবর্তী সময়ে পাঁচ লাখের বেশি মার্কিন সেনা যুদ্ধে অংশ নেয়।
যুদ্ধ দীর্ঘায়িত হওয়ার সঙ্গে সঙ্গে মার্কিন সেনাদের প্রাণহানি, মনোবলহীনতা এবং বাহিনীর বিরুদ্ধে নৃশংসতার অভিযোগে যুক্তরাষ্ট্রে জনমত যুদ্ধের বিপক্ষে চলে যায়।
১৯৭৩ সালে কংগ্রেস টনকিন উপসাগরসংক্রান্ত প্রস্তাব বাতিল করে। একই বছরের জুনে পাস হয় কেস-চার্চ সংশোধনী। এতে ওই অঞ্চলে সামরিক অভিযান পরিচালনায় সরাসরি বা পরোক্ষভাবে কেন্দ্রীয় সরকারের অর্থ ব্যবহারে নিষেধাজ্ঞা দেওয়া হয়।
এরপর যুদ্ধক্ষমতা সংক্রান্ত প্রস্তাবও পাস করে কংগ্রেস। প্রেসিডেন্টের ভেটো সত্ত্বেও আইনপ্রণেতারা ১৯৭৩ সালের নভেম্বরে সেটি কার্যকর করেন। মার্কিন সামরিক ও আর্থিক সহায়তা বন্ধ হওয়ার পর ১৯৭৫ সালের এপ্রিলে দক্ষিণ ভিয়েতনামের সায়গন সরকারের পতন ঘটে।
সরকার অচল করার ঝুঁকিতে দ্বিধায় ডেমোক্র্যাটরা
তবে ইরান যুদ্ধ বন্ধ করতে কেন্দ্রীয় সরকারের কার্যক্রম অচল করে দেওয়ার বিষয়ে ডেমোক্র্যাটদের মধ্যে পুরোপুরি ঐকমত্য নেই।
প্রতিনিধি পরিষদের প্রভাবশালী বরাদ্দবিষয়ক কমিটির সম্ভাব্য নতুন প্রধান রোজা ডিলাউরো যুদ্ধের অর্থায়ন বন্ধের পক্ষে অবস্থান নিয়েছেন। তবে তিনি সরকার অচল করার পক্ষে সরাসরি সমর্থন জানাননি। তাঁর পছন্দ, পুরো বছরের পরিবর্তে স্বল্পমেয়াদি অর্থায়ন বিল পাস করা।
তাঁর মতে, মার্কিন জনগণ যুদ্ধের অবসান চায়। তবে সরকার বন্ধ করে দিলেই যুদ্ধ শেষ হবে—এমনটা তারা মনে নাও করতে পারে।
প্রতিনিধি পরিষদের ডেমোক্র্যাট নেতা হাকিম জেফরিস এবং সিনেটের সংখ্যালঘু নেতা চাক শুমার এখনো এই কৌশল নিয়ে তাঁদের অবস্থান স্পষ্ট করেননি।
ট্রাম্পের ভেটো কি বাধা হয়ে দাঁড়াতে পারে?
ডেমোক্র্যাটদের পরিকল্পনার সামনে বড় বাধা প্রেসিডেন্টের ভেটো ক্ষমতা। আগামী ছয় সপ্তাহ কংগ্রেসে রিপাবলিকানদের নিয়ন্ত্রণ থাকবে। নতুন কংগ্রেসে ডেমোক্র্যাটরা সংখ্যাগরিষ্ঠ হলেও প্রেসিডেন্টের ভেটো অকার্যকর করার মতো দুই-তৃতীয়াংশ সমর্থন তাঁদের নেই।
সিনেটের ১০০ আসনের মধ্যে ভেটো অতিক্রম করতে প্রয়োজন অন্তত ৬৭ ভোট। নতুন কংগ্রেসে ডেমোক্র্যাটদের সম্ভাব্য আসনসংখ্যা ৫৬। অর্থাৎ প্রয়োজনের তুলনায় ১১ ভোট কম। প্রতিনিধি পরিষদে ভেটো অতিক্রম করতে ২৯০ ভোট দরকার হলেও ডেমোক্র্যাটদের আসনসংখ্যা ২৫৭।
গত কয়েক মাসে যুদ্ধক্ষমতা সীমিত করার প্রস্তাবে ১৫ বারের বেশি ভোটের উদ্যোগ নিয়েছেন ডেমোক্র্যাটরা। তবে কোনো প্রস্তাবই যুদ্ধ বন্ধ করতে পারেনি। গত সেপ্টেম্বরে প্রতিনিধি পরিষদে সাতজন রিপাবলিকান ডেমোক্র্যাটদের সঙ্গে যোগ দিয়ে ট্রাম্পের সামরিক পদক্ষেপের সমালোচনা করে একটি প্রস্তাব পাস করলেও সিনেটে একই ধরনের উদ্যোগ আটকে যায়।
রিপাবলিকান আইনপ্রণেতারা যুদ্ধের বিপুল ব্যয় নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তবে তাঁদের যুক্তি, যুক্তরাষ্ট্রের এখন অভিযান শেষ করা প্রয়োজন।












