যশোরের শার্শা উপজেলার বেনাপোলে দুই শ্রমিক নেতাকে লক্ষ্য করে ককটেল হামলার ঘটনা ঘটেছে। এতে দুজনই আহত হয়েছেন। মঙ্গলবার দিবাগত রাত ১টার দিকে বেনাপোল পোর্ট থানার ছোট আঁচড়া এলাকায় এ ঘটনা ঘটে।
আহত ব্যক্তিরা হলেন বেনাপোল পোর্ট হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন-৯২৫-এর ভারপ্রাপ্ত সভাপতি তবিবুর রহমান ওরফে তবি (৫০) এবং শ্রমিক নেতা লোকমান হোসেন (৫০)। তাঁরা দুজনই ছোট আঁচড়া গ্রামের বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা গেছে, শ্রমিক ইউনিয়নের কার্যালয় থেকে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন তবি ও লোকমান। ছোট আঁচড়া এলাকায় নিজেদের বাড়ির সামনে পৌঁছালে আগে থেকে ওত পেতে থাকা দুর্বৃত্তরা তাঁদের লক্ষ্য করে পরপর দুটি ককটেল নিক্ষেপ করে। এরপর দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায় হামলাকারীরা।
এর মধ্যে একটি ককটেল বিস্ফোরিত হলে তবিবুর রহমানের ডান পা এবং লোকমান হোসেনের বাম পা জখম হয়। অন্য ককটেলটি বিস্ফোরিত না হয়ে ঘটনাস্থলে পড়ে থাকে।
বিস্ফোরণের শব্দ শুনে স্বজন ও স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থলে ছুটে আসেন। পরে আহত দুজনকে উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। বর্তমানে তাঁরা সেখানে চিকিৎসাধীন।
ঘটনাস্থল পরিদর্শন পুলিশের
খবর পেয়ে বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী বাবুল পুলিশ সদস্যদের নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় পুলিশ অবিস্ফোরিত ককটেলটি এবং বিস্ফোরিত ককটেলের কিছু অংশ উদ্ধার করে জব্দ করে। পরে নাভারণ সার্কেলের সহকারী পুলিশ সুপারও ঘটনাস্থল পরিদর্শন করেন।
বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী বাবুল জানান, এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।












