রাশিয়া-ইউক্রেন যুদ্ধ নতুন ভৌগোলিক মাত্রা পেয়েছে। ভূমধ্যসাগরের দক্ষিণ উপকূলে লিবিয়ার বেনগাজি বন্দরের কাছে রাশিয়ার দুটি জাহাজে ইউক্রেনের নৌ-ড্রোন হামলার ঘটনা যুদ্ধের পরিসর আরও বিস্তৃত করেছে। রুশ সামরিক সরঞ্জাম বহনকারী জাহাজ দুটিতে হামলার মধ্য দিয়ে ইউক্রেন দেখিয়েছে, রাশিয়ার স্বার্থ যেখানে রয়েছে, সেখানেই আঘাত হানার সক্ষমতা তাদের রয়েছে।
গত রোববার (২২ নভেম্বর) পূর্ব লিবিয়ার প্রধান শহর বেনগাজির উপকূলে এই হামলার ঘটনা ঘটে। সোমবার (২৩ নভেম্বর) ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি হামলার দায় স্বীকার করেন। তিনি জানান, ইউক্রেনের তৈরি সাতটি নৌ-ড্রোন ব্যবহার করে রুশ জাহাজ দুটিকে লক্ষ্যবস্তু করা হয়েছিল। রাশিয়ার যুদ্ধের জবাবে এটিকে একটি সফল সামরিক অভিযান বলেও উল্লেখ করেন তিনি।
ভূমধ্যসাগরে যুদ্ধের নতুন ফ্রন্ট
রাশিয়া ও ইউক্রেনের মধ্যে চলমান সংঘাত এতদিন মূলত ইউক্রেন এবং তার আশপাশের অঞ্চলকেন্দ্রিক থাকলেও বেনগাজির উপকূলে এই হামলা যুদ্ধের ভৌগোলিক বিস্তারের নতুন ইঙ্গিত দিয়েছে।
লিবিয়ার উপকূলে ইউক্রেনের সামরিক সক্ষমতার এমন প্রদর্শন বিশেষভাবে তাৎপর্যপূর্ণ। কারণ, রুশ সামরিক সরঞ্জাম বহনকারী জাহাজে এ ধরনের হামলার ঘটনা বিরল। ফলে ভূমধ্যসাগরেও রাশিয়ার সামরিক ও কৌশলগত স্বার্থ এখন ঝুঁকির মুখে পড়তে পারে।
হামলার ঘটনায় বেনগাজি কার্যত রাশিয়া-ইউক্রেন যুদ্ধের নতুন সংঘাতস্থলে পরিণত হয়েছে। মার্কিন প্রতিষ্ঠান প্ল্যানেট ল্যাবসের ধারণ করা একটি স্যাটেলাইট ছবিতে ২২ নভেম্বর বেনগাজি বন্দরে একটি জাহাজে আগুন জ্বলতে দেখা গেছে।
চাপে খলিফা হাফতার
এই হামলা লিবিয়ার পূর্বাঞ্চলের কার্যত নিয়ন্ত্রক খলিফা হাফতারকেও কঠিন পরিস্থিতিতে ফেলেছে। রাশিয়ার আফ্রিকাকেন্দ্রিক সামরিক ও কৌশলগত উপস্থিতি বিস্তারে তাঁর নিয়ন্ত্রিত সামরিক ঘাঁটিগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।
মস্কোর সঙ্গে হাফতারের ঘনিষ্ঠ সম্পর্কের কারণে পূর্ব লিবিয়া রাশিয়ার জন্য একটি গুরুত্বপূর্ণ অবস্থানে পরিণত হয়েছিল। কিন্তু রুশ জাহাজে ইউক্রেনের হামলা ওই অঞ্চলে রাশিয়ার উপস্থিতির নিরাপত্তা নিয়ে নতুন প্রশ্ন তৈরি করেছে।
সিরিয়া হারানোর পর লিবিয়ার গুরুত্ব বেড়েছিল
পূর্ব লিবিয়ায় রাশিয়ার সামরিক উপস্থিতির গুরুত্ব বেড়েছিল সিরিয়ায় তাদের অবস্থান দুর্বল হয়ে যাওয়ার পর। ২০২৪ সালের ডিসেম্বরে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের পতনের পর দেশটিতে রাশিয়ার দীর্ঘদিনের সামরিক আশ্রয়স্থল হারিয়ে যায়।
এরপর প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে মধ্যপ্রাচ্য ও আফ্রিকায় রাশিয়ার সামরিক সম্পদের বড় একটি অংশ অন্যত্র সরিয়ে নিতে হয়। পূর্ব লিবিয়া হয়ে ওঠে সেই কৌশলগত পুনর্বিন্যাসের গুরুত্বপূর্ণ ক্ষেত্র।
বেনগাজির উপকূলে সাম্প্রতিক হামলা সেই উপস্থিতির দুর্বলতাও সামনে এনেছে। রাশিয়ার সামরিক সরঞ্জাম পরিবহনে ব্যবহৃত জাহাজগুলোও যে ইউক্রেনের নাগালের বাইরে নয়, হামলার মধ্য দিয়ে সেই বার্তাই দিয়েছে কিয়েভ।
ঘটনাটি রাশিয়া-ইউক্রেন সংঘাতের ভৌগোলিক বিস্তার এবং আফ্রিকায় মস্কোর সামরিক অবস্থানের নিরাপত্তা নিয়ে নতুন আলোচনার জন্ম দিয়েছে।












