ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে এখন আর সম্মুখসারির নির্দিষ্ট কোনো সীমানা নেই। আকাশে সারাক্ষণ উড়ছে নজরদারি ও হামলাকারী ড্রোন। কয়েক মাইল দূরের কোনো সেনা, সামরিক যান, অস্ত্রের চালান কিংবা আহত সৈন্যকে উদ্ধারে ছুটে যাওয়া চিকিৎসাকর্মী—কেউই তাদের নজরদারির বাইরে নয়। রাশিয়া ও ইউক্রেনের সেনাদের মধ্যবর্তী যে বিস্তীর্ণ এলাকায় কোনো পক্ষেরই কার্যকর নিয়ন্ত্রণ নেই, সেটিই এখন পরিচিত হয়ে উঠেছে ‘কিল জোন’ বা মৃত্যুফাঁদ হিসেবে।
ড্রোনের ব্যাপক ব্যবহার ইউক্রেনের যুদ্ধের প্রচলিত চিত্র পাল্টে দিয়েছে। আগে সেনারা পরিখায় অবস্থান নিত, সাঁজোয়া যান নিয়ে সামনে এগোত এবং নির্দিষ্ট যুদ্ধসীমার পেছনে তুলনামূলক নিরাপদ অবস্থানে বিশ্রাম নিত। এখন সেই ব্যবস্থার বড় অংশ অকার্যকর হয়ে পড়েছে। আকাশ থেকে ড্রোনের নজরদারির কারণে সামান্য নড়াচড়াও প্রাণঘাতী হামলার কারণ হতে পারে।
এই বাস্তবতার সবচেয়ে কঠিন অভিজ্ঞতার মধ্য দিয়ে গেছেন ইউক্রেনের দুই সেনা হেনাদি ও মিখাইলো। সম্মুখসারিতে আহত সেনাদের জায়গায় দায়িত্ব নিতে গিয়ে তাঁদের প্রায় এক মাস থাকার কথা ছিল। কিন্তু শেষ পর্যন্ত ছয় মাসেরও বেশি সময় কাটাতে হয়েছে একটি বিধ্বস্ত বাড়িতে। তাঁদের কাছে তখন সবচেয়ে বড় দায়িত্ব ছিল কোনো অবস্থায় বেঁচে থাকা।
কয়েক মাইলজুড়ে বিস্তৃত মৃত্যুফাঁদ
২০২২ সালে রাশিয়ার পূর্ণমাত্রার আগ্রাসন শুরুর সময় যুদ্ধক্ষেত্রের চিত্র ছিল অনেকটাই পরিচিত। দুই দেশের সেনারা পরিখা ও নির্দিষ্ট অবস্থান থেকে লড়াই করত। মাঝখানে থাকত নিয়ন্ত্রণহীন একটি এলাকা। সম্মুখসারি থেকে কয়েক মাইল পেছনে সেনাদের জন্য অপেক্ষাকৃত নিরাপদ অবস্থানও ছিল।
কিন্তু নজরদারি ও আক্রমণকারী ড্রোনের বিস্তার সেই ব্যবস্থাকে ভেঙে দিয়েছে। এখন ড্রোন শুধু সম্মুখসারিতে সীমাবদ্ধ নেই। অনেক ড্রোন প্রায় ৩২ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে। নতুন ধরনের স্থির ডানার ড্রোনের পাল্লা প্রায় ৬৪ কিলোমিটার পর্যন্ত পৌঁছেছে।
ফলে যুদ্ধক্ষেত্রের বিস্তৃতি কয়েক মাইলজুড়ে ছড়িয়ে পড়েছে। আগে যে শহর বা গ্রামকে সম্মুখসারির পেছনে নিরাপদ মনে করা হতো, সেগুলোও এখন হামলার ঝুঁকিতে।
সৈন্যদের চলাচল, অস্ত্র সরবরাহ, আহতদের উদ্ধার কিংবা সামরিক যান চলাচল—সবকিছুই ড্রোনের নজরদারির মধ্যে পড়ছে। কোনো এলাকায় সেনাদের উপস্থিতি শনাক্ত হলেই সেই তথ্য আক্রমণকারী ড্রোনের কাছে পৌঁছে যেতে পারে।
ছয় মাস বিধ্বস্ত বাড়িতে বন্দিজীবন
হেনাদি ও মিখাইলোকে ইউক্রেনের দক্ষিণ-পূর্বাঞ্চলের জাপোরিঝঝিয়া এলাকার প্রিমোরস্ক শহরের কাছে দায়িত্ব দেওয়া হয়েছিল। তাঁদের ইউনিট ১২৮তম হেভি মেকানাইজড ব্রিগেড সেখানে দুই বছরের বেশি সময় ধরে মোতায়েন ছিল।
সম্মুখসারির কাছাকাছি পৌঁছানোর আগেই তাঁদের বহনকারী গাড়ি থেমে যায়। ড্রোনের হামলার ঝুঁকি থাকায় গাড়ি নিয়ে আর সামনে এগোনো সম্ভব ছিল না। বাকি পথ পায়ে হেঁটে যেতে হয়।
মাত্র এক মাইল পথ অতিক্রম করতে তাঁদের পাঁচ ঘণ্টা লেগেছিল। আকাশে থাকা ইউক্রেনীয় নজরদারি ড্রোন তাঁদের চলাচল পর্যবেক্ষণ করছিল। পেছনে অবস্থান করা কর্মকর্তারা বেতার যোগাযোগের মাধ্যমে তাঁদের পথনির্দেশ দিচ্ছিলেন। রুশ ড্রোনের উপস্থিতি শনাক্ত হলে গাছের নিচে কিংবা ভবনের ভেতরে লুকিয়ে পড়তে হতো।
শেষ পর্যন্ত তাঁরা পৌঁছান প্রায় ১৮ বর্গমিটারের একটি বিধ্বস্ত বাড়িতে। জানালাগুলো ভেঙে গিয়েছিল, ছাদের একটি অংশও ধসে পড়েছিল। সেখানে আগে থেকেই দুজন আহত সেনা অবস্থান করছিলেন। তাঁদের কাছ থেকে দায়িত্ব বুঝে নিয়ে হেনাদি ও মিখাইলোর কাজ হয় বাড়িটি ধরে রাখা এবং রুশ সেনাদের গতিবিধি পর্যবেক্ষণ করা।
চারপাশে ছিল ধ্বংসস্তূপে পরিণত হওয়া বাড়ি। শত্রুপক্ষ ঠিক কোথায় অবস্থান করছে, তা নিশ্চিতভাবে জানার উপায় ছিল না।
একই ভবনে দুই দেশের সেনা
ড্রোনের কারণে যুদ্ধক্ষেত্রের সীমানা এতটাই অস্পষ্ট হয়ে পড়েছে যে কখনো কখনো একই ভবনের ভিন্ন তলায় অবস্থান করছে দুই দেশের সেনারা।
প্রতিবেদনে ব্রাজিলীয় স্বেচ্ছাসেবক নিকের অভিজ্ঞতার কথা উঠে এসেছে। ইউক্রেনের সামরিক গোয়েন্দা বাহিনীর হয়ে লড়াই করা নিক এক বহুতল ভবনে অভিযানের সময় দেখেন, নিচতলার বেজমেন্টে ইউক্রেনীয় সেনারা অবস্থান করছেন, আর তাঁদের ঠিক ওপরের তলাগুলোতে রয়েছে রুশ সেনারা।
ড্রোন ভবনের ভেতরের জটিল কক্ষ ও সিঁড়ির পথ অনুসরণ করতে না পারায় সেখানে সরাসরি সংঘর্ষে জড়াতে হয়েছিল।
সেনাদের ভাষায়, এমন পরিস্থিতিই ‘গ্রে জোন’ বা ধূসর এলাকা। এখানে শত্রু ও মিত্রের অবস্থান সম্পর্কে নিশ্চিত হওয়া কঠিন। ড্রোনের নজরদারি থাকলেও প্রতিটি পরিস্থিতিতে আকাশ থেকে হামলা চালানো সম্ভব হয় না। ফলে কাছাকাছি দূরত্বে সরাসরি লড়াইয়ের প্রয়োজনও শেষ হয়ে যায়নি।
গুলি চালালেও বিপদ, নড়াচড়া করলেও বিপদ
হেনাদি ও মিখাইলোর দায়িত্ব ছিল মূলত শত্রুপক্ষের গতিবিধি পর্যবেক্ষণ করে বেতারে তথ্য পাঠানো। কারণ, রাইফেল থেকে গুলি চালালেই তাঁদের অবস্থান ড্রোনের কাছে প্রকাশ হয়ে যাওয়ার আশঙ্কা ছিল।
একবার তাঁরা কাছাকাছি ভবনে রুশ সেনাদের দেখতে পান। তাঁদের অবস্থান জানিয়ে দেওয়ার পর ইউক্রেনীয় ড্রোন হামলা চালায়। কিন্তু দুজন রুশ সেনা বেঁচে গিয়ে তাঁদের অবস্থানের দিকে এগিয়ে আসে।
প্রথমজন বাড়ির উঠানে ঢুকতেই হেনাদি জানালা দিয়ে গুলি চালিয়ে তাঁকে হত্যা করেন। দ্বিতীয়জনকে লক্ষ্য করেও গুলি চালানো হয়। পরে তাঁর মরদেহ পাওয়া যায় একটি বেড়ার পাশে।
আরেকবার দুই রুশ সেনা তাঁদের অবস্থানের কাছে এসে নিজেদের ইউক্রেনীয় সেনা বলে পরিচয় দেয়। মিখাইলো রুশ ভাষায় কথা বলে কিছু সময় পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন। কিন্তু কমান্ডারের নাম জানতে চাওয়ার পর তাঁদের পরিচয় নিয়ে সন্দেহ তৈরি হয় এবং সংঘর্ষ শুরু হয়।
দুই সেনার দাবি, তাঁদের অবস্থানে কয়েক দফা সংঘর্ষে মোট নয়জন রুশ সেনা নিহত হন। তবে এই সংখ্যার স্বাধীন যাচাই সম্ভব হয়নি।
মৃতদেহও সরাতে হয়, যাতে অবস্থান ফাঁস না হয়
ড্রোনের যুগে যুদ্ধক্ষেত্রে মৃতদেহও হয়ে উঠেছে অবস্থান শনাক্ত করার সূত্র। খোলা জায়গায় কোনো মরদেহ পড়ে থাকলে আকাশ থেকে সেটিকে যুদ্ধের চিহ্ন হিসেবে শনাক্ত করা সম্ভব। ফলে সেখানে সেনাদের উপস্থিতি থাকার বিষয়টি শত্রুপক্ষের নজরে আসতে পারে।
এ কারণে হেনাদি ও মিখাইলো তাঁদের হাতে নিহত রুশ সেনাদের মরদেহ টেনে বাড়ির ভেতরে নিয়ে যেতেন। একটি কক্ষে সেগুলো জমা করে তাঁরা অন্য কক্ষে থাকতেন।
নিজেদের উপস্থিতির কোনো চিহ্ন না রাখতেও তাঁরা সতর্ক ছিলেন। বাড়ির আশপাশে থাকা কুকুরকে খাবার দিতেন না। কারণ, কোনো বাড়ির চারপাশে প্রাণীর আনাগোনা দেখেও সেখানে মানুষের উপস্থিতি সম্পর্কে ধারণা পাওয়া সম্ভব।
এমনকি শৌচকর্মের জন্যও তাঁদের বাইরে যাওয়ার সুযোগ ছিল না। প্রস্রাবের জন্য প্লাস্টিকের বোতল এবং মলত্যাগের জন্য আবর্জনার ব্যাগ ব্যবহার করতেন। পরে সেগুলো বাড়ির চিলেকোঠায় জমিয়ে রাখতেন।
শীতকালে আগুন জ্বালানোও ছিল ঝুঁকিপূর্ণ। কারণ, আগুনের তাপ ড্রোনের তাপ শনাক্তকারী ক্যামেরায় ধরা পড়তে পারে। তাই শীতের রাতে দুজনকে পাশাপাশি গা ঘেঁষে ঘুমাতে হতো।
জীবন বাঁচাতেও এখন ড্রোনের ওপর নির্ভরতা
ড্রোনই যেমন সৈন্যদের জন্য সবচেয়ে বড় হুমকি, তেমনি অনেক ক্ষেত্রে বেঁচে থাকার একমাত্র অবলম্বনও।
সম্মুখসারিতে খাবার, পানি ও ওষুধ পৌঁছে দিতে এখন ড্রোন ব্যবহার করা হচ্ছে। একইভাবে আহত সেনাদের সরিয়ে নেওয়ার ক্ষেত্রেও ব্যবহার করা হচ্ছে রোবটচালিত স্থলযান।
হেনাদি ও মিখাইলোর ইউনিট গত বছরের নভেম্বর থেকে সম্মুখসারিতে গাড়ির মাধ্যমে খাবার সরবরাহ বন্ধ করে দেয়। এরপর পুরোপুরি ড্রোনের ওপর নির্ভর করতে শুরু করে।
রুশ বাহিনীতেও একই ধরনের পরিবর্তনের প্রমাণ পাওয়া গেছে। মে মাসের মাঝামাঝি এক দিনেই দক্ষিণাঞ্চলের একটি বিস্তীর্ণ যুদ্ধক্ষেত্রে রুশ ড্রোন ৬৭৮টি উড্ডয়ন করে। এসব ড্রোনের মাধ্যমে প্রায় ৪ হাজার ৫০০ পাউন্ড খাদ্য, পানি ও গোলাবারুদ সরবরাহ করা হয়।
তবে সব সরবরাহ সফল হয় না। হেনাদি ও মিখাইলোও কয়েকবার খাবার ও পানির সংকটে পড়েছিলেন। ছয় মাসের বেশি সময়ে তাঁদের প্রত্যেকের ওজন প্রায় ১৮ কেজি কমে যায়। মিখাইলোর গোড়ালির আঘাতের চিকিৎসাও সরাসরি করা সম্ভব হয়নি। তাঁর ইউনিট শুধু ড্রোনের মাধ্যমে ওষুধ পাঠাতে পেরেছিল।
এক মাসের দায়িত্ব ছয় মাসেও শেষ হয়নি
সম্মুখসারিতে সেনাদের নিয়মিত বদলি করার প্রচলিত ব্যবস্থা এখন বড় চ্যালেঞ্জের মুখে। নতুন সেনাদের সেখানে পাঠাতে গেলেও তাঁদের ড্রোনের নজরদারির মধ্যে দিয়ে যেতে হয়। একইভাবে দায়িত্ব শেষ করা সেনাদের ফিরিয়ে আনাও অত্যন্ত বিপজ্জনক।
এ ছাড়া ইউক্রেনীয় বাহিনীর কাছে পর্যাপ্ত বিকল্প সেনার অভাবও রয়েছে। ফলে অনেক সেনাকে দীর্ঘ সময় একই অবস্থানে থাকতে হচ্ছে।
হেনাদি ও মিখাইলো প্রথমে প্রায় এক মাস থাকার প্রস্তুতি নিয়েছিলেন। কিন্তু তাঁদের ছয় মাসের বেশি সময় কাটাতে হয় ওই বিধ্বস্ত বাড়িতে।
ইউক্রেনের সামরিক ন্যায়পাল কার্যালয়ের একটি গবেষণায় দেখা গেছে, সম্মুখসারিতে দায়িত্ব পালনকারী অনেক সেনার মানসিকভাবে ভেঙে পড়ার সময়সীমা সাধারণত ৩০ থেকে ৬০ দিনের মধ্যে শুরু হতে পারে। এর পর অনেকের মধ্যে উদ্বেগ, উদাসীনতা এবং বেঁচে ফেরার আশা হারানোর প্রবণতা দেখা দেয়।
হেনাদি ও মিখাইলোও দীর্ঘ সময় ধরে এমন মানসিক চাপের মধ্যে ছিলেন। তাঁদের বেঁচে থাকার প্রেরণা ছিল পরিবারের কাছ থেকে পাওয়া কণ্ঠবার্তা এবং ড্রোনে পাঠানো ছোট ছোট খাবারের প্যাকেট।
যুদ্ধের ভবিষ্যৎ আরও বিপজ্জনক হওয়ার আশঙ্কা
সামরিক বিশেষজ্ঞদের আশঙ্কা, প্রযুক্তির উন্নতির সঙ্গে সঙ্গে এই মৃত্যুফাঁদ আরও বিস্তৃত হবে। ড্রোনের পাল্লা বাড়লে যুদ্ধের ঝুঁকি সম্মুখসারি ছাড়িয়ে আরও দূরের শহর ও জনবসতিতে ছড়িয়ে পড়বে। কৃত্রিম বুদ্ধিমত্তা যুক্ত হলে লক্ষ্যবস্তু শনাক্ত করা এবং হামলা চালানোর মধ্যবর্তী সময় আরও কমে আসতে পারে।
যুদ্ধক্ষেত্রে ড্রোনের ব্যবহার বাড়লেও পদাতিক সেনার প্রয়োজনীয়তা শেষ হয়ে যাচ্ছে না। ড্রোন কোনো অবস্থান ধ্বংস করতে পারে, কিন্তু সেই এলাকা দখল করে ধরে রাখার কাজ মানুষেরই করতে হয়।
ইউক্রেনের সাবেক ড্রোন অপারেটর দিমিত্রো পুতিয়াতা মনে করেন, ড্রোন সেনাবাহিনীর সক্ষমতা বহুগুণ বাড়াতে পারে, কিন্তু পদাতিক সেনার বিকল্প হতে পারে না। কারণ, শত্রুর নিয়ন্ত্রণে থাকা বাংকার বা অবস্থান থেকে সেনাদের সরিয়ে দেওয়া এবং ভূখণ্ড দখলে রাখা এখনো মানুষের দায়িত্ব।
অবশেষে ২২ মার্চ হেনাদি ও মিখাইলোর কাছে তাঁদের বদলি সেনা পাঠানোর খবর আসে। পরদিন ভোরে তাঁরা বাড়ি থেকে বের হন। ঢোকার সময় যে পথ মাত্র এক মাইল ছিল, ছয় মাসের ব্যবধানে ড্রোনের বিস্তৃত নজরদারির কারণে বের হওয়ার পথ বেড়ে দাঁড়ায় ছয় মাইল।
পরিকল্পিত পথ ধরে তাঁদের চার দিন হাঁটতে হয়। বিভিন্ন জায়গায় আগে থেকেই খাবার ও প্রয়োজনীয় সরঞ্জাম ফেলে রাখা হয়েছিল। ২৭ মার্চ তাঁদের উদ্ধার করা সম্ভব হয়।
সামরিক অবস্থানে ফিরে দুজনকে প্রায় চেনাই যাচ্ছিল না। তাঁরা দুজনই অনেক ওজন হারিয়েছিলেন। হেনাদির স্ত্রী তাঁকে চকলেট কেক খেতে দেখে ফোন করেন। কারণ, একসঙ্গে দীর্ঘ জীবন কাটালেও হেনাদি সব সময় বলতেন, তিনি চকলেট কেক পছন্দ করেন না। ক্ষুধার কারণে এবার সেই অপছন্দও আর টেকেনি।
ছয় মাসের সেই অভিজ্ঞতার সারকথা মিখাইলোর একটি বাক্যে স্পষ্ট হয়ে ওঠে—তাঁদের একমাত্র কাজ ছিল যেকোনো মূল্যে বেঁচে থাকা।












