ওজন কমানোর জন্য ব্যবহৃত বিশেষ ধরনের ওষুধ মাঝপথে বন্ধ করলে হৃদ্রোগ, স্ট্রোক এবং অকালমৃত্যুর ঝুঁকি উল্লেখযোগ্যভাবে বেড়ে যেতে পারে। টাইপ-২ ডায়াবেটিসে আক্রান্ত প্রায় ৮০ হাজার মানুষের স্বাস্থ্যতথ্য বিশ্লেষণ করে এমন উদ্বেগজনক চিত্র পেয়েছেন গবেষকেরা। গবেষণায় দেখা গেছে, এসব ওষুধ গ্রহণ বন্ধ করা ব্যক্তিদের হৃদ্রোগ বা যেকোনো কারণে মৃত্যুর সম্মিলিত ঝুঁকি চিকিৎসা চালিয়ে যাওয়া ব্যক্তিদের তুলনায় প্রায় দ্বিগুণ।
বিশেষজ্ঞদের মতে, ওজন কমে যাওয়ার পর অনেকেই নিজেদের সুস্থ মনে করে ওষুধ বন্ধ করে দেন। কিন্তু এসব ওষুধের কাজ শুধু ওজন কমানো নয়, শরীরের বিপাকীয় স্বাস্থ্য এবং হৃদ্যন্ত্রের সুরক্ষার সঙ্গেও এর সম্পর্ক রয়েছে। তাই চিকিৎসকের পরামর্শ ছাড়া এ ধরনের ওষুধ শুরু করা কিংবা বন্ধ করা—দুটিই ঝুঁকিপূর্ণ।
ওষুধ বন্ধের পর কেন বাড়ছে হৃদ্রোগের ঝুঁকি
গবেষণায় টাইপ-২ ডায়াবেটিসে আক্রান্ত ৮০ হাজার ৩০২ জনের স্বাস্থ্যতথ্য বিশ্লেষণ করা হয়েছে। তাঁরা সবাই ওজন ও রক্তে শর্করা নিয়ন্ত্রণে জিএলপি-১ শ্রেণির ওষুধ গ্রহণ শুরু করেছিলেন। কিন্তু তাঁদের মধ্যে প্রায় ৬০ দশমিক ৫ শতাংশ পরবর্তী সময়ে চিকিৎসা বন্ধ করে দেন। বেশির ভাগ ক্ষেত্রেই এক বছর ব্যবহারের পর তাঁরা ওষুধ নেওয়া ছেড়ে দেন।
গবেষকেরা তুলনামূলক বিশ্লেষণের জন্য দুটি সমান দল তৈরি করেন। একটি দলে ছিলেন ২৮ হাজার ৭১৩ জন, যাঁরা ওষুধ গ্রহণ চালিয়ে গেছেন। অন্য দলে ছিলেন সমসংখ্যক মানুষ, যাঁরা চিকিৎসা বন্ধ করেছেন।
বয়স, শরীরের ওজন, রক্তে শর্করার মাত্রা, ডায়াবেটিসের সময়কাল এবং অন্যান্য ওষুধ ব্যবহারের মতো বিষয় বিবেচনায় নিয়ে দুই দলের মধ্যে তুলনা করা হয়।
ফলাফলে দেখা যায়, প্রতি ১০০ ব্যক্তি-বছরে হৃদ্রোগ, স্ট্রোক অথবা যেকোনো কারণে মৃত্যুর সম্মিলিত ঘটনা চিকিৎসা বন্ধ করা ব্যক্তিদের মধ্যে ৩ দশমিক ৯৪টি। অন্যদিকে চিকিৎসা চালিয়ে যাওয়া ব্যক্তিদের ক্ষেত্রে এই হার ১ দশমিক ৯৬।
অর্থাৎ, ওষুধ বন্ধ করা ব্যক্তিদের ক্ষেত্রে এসব গুরুতর ঘটনার হার প্রায় দ্বিগুণ।
মৃত্যুর ক্ষেত্রে পার্থক্য আরও বেশি। চিকিৎসা বন্ধ করা ব্যক্তিদের মধ্যে প্রতি ১০০ ব্যক্তি-বছরে মৃত্যুর ঘটনা ছিল ২ দশমিক ২৩টি। আর চিকিৎসা চালিয়ে যাওয়া ব্যক্তিদের ক্ষেত্রে তা ছিল শূন্য দশমিক ৪৮টি।
এ হিসাবে যেকোনো কারণে মৃত্যুর সঙ্গে ওষুধ বন্ধ করার সম্পর্ক প্রায় পাঁচ গুণ বেশি পাওয়া গেছে। তবে এর অর্থ এই নয় যে শুধু হার্ট অ্যাটাক বা স্ট্রোকে মৃত্যুর ঝুঁকি পাঁচ গুণ বেড়েছে।
শুধু ওজন কমানো নয়, হৃদ্যন্ত্রের সুরক্ষাও গুরুত্বপূর্ণ
জিএলপি-১ শ্রেণির ওষুধ মূলত রক্তে শর্করা নিয়ন্ত্রণ এবং ওজন কমাতে ব্যবহৃত হয়। তবে এসব ওষুধের সম্ভাব্য উপকারিতা শুধু এই দুই ক্ষেত্রেই সীমাবদ্ধ নয়।
বিশেষজ্ঞদের ধারণা, রক্তনালিতে প্রদাহ কমানো এবং সেখানে জমে থাকা চর্বির স্তরকে স্থিতিশীল রাখার মাধ্যমেও এসব ওষুধ হৃদ্যন্ত্রকে সুরক্ষা দিতে পারে।
রক্তনালির ভেতরে চর্বি জমে যে স্তর তৈরি হয়, সেটি দুর্বল হয়ে ফেটে গেলে রক্ত জমাট বাঁধতে পারে। এর ফলে হার্ট অ্যাটাক বা স্ট্রোকের আশঙ্কা তৈরি হয়। জিএলপি-১ শ্রেণির ওষুধ প্রদাহ কমিয়ে এই স্তরকে তুলনামূলক স্থিতিশীল রাখতে সহায়তা করতে পারে বলে বিশেষজ্ঞদের ধারণা।
তাই ওজন কমে গেলেও ওষুধ বন্ধ করলে এর সম্ভাব্য হৃদ্রোগ প্রতিরোধী উপকারিতা হারিয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।
গবেষণার ফল নিয়ে সতর্ক থাকার পরামর্শ
তবে গবেষকেরা মনে করছেন, এই ফলাফলকে চূড়ান্ত সিদ্ধান্ত হিসেবে নেওয়ার সুযোগ নেই।
গবেষণাটিতে ২০০৪ সাল থেকে এসব ওষুধ ব্যবহার করা রোগীদের তথ্য অন্তর্ভুক্ত হয়েছে। ফলে তাঁদের বড় একটি অংশ আধুনিক ওজন কমানোর ওষুধ ব্যবহার করেননি। অংশগ্রহণকারীদের মধ্যে মাত্র ৮ হাজারের কিছু বেশি, অর্থাৎ ১৪ দশমিক ৩ শতাংশ সেমাগ্লুটাইড ব্যবহার করেছিলেন। আর তুলনামূলক নতুন ও কার্যকর ওজন কমানোর ওষুধ টিরজেপাটাইড ব্যবহারকারীর কোনো তথ্য এতে ছিল না।
এ ছাড়া ওষুধ গ্রহণ শুরুর আগে অংশগ্রহণকারীদের হৃদ্রোগের ঝুঁকি কতটা ছিল, সে সম্পর্কেও পর্যাপ্ত তথ্য পাওয়া যায়নি।
গবেষণাটি ইতালির ৩০১টি ডায়াবেটিস চিকিৎসাকেন্দ্রের পুরোনো স্বাস্থ্যতথ্য বিশ্লেষণ করে করা হয়েছে। অর্থাৎ, রোগীদের ইচ্ছাকৃতভাবে দুই ভাগে ভাগ করে একদলকে ওষুধ চালিয়ে যেতে এবং অন্য দলকে বন্ধ করতে বলা হয়নি।
পরিসংখ্যানের মাধ্যমে দুই দলের মধ্যে মিল রাখার চেষ্টা করা হলেও সব ধরনের পার্থক্য বিবেচনায় নেওয়া সম্ভব হয়নি। ফলে ওষুধ বন্ধ করাই সরাসরি হৃদ্রোগ বা মৃত্যুর কারণ—এমন সিদ্ধান্ত এখনই দেওয়া যাচ্ছে না।
কেন মাঝপথে ওষুধ বন্ধ করেন রোগীরা
বিশেষজ্ঞদের অভিজ্ঞতায়, কয়েকটি কারণে রোগীরা ওজন কমানোর ওষুধ গ্রহণ বন্ধ করেন। এর মধ্যে রয়েছে বমি বমি ভাব, পেটের অস্বস্তি, প্রত্যাশা অনুযায়ী ওজন না কমা এবং ওজন কমে যাওয়ার পর চিকিৎসার প্রয়োজন নেই বলে মনে করা।
দীর্ঘদিন ওষুধ চালিয়ে যাওয়ার খরচও অনেকের জন্য বড় বাধা হয়ে দাঁড়ায়।
অনেক রোগী পরিবার ও বন্ধুদের পরামর্শে ওষুধ বন্ধ করেন। নতুন ধরনের ওষুধ নিয়ে ভয়, পার্শ্বপ্রতিক্রিয়া এবং খাবারদাবারের ওপর বিধিনিষেধের বিরক্তিও তাঁদের সিদ্ধান্তে প্রভাব ফেলে।
বিশেষজ্ঞদের পর্যবেক্ষণ অনুযায়ী, অনেকেই চিকিৎসকের সঙ্গে আলোচনা না করেই ওষুধ বন্ধ করেন। পরে আবার ওজন বাড়তে শুরু করলে চিকিৎসকের কাছে বিষয়টি জানান।
ওষুধ বন্ধ করলে শরীরে কী পরিবর্তন আসে
ওষুধ বন্ধ করার পর অনেকের শরীরে আগের হারানো ওজনের একটি অংশ ফিরে আসে। তবে সবার ক্ষেত্রে ওজন বাড়ার পরিমাণ এক নয়।
কেউ খাবার নিয়ন্ত্রণ ও নিয়মিত ব্যায়ামের মাধ্যমে ওজন ধরে রাখতে পারেন। আবার কারও ক্ষেত্রে উল্লেখযোগ্য পরিমাণ ওজন ফিরে আসে। ডায়াবেটিসে আক্রান্ত ব্যক্তিদের রক্তে শর্করার মাত্রাও বেড়ে যেতে পারে।
তবে ওষুধ বন্ধ করে পরে আবার শুরু করলে শরীরে কী ধরনের প্রভাব পড়ে, সে বিষয়ে এখনো পর্যাপ্ত গবেষণা নেই। বিরতির পর ওষুধের কার্যকারিতা কমে যায় কি না, কিংবা শরীরের প্রতিক্রিয়ায় কোনো পরিবর্তন আসে কি না, সেটিও স্পষ্ট নয়।
বিশেষজ্ঞদের পরামর্শ, ওজন কমানোকে স্বল্পমেয়াদি লক্ষ্য হিসেবে দেখা উচিত নয়। দীর্ঘমেয়াদে ওজন ধরে রাখা, রক্তে শর্করা নিয়ন্ত্রণ এবং হৃদ্যন্ত্রের সুস্থতা নিশ্চিত করাই মূল লক্ষ্য হওয়া প্রয়োজন।
তাই এসব ওষুধ ব্যবহারের আগে চিকিৎসকের পরামর্শ নেওয়া এবং চিকিৎসা চলাকালে কোনো পরিবর্তন আনার প্রয়োজন হলে চিকিৎসকের সঙ্গে আলোচনা করা জরুরি।












