সিলেট বিভাগে হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে বিভাগটিতে হাম ও হামের উপসর্গ নিয়ে মৃত শিশুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২২৯ জনে। একই সময়ে বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন রোগীর সংখ্যাও বেড়েছে।
সিলেট স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, সোমবার সকাল থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই তিন শিশুর মৃত্যু হয়।
মৃত শিশুদের মধ্যে দুজন সুনামগঞ্জ জেলার এবং একজন মৌলভীবাজারের বাসিন্দা। সুনামগঞ্জের ছাতক উপজেলার রফিক উল্লাহর এক বছর দুই মাস বয়সী মেয়ে মুনতাহা জান্নাত ফারিহা এবং দোয়ারাবাজার উপজেলার সুমন দাসের নয় মাস বয়সী ছেলে বর্ষণ দাস মারা গেছে। অন্যদিকে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শতলাল দাসের এক বছর বয়সী মেয়ে প্রিয়নর্শী দাসের মৃত্যু হয়েছে।
হাসপাতালে বাড়ছে রোগীর চাপ
সিলেট স্বাস্থ্য বিভাগের মঙ্গলবার সকালের প্রতিবেদন অনুযায়ী, বিভাগের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ৫৫০ জন রোগী চিকিৎসাধীন ছিলেন। এর আগের ২৪ ঘণ্টায় নতুন করে ১৬৪ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
নতুন রোগী ভর্তি এবং মৃত্যুর ঘটনা অব্যাহত থাকায় বিভাগজুড়ে হামের সংক্রমণ পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়ছে।
পরীক্ষায় হাম শনাক্ত ১ হাজার ৮৪০ জনের
স্বাস্থ্য বিভাগের পরিসংখ্যান অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৪ নভেম্বর পর্যন্ত সিলেট বিভাগে পরীক্ষাগারে ১ হাজার ৮৪০ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে।
অন্যদিকে হাম ও হামের উপসর্গ নিয়ে এ পর্যন্ত মারা যাওয়া ২২৯ জনের মধ্যে পরীক্ষাগারে মাত্র ১০ জনের শরীরে হাম শনাক্ত হয়েছিল। বাকি মৃত্যুগুলো ঘটেছে হামের উপসর্গ নিয়ে।
সিলেট স্বাস্থ্য বিভাগের সহকারী পরিচালক মোহাম্মদ নূরে আলম শামীম নতুন করে তিন শিশুর মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন।












