যুক্তরাজ্যের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম বিবিসির অর্থায়ন ব্যবস্থা ক্রমেই চাপের মুখে পড়ছে। বর্তমান অর্থায়ন কাঠামো অপরিবর্তিত থাকলে আগামী এক দশকের মধ্যে দেশটির অর্ধেকেরও বেশি পরিবার বিবিসির টেলিভিশন লাইসেন্স ফি দেওয়া বন্ধ করতে পারে। ২০৩৭-৩৮ অর্থবছরে এই হার আরও বেড়ে মোট পরিবারের দুই-তৃতীয়াংশের বেশি লাইসেন্স ফি না দেওয়ার অবস্থায় পৌঁছাতে পারে। এতে প্রতিষ্ঠানটির অর্থায়ন ব্যবস্থা দীর্ঘমেয়াদি সংকটে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে।
স্বাধীন গণমাধ্যম পরামর্শক প্রতিষ্ঠান অলিভার অ্যান্ড ওলবাম অ্যাসোসিয়েটসের পূর্বাভাসে বলা হয়েছে, লাইসেন্স ফি থেকে বিবিসির আয় ধারাবাহিকভাবে কমতে থাকবে। এর ফলে অনুষ্ঠান নির্মাণে ব্যয় কমাতে হবে, আর আকর্ষণীয় অনুষ্ঠান তৈরির সক্ষমতা কমে গেলে দর্শকও হারাবে প্রতিষ্ঠানটি। এভাবে আয় ও দর্শক কমার একটি নেতিবাচক চক্র তৈরি হতে পারে।
১২ বছরে আয় কমে দাঁড়াবে অর্ধেকেরও নিচে
প্রতিবেদন অনুযায়ী, ২০২৪-২৫ অর্থবছরে বিবিসির টেলিভিশন লাইসেন্স ফি থেকে আয় ছিল ৩৮০ কোটি পাউন্ড। কিন্তু মূল্যস্ফীতি সমন্বয়ের পর ২০৩৭-৩৮ অর্থবছরে এই আয় কমে ১৬০ কোটি পাউন্ডে দাঁড়াতে পারে।
অর্থাৎ এক দশকের কিছু বেশি সময়ে বিবিসির প্রকৃত আয় অর্ধেকেরও নিচে নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে।
গত বছর যুক্তরাজ্যের ৭৭ শতাংশ পরিবার লাইসেন্স ফি দিয়েছে। কিন্তু ২০৩৩-৩৪ অর্থবছরের মধ্যে অর্ধেকের বেশি পরিবার এই ফি দেওয়া বন্ধ করতে পারে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।
ইতোমধ্যে লাইসেন্স ফি না দেওয়া পরিবারের সংখ্যা বাড়ছে। ২০১৫ সালে যেখানে প্রায় ৯ শতাংশ পরিবার এই ফি দিত না, গত বছর সেই হার বেড়ে প্রায় ২৩ শতাংশে পৌঁছেছে।
স্ট্রিমিং দেখলেই ফি দেওয়ার প্রস্তাব
বিবিসির অর্থায়ন কাঠামো সংস্কারে নতুন পরিকল্পনা তৈরি করছে যুক্তরাজ্য সরকার। দেশটির সংস্কৃতিমন্ত্রী লিসা ন্যান্ডি চলতি বছরের শেষ নাগাদ এ বিষয়ে প্রস্তাব প্রকাশ করতে পারেন।
প্রস্তাবিত পরিবর্তনের মধ্যে রয়েছে, যেসব পরিবার স্ট্রিমিং সেবা ব্যবহার করে, তাদেরও বিবিসির লাইসেন্স ফি দিতে হবে। বর্তমানে শুধু সরাসরি টেলিভিশন সম্প্রচার দেখা কিংবা বিবিসির আইপ্লেয়ার ব্যবহারকারীদের এই ফি দিতে হয়।
নতুন প্রস্তাব কার্যকর হলে নেটফ্লিক্স, ডিজনি প্লাস, অ্যামাজন ও ইউটিউবের মতো প্ল্যাটফর্ম ব্যবহারকারীরাও লাইসেন্স ফি দেওয়ার আওতায় আসতে পারেন।
তবে এই পরিকল্পনা নিয়ে বিতর্ক তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে। কারণ, যেসব দর্শক বিবিসির অনুষ্ঠান দেখেন না, তাদেরও অন্য স্ট্রিমিং সেবা ব্যবহারের কারণে ফি দিতে হতে পারে।
বিবিসির পরবর্তী ১০ বছর মেয়াদি সনদ বা চার্টার নবায়নের অংশ হিসেবে নতুন অর্থায়ন কাঠামো যুক্ত হতে পারে।
দর্শক কমছে, ইউটিউবকে ছাড়িয়ে যাওয়ার শঙ্কা
বিবিসির অর্থায়ন সংকটের পাশাপাশি দর্শকসংখ্যা কমে যাওয়াও বড় উদ্বেগের কারণ হয়ে উঠেছে।
পূর্বাভাস অনুযায়ী, টেলিভিশন সেটে বিবিসি দেখার দৈনিক গড় সময় ২০২৪-২৫ অর্থবছরের ৪৬ মিনিট থেকে কমে ২০৩৭-৩৮ অর্থবছরে ২৩ মিনিটে নেমে আসতে পারে।
অন্যদিকে, ২০৩২-৩৩ অর্থবছরের মধ্যে টেলিভিশন সেটে দর্শকসংখ্যার বিচারে ইউটিউব বিবিসিকে ছাড়িয়ে যেতে পারে।
তবে এখনো যুক্তরাজ্যের সবচেয়ে বেশি ব্যবহৃত গণমাধ্যম ব্র্যান্ড বিবিসি। দেশটির প্রাপ্তবয়স্ক জনগোষ্ঠীর ৯৪ শতাংশ প্রতি মাসে কোনো না কোনোভাবে বিবিসির সেবা গ্রহণ করে।
উৎপাদন ব্যয় ও নীতিগত চাপ
বিবিসির সংকটের পেছনে একাধিক কারণ রয়েছে। টেলিভিশন অনুষ্ঠান নির্মাণের ব্যয় বেড়েছে। একই সময়ে স্ট্রিমিং প্ল্যাটফর্ম ও ডিজিটাল মাধ্যম মানুষের সংবাদ ও বিনোদন গ্রহণের অভ্যাস বদলে দিয়েছে।
এর সঙ্গে গত এক দশকে লাইসেন্স ফির পরিমাণ স্থির রাখা এবং আগের সরকারগুলোর আরোপ করা অতিরিক্ত ব্যয় বিবিসির আর্থিক সক্ষমতা কমিয়েছে।
অর্থায়ন সংকট মোকাবিলায় পরিবারভিত্তিক বাধ্যতামূলক নতুন কর বা লেভি চালুর মতো বিকল্পও আলোচনায় এসেছে। তবে যুক্তরাজ্যের অর্থ মন্ত্রণালয় রাজনৈতিক বাস্তবতার কারণে এ ধরনের প্রস্তাব গ্রহণযোগ্য নয় বলে বিবেচনা করছে।
বর্তমান কাঠামো নিয়ে উদ্বেগ
রিসেট টেক থিংকট্যাংকের একটি প্রতিবেদনে বিবিসির অর্থায়ন ও ভবিষ্যৎ ব্যয়ের চিত্র তুলে ধরা হয়েছে। এতে বলা হয়েছে, বর্তমান প্রবণতা অব্যাহত থাকলে পরবর্তী চার্টার পর্যালোচনার সময় বিবিসির টেলিভিশন অনুষ্ঠান নির্মাণে ব্যয় অর্ধেকেরও বেশি কমে যেতে পারে।
সংস্থাটির যুক্তরাজ্যবিষয়ক পরিচালক ডিলান স্পার্কস বলেছেন, বিবিসি দেশটির গুরুত্বপূর্ণ জাতীয় অবকাঠামোর অংশ। প্রতিষ্ঠানটির দীর্ঘমেয়াদি টিকে থাকা ও বিকাশ নিশ্চিত করতে এমন অর্থায়ন ব্যবস্থা প্রয়োজন, যা সর্বজনীন, সাশ্রয়ী এবং টেকসই।
বিবিসির পরবর্তী চার্টার নবায়ন তাই শুধু লাইসেন্স ফির পরিবর্তন নয়, বরং ডিজিটাল যুগে রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যমের অর্থায়ন ও ভূমিকা কীভাবে নির্ধারিত হবে, সেই প্রশ্নেরও মীমাংসা করবে।












