উচ্চ মুনাফার আশায় ক্রিপ্টোকারেন্সিতে বিনিয়োগ করে বড় ধরনের আর্থিক বিপর্যয়ের মুখে পড়েছেন চীনের বহু বিনিয়োগকারী। আন্তর্জাতিক ক্রিপ্টো এক্সচেঞ্জ বিটমার্টের কার্যক্রম বন্ধের ঘোষণা এবং পরবর্তী আর্থিক পুনর্গঠন প্রক্রিয়ায় গ্রাহকদের সম্পদ আটকে গেছে। একসময় বিশ্বের শীর্ষ ২০ ক্রিপ্টো এক্সচেঞ্জের তালিকায় থাকা প্রতিষ্ঠানটির এই পরিস্থিতি অনিয়ন্ত্রিত ডিজিটাল সম্পদবাজারের ঝুঁকি নতুন করে সামনে এনেছে।
গত ২৬ জুলাই বিটমার্ট জানায়, তারা কার্যক্রম স্থগিত করবে এবং কয়েক মাসের মধ্যে ব্যবসা বন্ধ করে দেবে। প্রতিষ্ঠানটি গ্রাহকদের সম্পদ উত্তোলনের সুযোগ অব্যাহত রাখার আশ্বাস দিলেও অনেক বিনিয়োগকারী তাঁদের অর্থ ফেরত পাননি।
চীনের হাংঝুর ২৬ বছর বয়সী বিনিয়োগকারী ভেনাস এর অন্যতম উদাহরণ। গত ১১ জুলাই তিনি বিটমার্টের একটি উচ্চ মুনাফার সঞ্চয় প্রকল্পে ১ লাখ ইউএসডিজি বিনিয়োগ করেন। ডলারের সঙ্গে সমমূল্যে সংযুক্ত এই স্টেবলকয়েনের বিপরীতে ১৪ দিনের জন্য বার্ষিক ১৮ দশমিক ৮ শতাংশ মুনাফার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল।
কিন্তু বিনিয়োগের মেয়াদ শেষ হওয়ার দিনই প্রতিষ্ঠানটি কার্যক্রম বন্ধের ঘোষণা দেয়। ভেনাস তাঁর মূল বিনিয়োগ ফেরত পাননি। একই সঙ্গে তাঁর অ্যাকাউন্টে থাকা প্রায় ৩০ হাজার ইউএসডিটি উত্তোলনও সম্ভব হয়নি।
৩১৯ মিলিয়ন ডলারের ঘাটতি, হাতে মাত্র ১.৯ মিলিয়ন
অক্টোবরে বিটমার্ট আর্থিক পুনর্গঠন পরিকল্পনায় যায়। প্রতিষ্ঠানটির দেওয়া ব্যাখ্যায় বলা হয়, ক্রিপ্টো বাজারের প্রতিকূল পরিস্থিতি, ২০২১ সালের সাইবার হামলাজনিত ৩১৯ দশমিক ৫ মিলিয়ন ডলারের আর্থিক ঘাটতি, কৃত্রিম লেনদেন এবং গ্রাহকদের প্ল্যাটফর্ম ছেড়ে যাওয়ার কারণে সংকট তৈরি হয়েছে।
তবে সবচেয়ে উদ্বেগজনক তথ্য হলো, ঋণদাতাদের অর্থ পরিশোধের জন্য প্রতিষ্ঠানের হাতে নগদ ও দ্রুত ব্যবহারযোগ্য সম্পদ ছিল মাত্র ১ দশমিক ৯ মিলিয়ন ডলার বলে সংশ্লিষ্ট ব্যক্তিরা জানিয়েছেন।
২০১৭ সালে চীনা প্রযুক্তি উদ্যোক্তা শেলডন জিয়ার প্রতিষ্ঠিত বিটমার্টের নিবন্ধিত গ্রাহকসংখ্যা একসময় ১ কোটি ৩০ লাখ ছাড়িয়েছিল। এত বড় গ্রাহকভিত্তি থাকা সত্ত্বেও প্রতিষ্ঠানটির প্রকৃত আর্থিক অবস্থান সম্পর্কে গ্রাহকদের কাছে স্বচ্ছ তথ্য ছিল না।
প্রতিষ্ঠানটির হিসাবের স্বাধীন তৃতীয় পক্ষের নিরীক্ষা গ্রাহক ও ঋণদাতাদের কাছে প্রকাশ করা হয়নি। এমনকি ব্যবসা পরিচালনার প্রায় এক দশকে প্রতিষ্ঠানটির আর্থিক মজুতের নির্ভরযোগ্য প্রকাশ্য প্রমাণও পাওয়া যায়নি।
কম সুদের বাজারে বেশি মুনাফার সন্ধান
চীনের বিনিয়োগকারীদের ক্রিপ্টো বাজারে ঝুঁকে পড়ার পেছনে রয়েছে দেশটির অর্থনৈতিক পরিস্থিতি। প্রচলিত ব্যাংক আমানতে সুদের হার কম। শেয়ারবাজার থেকেও প্রত্যাশিত মুনাফা পাওয়া যাচ্ছে না। একই সময়ে বিদেশি বিনিয়োগ ও আন্তসীমান্ত শেয়ার লেনদেনের ওপর বেইজিংয়ের নিয়ন্ত্রণ কঠোর হয়েছে।
ফলে বিকল্প বিনিয়োগের সন্ধানে অনেকেই বিদেশভিত্তিক ক্রিপ্টো এক্সচেঞ্জের দিকে ঝুঁকছেন।
চীনে ২০২১ সাল থেকে ক্রিপ্টোকারেন্সি লেনদেন, মাইনিং ও সংশ্লিষ্ট ব্যবসা নিষিদ্ধ। তবে ব্যক্তিগতভাবে ডিজিটাল সম্পদের মালিকানা রাখা নিষিদ্ধ নয়। এই পরিস্থিতিতে দেশের বাইরে পরিচালিত এক্সচেঞ্জগুলো চীনা বিনিয়োগকারীদের আকৃষ্ট করছে।
বিটমার্টের মতো প্রতিষ্ঠানগুলো গ্রাহক আকর্ষণে স্বল্পমেয়াদি উচ্চ মুনাফার প্রকল্প চালু করে। এসব প্রকল্পের অর্থ সাধারণত ব্যবসায়ী ও বাজারের অন্যান্য অংশগ্রহণকারীকে ঋণ দেওয়া, স্টেকিং এবং প্রচারমূলক ভর্তুকির মাধ্যমে ব্যবস্থাপনা করা হয়। তবে বিটমার্ট তাদের ইউএসডিজি প্রকল্পের মুনাফা কীভাবে তৈরি করত, তা স্পষ্ট করেনি।
বাজারের মন্দায় প্রকাশ পেয়েছে অভ্যন্তরীণ দুর্বলতা
প্রতিষ্ঠানটির সাবেক কর্মীদের ভাষ্য অনুযায়ী, ২০২৫ সালের অক্টোবর থেকে ক্রিপ্টো বাজারে মন্দা শুরু হওয়ার পর বিটমার্টের সংকট বাড়তে থাকে। চলতি বছরের ফেব্রুয়ারি থেকেই সমস্যার লক্ষণ দেখা যায়। কর্মীদের কমিশন কমানো হয়, নিয়োগ বন্ধ করা হয় এবং বেতন ও অন্যান্য পাওনা পরিশোধ কঠিন হয়ে পড়ে।
ক্রিপ্টো তথ্য বিশ্লেষণকারী প্রতিষ্ঠান কয়েনগিকোর হিসাব অনুযায়ী, চলতি বছরের তৃতীয় প্রান্তিকে শীর্ষ ১০ কেন্দ্রীয় ক্রিপ্টো এক্সচেঞ্জের স্পট লেনদেনের পরিমাণ আগের প্রান্তিকের তুলনায় ১৪ দশমিক ২ শতাংশ কমে ১ লাখ ৬৫ হাজার কোটি ডলারে দাঁড়ায়।
বিটমার্টের আয় কমার আরেকটি কারণ ছিল নতুন ও কম পরিচিত টোকেন তালিকাভুক্ত করার ব্যবসায় ধস। একজন সাবেক কর্মীর দাবি, এ খাত থেকে প্রতিষ্ঠানের আয় গত বছরের অক্টোবরে ১০ লাখ ডলার থাকলেও চলতি বছরের জুনে তা কমে প্রায় আড়াই লাখ ডলারে নেমে আসে।
সাবেক কর্মীদের অভিযোগ, দুর্বল অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ এবং অতিরিক্ত ব্যবসায়িক লক্ষ্যমাত্রার কারণে কৃত্রিম লেনদেনের সুযোগ তৈরি হয়েছিল। এসব লেনদেনের মাধ্যমে কিছু গোষ্ঠী প্রতিষ্ঠানের ছাড় ও প্রণোদনা ব্যবস্থার সুযোগ নিয়ে আর্থিক ক্ষতি করেছে।
৩৪ মিলিয়ন ডলার ফেরত পেতে সংগঠিত গ্রাহকরা
বিটমার্টের অন্তত ৭৪ জন আন্তর্জাতিক গ্রাহক, যাঁদের আটকে থাকা অর্থের পরিমাণ প্রায় ৩৪ মিলিয়ন ডলার, আইনি পদক্ষেপের প্রস্তুতি নিচ্ছেন। তাঁরা একটি যৌথ গ্রাহকগোষ্ঠী গঠন করে আইনজীবী নিয়োগ করেছেন।
গ্রাহকদের প্রধান আপত্তি প্রতিষ্ঠানটির পুনর্গঠন প্রস্তাব নিয়ে। প্রস্তাব অনুযায়ী, গ্রাহকদের ক্রিপ্টো সম্পদের পরিবর্তে ডলারে নির্ধারিত অর্থের দাবি দেওয়া হতে পারে। তাঁদের আইনজীবীর বক্তব্য, এতে ডিজিটাল মুদ্রার ওপর গ্রাহকদের প্রকৃত মালিকানার অধিকার ক্ষুণ্ন হওয়ার আশঙ্কা রয়েছে।
গত ২ নভেম্বর বিটমার্টের শীর্ষ ৫০ গ্রাহকের সঙ্গে পুনর্গঠন বিষয়ে বৈঠক করে প্রতিষ্ঠানটির নিয়োগ করা পরামর্শক সংস্থা অ্যালভারেজ অ্যান্ড মার্সাল। তবে বৈঠকে গ্রাহকদের প্রশ্নোত্তরের সুযোগ ছিল না। পুনর্গঠন প্রক্রিয়া কোন আইনি কাঠামোর অধীনে পরিচালিত হবে, সেটিও পরিষ্কার করা হয়নি।
এর মধ্যে গত ৪ নভেম্বর বিটমার্টের প্রতিষ্ঠাতা শেলডন জিয়া আবারও সাইবার হামলার কথা স্বীকার করেন। হামলায় প্রায় ৩ লাখ ৯০ হাজার ডলারের সম্পদ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়। তিনি জানান, প্রতিষ্ঠানের নিরাপত্তা বিভাগে কর্মীসংকট রয়েছে।
বিটমার্টের পতন দেখিয়েছে, উচ্চ মুনাফার প্রতিশ্রুতি কোনো বিনিয়োগের নিরাপত্তার নিশ্চয়তা নয়। বিশেষ করে যেসব ক্রিপ্টো প্ল্যাটফর্মের আর্থিক হিসাব, সম্পদের মজুত এবং নিয়ন্ত্রণব্যবস্থা স্বচ্ছ নয়, সেখানে বিনিয়োগকারীদের পুরো অর্থ হারানোর ঝুঁকিও থাকে।












