মানুষের শরীর, প্রেম, যৌনতা, মাদকাসক্তি, প্রাণীজগৎ এবং প্রাচীন পুরাণ—সবকিছুকে এক সুতোয় গেঁথে সৌন্দর্যের প্রকৃত অর্থ খুঁজেছেন মার্কিন আলোকচিত্রী ও শিল্পী ন্যান গোল্ডিন। তাঁর নতুন প্রদর্শনীতে উঠে এসেছে এমন এক জগৎ, যেখানে সৌন্দর্য ও কদর্যতা, ভালোবাসা ও ধ্বংস, মানবিকতা ও নিষ্ঠুরতা পাশাপাশি অবস্থান করছে। লন্ডনের হেওয়ার্ড গ্যালারিতে আয়োজিত এই প্রদর্শনী দর্শককে শুধু শিল্পের সৌন্দর্য উপভোগ করতে নয়, নিজেদের অস্তিত্ব ও আচরণ নিয়েও প্রশ্ন তুলতে বাধ্য করছে।
বাস্তব জীবনের রুক্ষতা থেকে শিল্পের গভীরতায়
ন্যান গোল্ডিনের শিল্পকর্মের অন্যতম বৈশিষ্ট্য হলো জীবনের অনাবৃত বাস্তবতা তুলে ধরা। মাদকাসক্তি, যৌনতা, সম্পর্কের টানাপোড়েন এবং বিপজ্জনক জীবনযাপনের অভিজ্ঞতা তাঁর আলোকচিত্রে বারবার ফিরে এসেছে। তাঁর বিখ্যাত আলোকচিত্র সিরিজ ‘দ্য ব্যালাড অব সেক্সুয়াল ডিপেনডেন্সি’ ব্যক্তিগত জীবন ও সম্পর্কের এমন কিছু মুহূর্ত তুলে ধরেছিল, যা প্রচলিত শিল্পের সৌন্দর্যবোধের সঙ্গে সহজে মেলে না।
তবে এবারের প্রদর্শনীতে গোল্ডিন সেই পরিচিত বাস্তবতার সঙ্গে যুক্ত করেছেন ইউরোপীয় ধ্রুপদি শিল্প, প্রাচীন গ্রিক-রোমান পুরাণ এবং প্রেমের চিরন্তন প্রতীক।
প্রদর্শনীর অন্যতম আকর্ষণ ‘স্টেনডাল সিনড্রোম’ নামের চলচ্চিত্র। ১৮১৭ সালে ইতালির ফ্লোরেন্স শহরের শিল্পকর্ম ও স্থাপত্যের সৌন্দর্যে অভিভূত হয়ে ফরাসি ঔপন্যাসিক স্তাঁদাল যে শারীরিক ও মানসিক অস্থিরতার অভিজ্ঞতা পেয়েছিলেন, তার নাম থেকেই চলচ্চিত্রটির নামকরণ। শিল্পের সৌন্দর্যে এমনভাবে আচ্ছন্ন হয়ে পড়া, যাতে হৃদস্পন্দন বেড়ে যায়, মাথা ঘোরে কিংবা ভারসাম্য হারানোর আশঙ্কা তৈরি হয়—এই অভিজ্ঞতাই চলচ্চিত্রটির মূল ভাবনা।
গোল্ডিনের ভাষ্য অনুযায়ী, প্যারিসের লুভর জাদুঘরে একা ঘুরতে গিয়ে তিনিও এমন এক নান্দনিক আবেশে আক্রান্ত হয়েছিলেন।
ধ্রুপদি শিল্পের সঙ্গে সমকালীন জীবনের মিল
চলচ্চিত্রটিতে গোল্ডিন তাঁর বন্ধুদের ব্যক্তিগত ও অন্তরঙ্গ মুহূর্তের ছবি ব্যবহার করেছেন। নগ্ন শরীর, প্রেমিক-প্রেমিকার ঘনিষ্ঠতা, একে অপরকে স্পর্শ করা কিংবা একাকী আবেশে ডুবে থাকার দৃশ্যের সঙ্গে পাশাপাশি দেখানো হয়েছে কারাভাজ্জিওসহ ইউরোপের বিখ্যাত শিল্পীদের চিত্রকর্ম।
এখানে তৈরি হয়েছে এক বিস্ময়কর সাদৃশ্য। সপ্তদশ শতকের চিত্রকলায় যে প্রেম, আকাঙ্ক্ষা ও শরীরী সৌন্দর্য ফুটে উঠেছিল, আধুনিক মানুষের জীবনেও তার প্রতিফলন খুঁজে পেয়েছেন শিল্পী।
বিশেষ করে আন্তোনিও কানোভার বিখ্যাত ভাস্কর্য ‘সাইকিকে কিউপিডের চুম্বনে পুনর্জীবিত করা’ এবং গোল্ডিনের ২০২৪ সালের ‘ইয়াং লাভ’ ছবির মধ্যে রয়েছে দৃশ্যগত সাদৃশ্য। একইভাবে ‘ডেথ অব অরফিউস’ শিল্পকর্মে তিনি উনিশ শতকের চিত্রশিল্পী এমিল লেভির ১৮৬৬ সালের পুরাণভিত্তিক চিত্রকর্মকে নতুনভাবে ব্যাখ্যা করেছেন।
প্রাচীন রোমান কবি ওভিডের ‘মেটামরফোসিস’ থেকেও অনুপ্রেরণা নিয়েছেন গোল্ডিন। আত্মমুগ্ধ নার্সিসাস কিংবা ভাস্কর পিগম্যালিয়ন ও গ্যালাটিয়ার মতো পুরাণের চরিত্রগুলোকে তিনি খুঁজে পেয়েছেন সমকালীন মানুষের জীবনেও।
এসব কাজের মধ্য দিয়ে প্রশ্ন উঠেছে—সৌন্দর্য আসলে কী? শিল্প কি কেবল জীবনের ক্ষণস্থায়ী সৌন্দর্যকে কিছু সময়ের জন্য ধরে রাখার চেষ্টা?
মাদকাসক্তি, স্মৃতি ও সৌন্দর্যের দ্বন্দ্ব
প্রদর্শনীর আরেকটি গুরুত্বপূর্ণ চলচ্চিত্র ‘মেমোরি লস্ট’। এতে গোল্ডিন নিজের এবং তাঁর বন্ধুদের মাদকাসক্তির অভিজ্ঞতা তুলে ধরেছেন।
একটি ছবিতে দেখা যায়, একটি বিছানার গদিতে বড় কালো পোড়া দাগ। ধারণা করা হয়, মাদকাসক্ত কারও সিগারেট থেকে তৈরি হয়েছে সেই ক্ষত। এর বিপরীতে রয়েছে লাল আকাশ, শীতের বনভূমি এবং প্রকৃতির মনোমুগ্ধকর দৃশ্য।
এই বৈপরীত্যের মধ্য দিয়ে শিল্পী একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলেছেন—মাদক কি মানুষের সৌন্দর্য উপলব্ধির ক্ষমতা বাড়িয়ে দেয়, নাকি আসক্তি ও ধ্বংসের মধ্যে তাকে সেই সৌন্দর্য থেকে বিচ্ছিন্ন করে ফেলে?
হেরোইন থেকে শুরু করে চিকিৎসায় ব্যবহৃত ওপিওয়েডজাতীয় ওষুধের অপব্যবহার—মাদকসংকটের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে কাজ করছেন গোল্ডিন। তাঁর শিল্পেও আসক্তির আকর্ষণ, মানসিক যন্ত্রণা এবং আত্মবিনাশের প্রবণতা স্পষ্ট।
প্রাণীদের চোখে মানুষের অপরাধ
প্রদর্শনীর শিরোনাম এসেছে ‘ইউ নেভার ডিড এনিথিং রং’ নামের একটি চলচ্চিত্র থেকে, যার প্রথম ও দ্বিতীয় পর্বে প্রাণীদের চোখের দিকে সরাসরি তাকানোর অভিজ্ঞতা তৈরি করা হয়েছে।
বিড়াল, পেঁচা ও কুমিরের স্থির দৃষ্টি দর্শককে অস্বস্তিতে ফেলে। প্রাণীদের চোখের এই নিবিড় উপস্থিতি অন্য প্রজাতির চেতনা ও অনুভূতি সম্পর্কে ভাবতে বাধ্য করে।
চলচ্চিত্রটির শিরোনাম নেওয়া হয়েছে একটি পোষা প্রাণীর সমাধিফলকের লেখা থেকে। সেখানে লেখা ছিল, ‘তুমি কখনো কোনো অন্যায় করোনি।’ আরেকটি সমাধিফলকে লেখা, ‘আমরা দুঃখিত।’
প্রথমে কথাগুলো সাধারণ মনে হলেও পরে এর গভীর অর্থ স্পষ্ট হয়। মানুষ প্রকৃতির ওপর যে ধ্বংসযজ্ঞ চালাচ্ছে, তার জন্য ক্ষমা চাওয়ার প্রয়োজন আসলে মানুষেরই।
প্রদর্শনীতে ঘোড়ার ছুটে চলা, পাখির ঝাঁক, এমনকি কারও বিছানার নিচে আশ্রয় নেওয়া শূকরের দৃশ্যও রয়েছে। বন্য ও গৃহপালিত প্রাণীদের এসব ছবি মানুষের পাশাপাশি প্রকৃতির নির্দোষ সৌন্দর্যকে সামনে নিয়ে আসে।
সৌন্দর্য আছে, কিন্তু মানুষ নির্দোষ নয়
গোল্ডিনের এই প্রদর্শনীর সবচেয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য হলো, মানুষ সুন্দর হতে পারে, কিন্তু তার কাজ সব সময় সুন্দর নয়। মানুষের শরীর, প্রেম ও আবেগ যেমন শিল্পের অনুপ্রেরণা, তেমনি মানুষের লোভ, আসক্তি এবং প্রকৃতির প্রতি নিষ্ঠুর আচরণও তার অস্তিত্বের অংশ।
শিল্পী মানুষ ও প্রাণী, অতীত ও বর্তমান, শিল্পকর্ম ও বাস্তব জীবনকে এক জায়গায় মিলিয়ে দিতে চেয়েছেন। তাঁর কাজ দর্শককে সৌন্দর্যের প্রচলিত সংজ্ঞা থেকে বের করে জীবনের আরও জটিল বাস্তবতার মুখোমুখি দাঁড় করায়।
শিল্পসমালোচক জোনাথন জোনসের মূল্যায়নে, অ্যান্ডি ওয়ারহোলের পর গোল্ডিন যুক্তরাষ্ট্রের অন্যতম গুরুত্বপূর্ণ শিল্পী। তাঁর এই প্রদর্শনী একই সঙ্গে আবেগপূর্ণ, অস্বস্তিকর এবং বিস্ময়কর। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হলো, মানুষের ধ্বংসাত্মক আচরণ তুলে ধরেও তিনি দর্শকের মধ্যে আশার অনুভূতি তৈরি করতে পেরেছেন।
লন্ডনের হেওয়ার্ড গ্যালারিতে প্রদর্শনীটি শুরু হচ্ছে ২৪ নভেম্বর থেকে। চলবে ২০২৭ সালের ১৪ মার্চ পর্যন্ত।












