ছোট ও ম্লান একটি নক্ষত্রকে কেন্দ্র করে ঘুরছে বৃহস্পতির প্রায় পাঁচ গুণ ভরের এক গ্রহ। নতুন এই আবিষ্কার সৌরজগতের বাইরের গ্রহ কীভাবে তৈরি হয়, সে বিষয়ে বিজ্ঞানীদের দীর্ঘদিনের প্রচলিত ধারণাকে চ্যালেঞ্জের মুখে ফেলেছে। একই সঙ্গে মহাবিশ্বে বিশাল গ্যাসীয় গ্রহের সংখ্যা বিজ্ঞানীদের ধারণার চেয়ে বেশি হতে পারে বলেও ইঙ্গিত দিচ্ছে গবেষণাটি।
গ্রহটির নাম এইচআইপি ৮৮৯৬২ বি। এর ভর বৃহস্পতির প্রায় পাঁচ গুণ। অথচ যে নক্ষত্রকে কেন্দ্র করে এটি ঘুরছে, তার ভর সূর্যের মাত্র দুই-তৃতীয়াংশ। প্রচলিত গ্রহ গঠন তত্ত্ব অনুযায়ী, এত ছোট নক্ষত্রের চারপাশে এত বিশাল গ্যাসীয় গ্রহ তৈরি হওয়ার কথা নয়।
যুক্তরাষ্ট্রের কার্নেগি সায়েন্স এবং চীনের সাংহাই জিয়াও টং ও সিংহুয়া বিশ্ববিদ্যালয়ের জ্যোতির্বিজ্ঞানীদের যৌথ গবেষণায় গ্রহটির সন্ধান পাওয়া গেছে। চিলির ম্যাগেলান ক্লে টেলিস্কোপ ব্যবহার করে দীর্ঘ ১৬ বছর পর্যবেক্ষণের পর এর অস্তিত্ব শনাক্ত করেন গবেষকেরা। গবেষণার ফল প্রকাশিত হয়েছে ‘দ্য অ্যাস্ট্রোফিজিক্যাল জার্নাল লেটার্স’-এ।
প্রচলিত তত্ত্বে বড় প্রশ্ন
বিজ্ঞানীদের মধ্যে দীর্ঘদিন ধরে প্রচলিত ধারণা হলো, গ্যাসীয় দৈত্যাকার গ্রহ প্রথমে পাথর ও বরফের ছোট একটি কেন্দ্র তৈরি করে। পরে সেই কেন্দ্রের চারপাশে বিপুল পরিমাণ গ্যাস জমে ধীরে ধীরে বৃহস্পতির মতো বিশাল গ্রহের জন্ম হয়। এই প্রক্রিয়াকে কেন্দ্রভিত্তিক গ্রহ গঠন তত্ত্ব বলা হয়।
কিন্তু ছোট নক্ষত্রের চারপাশে এই প্রক্রিয়ায় বড় গ্রহ তৈরি হওয়া কঠিন। কারণ, এমন নক্ষত্রের চারপাশে শুরুতে গ্যাস ও ধুলার চাকতি তুলনামূলক পাতলা থাকে। কম উপাদান থাকায় সেখানে বিশাল গ্যাসীয় গ্রহ তৈরির সম্ভাবনাও কম বলে কম্পিউটার মডেলগুলোতে দেখা গেছে।
এইচআইপি ৮৮৯৬২ বি সেই ধারণার সঙ্গে মেলে না। এটি নিজের নক্ষত্র থেকে পৃথিবী ও সূর্যের মধ্যকার দূরত্বের প্রায় ছয় গুণ দূরে অবস্থান করছে। গ্রহটির কক্ষপথও প্রায় বৃত্তাকার নয়; বরং দীর্ঘায়িত ডিম্বাকার। গবেষকদের মতে, এ বৈশিষ্ট্য প্রচলিত কেন্দ্রভিত্তিক তত্ত্বের চেয়ে ভিন্ন একটি গ্রহ গঠন প্রক্রিয়ার সঙ্গে বেশি সামঞ্জস্যপূর্ণ।
গ্যাসের মেঘ থেকেই তৈরি হতে পারে দৈত্যাকার গ্রহ
গবেষণার প্রধান লেখক ও জ্যোতির্পদার্থবিদ অ্যালান বসের মতে, নতুন আবিষ্কারটি গ্রহ গঠনের একটি বিকল্প তত্ত্বকে সমর্থন করছে। এই তত্ত্ব অনুযায়ী, কিছু বৃহৎ গ্রহ পাথর ও বরফের ছোট ছোট কণা জমে ধীরে ধীরে তৈরি হয় না। বরং নবীন নক্ষত্রের চারপাশের গ্যাসীয় চাকতি নিজস্ব মহাকর্ষের প্রভাবে ভেঙে বড় বড় গুচ্ছ তৈরি করতে পারে। সেখান থেকেই তুলনামূলক দ্রুত দৈত্যাকার গ্রহের জন্ম হতে পারে।
বস ১৯৯৭ সালে এই বিকল্প ধারণা তুলে ধরেছিলেন। প্রচলিত তত্ত্বের সঙ্গে মতবিরোধ থাকায় তিনি একে একসময় ‘প্রথাবিরোধী’ ধারণা হিসেবে উল্লেখ করেন। তাঁর মতে, গ্রহ তৈরির একাধিক প্রক্রিয়া কার্যকর থাকলে মহাবিশ্বে বৃহৎ গ্রহের সংখ্যা প্রত্যাশার চেয়ে বেশি হতে পারে। এমনকি যেসব নক্ষত্রের চারপাশে বিজ্ঞানীরা বড় গ্রহের সম্ভাবনা কম বলে মনে করেন, সেখানেও এগুলোর সন্ধান মিলতে পারে।
১৬ বছরের পর্যবেক্ষণে মিলেছে প্রমাণ
২০১০ সালে কাছাকাছি নক্ষত্রগুলো নিয়ে শুরু হওয়া ম্যাগেলান টেলিস্কোপের একটি জরিপে গ্রহটির সংকেত পাওয়া যায়। গ্রহটি এত ম্লান এবং তার নক্ষত্রের এত কাছে যে সরাসরি দেখা সম্ভব হয়নি। তাই গবেষকেরা নক্ষত্রের সামান্য দুলুনি পর্যবেক্ষণ করে গ্রহটির অস্তিত্ব শনাক্ত করেন। গ্রহের মহাকর্ষীয় টানে নক্ষত্রের অবস্থানে যে সূক্ষ্ম পরিবর্তন ঘটে, তার ফলে নক্ষত্রের আলোর রঙেও সামান্য পরিবর্তন আসে। এই পদ্ধতিকে ‘ওয়াবল মেথড’ বলা হয়।
গ্রহটির একবার নক্ষত্রকে প্রদক্ষিণ করতে প্রায় ১৯ বছর লাগে। তাই এর কক্ষপথের পূর্ণ চিত্র পেতে দীর্ঘ সময় ধরে পর্যবেক্ষণ চালাতে হয়েছে। চিলির একটি ছোট টেলিস্কোপ দিয়ে আগে করা গবেষণায় গ্রহটির সন্ধান মেলেনি। কারণ, সেই পর্যবেক্ষণ মাত্র দুই বছর স্থায়ী হয়েছিল।
প্রাণের সন্ধানেও গুরুত্বপূর্ণ হতে পারে আবিষ্কার
নতুন আবিষ্কারটি পৃথিবীর বাইরে প্রাণের সম্ভাব্য অস্তিত্ব অনুসন্ধানের ক্ষেত্রেও আগ্রহ তৈরি করেছে। নাসার তালিকায় এই নক্ষত্র এমন একটি সম্ভাব্য গ্রহব্যবস্থার অংশ, যেখানে পৃথিবীর মতো গ্রহ থাকতে পারে।
গবেষকেরা নক্ষত্রটির আরও কাছাকাছি একটি দ্বিতীয় গ্রহের সম্ভাব্য ক্ষীণ সংকেতও পেয়েছেন। তবে এর অস্তিত্ব নিশ্চিত করতে আরও পর্যবেক্ষণ প্রয়োজন। অ্যালান বস জানিয়েছেন, অন্য কোনো বহির্গ্রহের কারণে নক্ষত্রটির অবস্থানে নতুন দুলুনি তৈরি হচ্ছে কি না, তা জানতে পর্যবেক্ষণ অব্যাহত থাকবে।












