চীনের অর্থনীতি ‘মন্দার ফাঁদে’ পড়েছে এবং দেশটির শিল্প উৎপাদনের শক্তি বিশ্ববাজারের জন্য নতুন সংকট তৈরি করছে—পশ্চিমা গণমাধ্যম ও বিশ্লেষকদের এমন বক্তব্যের বিরুদ্ধে অবস্থান নিয়েছে বেইজিং। চীনের ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির মুখপত্র পিপলস ডেইলি বলেছে, এসব বর্ণনার উদ্দেশ্য দেশটির অর্থনীতি সম্পর্কে নেতিবাচক ধারণা তৈরি করা এবং বাণিজ্যিক বিধিনিষেধ আরোপের পক্ষে জনসমর্থন গড়ে তোলা।
তবে পশ্চিমা সমালোচনার জবাব দেওয়ার পাশাপাশি চীনের অর্থনীতিতে বিদ্যমান দুর্বলতার কথাও স্বীকার করেছে সংবাদপত্রটি। বিশেষ করে আবাসন খাতের সংকট, দুর্বল ভোক্তা আস্থা এবং অভ্যন্তরীণ চাহিদার ঘাটতি নিয়ে উদ্বেগ বাড়ছে।
প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা নিয়ে অনিশ্চয়তা
চলতি বছর চীনের অর্থনৈতিক প্রবৃদ্ধি সরকারের নির্ধারিত ৪ দশমিক ৫ থেকে ৫ শতাংশ লক্ষ্যমাত্রার নিম্নসীমার কাছাকাছি থাকতে পারে বলে পূর্বাভাস দিয়েছেন কয়েকজন অর্থনীতিবিদ। তাঁদের আশঙ্কা, অভ্যন্তরীণ চাহিদা দুর্বল থাকা এবং রপ্তানির গতি কমে আসার কারণে আগামী বছর প্রবৃদ্ধি আরও মন্থর হতে পারে।
শনিবার প্রকাশিত এক সম্পাদকীয়তে পিপলস ডেইলি বলেছে, যারা চীনের অর্থনীতিকে দুর্বল হিসেবে তুলে ধরছে, শেষ পর্যন্ত তাদের ধারণা ভুল প্রমাণিত হবে। সংবাদপত্রটির অভিযোগ, কিছু বিদেশি গণমাধ্যম ও প্রতিষ্ঠান চীনের প্রবৃদ্ধিকে টেকসই নয় বলে বর্ণনা করছে। আবার দেশটির উৎপাদনশিল্পের সক্ষমতাকে বিশ্বব্যাপী অন্যান্য শিল্পের জন্য হুমকি হিসেবে তুলে ধরছে।
সম্পাদকীয়তে ওয়াশিংটন পোস্টের একটি সাম্প্রতিক প্রতিবেদনের সমালোচনা করে বলা হয়, সেখানে আবাসন সম্পত্তির দামের ওঠানামা এবং ভোক্তাদের দুর্বল আস্থার বিষয়গুলোকে বেছে নিয়ে চীনের অর্থনীতির একটি নেতিবাচক চিত্র তুলে ধরা হয়েছে।
রপ্তানি ও বাণিজ্যে প্রবৃদ্ধির যুক্তি
অর্থনীতির সক্ষমতার পক্ষে যুক্তি দিতে পিপলস ডেইলি প্রথম তিন প্রান্তিকে চীনের ৪ দশমিক ৬ শতাংশ জিডিপি প্রবৃদ্ধির তথ্য তুলে ধরেছে। পাশাপাশি চলতি বছরের প্রথম ১০ মাসে পণ্যবাণিজ্যের পরিমাণ বেড়েছে ২০ শতাংশ। একই সময়ে আমদানি বেড়েছে ২৩ দশমিক ৬ শতাংশ।
রপ্তানিতেও শক্তিশালী অবস্থান ধরে রেখেছে চীন। বিশেষ করে গাড়িসহ উচ্চমূল্য সংযোজিত পণ্যের চালান বাড়ছে।
রোববার প্রকাশিত পিপলস ডেইলির আরেক প্রতিবেদনে বলা হয়, চীনের প্রধান বন্দরগুলো থেকে ছেড়ে যাওয়া জাহাজের পণ্য পরিবহনের পরিমাণ গত বছরের একই সময়ের তুলনায় ৫৯ দশমিক ১ শতাংশ বেড়েছে। গাড়ি পরিবহনে ব্যবহৃত রোল-অন/রোল-অফ জাহাজে পণ্য পরিবহনের পরিমাণ বেড়েছে ১৩৮ দশমিক ৪ শতাংশ।
প্রতিবেদনটিতে চীনের জাতীয় উন্নয়ন ও সংস্কার কমিশনের অধীন স্টেট ইনফরমেশন সেন্টারের তথ্য ব্যবহার করা হয়েছে।
‘চায়না শক ২.০’ বিতর্ক ও বাণিজ্যিক উত্তেজনা
পিপলস ডেইলির সম্পাদকীয়তে পশ্চিমা রাজনীতিকদের বিরুদ্ধেও অভিযোগ তোলা হয়েছে। সংবাদপত্রটির মতে, নিজেদের দেশের শিল্প খাতের সমস্যা থেকে দৃষ্টি সরাতে এবং শুল্কসহ বিভিন্ন বাণিজ্যিক বাধার পক্ষে সমর্থন আদায়ে কেউ কেউ ‘চায়না শক’ বা চীনের শিল্পশক্তিকে হুমকি হিসেবে তুলে ধরছেন।
‘চায়না শক ২.০’ বলতে বিশ্ববাজারে চীনের উৎপাদিত পণ্যের বাড়তি প্রভাব এবং এর ফলে অন্যান্য দেশের শিল্পের ওপর সম্ভাব্য চাপকে বোঝানো হচ্ছে।
তবে চীনের সংবাদপত্রটি স্বীকার করেছে, আবাসন খাতের দুর্বলতা, ভোক্তাদের আস্থাহীনতা এবং প্রচলিত শিল্পের আধুনিকায়নে নানা বাধা এখনো অর্থনীতির জন্য বড় চ্যালেঞ্জ। সম্পাদকীয়তে বলা হয়েছে, এসব সমস্যা থেকে চীন কখনোই মুখ ফিরিয়ে নেয়নি।
২০২৭ সালে প্রবৃদ্ধি কমার পূর্বাভাস
চীনের অর্থনৈতিক রূপান্তর নিয়ে আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠানগুলোর পূর্বাভাসে সতর্কতার সুর রয়েছে।
এসঅ্যান্ডপি গ্লোবাল রেটিংস সোমবার প্রকাশিত প্রতিবেদনে বলেছে, ২০২৭ সালেও দেশটির অভ্যন্তরীণ চাহিদা দুর্বল থাকতে পারে। শক্তিশালী রপ্তানির কারণে সরকার চলতি বছরের প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা পূরণ করতে পারলে আগামী বছর প্রণোদনা সীমিত রাখার সুযোগ পাবে। ফলে প্রবৃদ্ধি কিছুটা কমতে পারে।
মরগান স্ট্যানলি চলতি বছর চীনের প্রবৃদ্ধি ৪ দশমিক ৬ শতাংশ এবং ২০২৭ সালে ৪ দশমিক ৪ শতাংশ হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে। প্রতিষ্ঠানটির মতে, চীনের অর্থনীতি এখন অসম বা ‘কে-আকৃতির’ রূপান্তরের মধ্য দিয়ে যাচ্ছে। অর্থাৎ কিছু খাত ভালো করলেও অন্য খাতগুলো পিছিয়ে পড়ছে।
অন্যদিকে ইউবিএস সিকিউরিটিজের পূর্বাভাস, ২০২৭ সালেও চীনের বার্ষিক প্রবৃদ্ধি প্রায় ৪ দশমিক ৬ শতাংশে স্থিতিশীল থাকতে পারে। তবে বৈশ্বিক জ্বালানি রূপান্তরসংশ্লিষ্ট চাহিদা কমে যাওয়া এবং বাণিজ্যিক উত্তেজনা অব্যাহত থাকায় রপ্তানির অবদান কমতে পারে।
অভ্যন্তরীণ বিনিয়োগ বাড়ানোর সম্ভাবনা
রপ্তানি থেকে প্রবৃদ্ধির অবদান কমে গেলে বেইজিং অভ্যন্তরীণ অর্থনীতিতে নতুন প্রণোদনা দিতে পারে বলে মনে করছে ইউবিএস। এর মধ্যে ২০৩০ সালের মধ্যে পানি, বিদ্যুৎ, কম্পিউটিং, টেলিযোগাযোগ, সরবরাহব্যবস্থা এবং ভূগর্ভস্থ পাইপলাইন আধুনিকায়নের ‘সিক্স নেটওয়ার্কস’ কর্মসূচিতে বিনিয়োগ বাড়ানোর সম্ভাবনা রয়েছে। পাশাপাশি কৃত্রিম বুদ্ধিমত্তার সরবরাহব্যবস্থাতেও বিনিয়োগ বাড়তে পারে।
চীনের অর্থনৈতিক রূপান্তরে সময় লাগবে বলে মনে করেন এএনজেড রিসার্চের জ্যেষ্ঠ চীনবিষয়ক কৌশলবিদ জিং ঝাওপেং। তাঁর মতে, দুর্বল অভ্যন্তরীণ চাহিদা ও মূল্যস্ফীতির নিম্নমুখী চাপ অর্থনৈতিক রূপান্তরের একটি সাময়িক ব্যয় হতে পারে। তবে এই পরিবর্তন কত দিনে সম্পন্ন হবে, তা এখনো স্পষ্ট নয়।












