পাকিস্তানে বর্তমান চারটি প্রদেশ ভেঙে সর্বোচ্চ ১২টি প্রদেশ গঠনের পরিকল্পনা নিয়ে রাজনৈতিক বিতর্ক তীব্র হচ্ছে। কেন্দ্রীয় সরকারের প্রস্তাবিত গণভোটের উদ্যোগের বিরোধিতা করেছে ক্ষমতাসীন জোটের গুরুত্বপূর্ণ শরিক পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি)। দলটির নেতৃত্বে রয়েছেন সাবেক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টোর ছেলে বিলাওয়াল ভুট্টো জারদারি। সিন্ধু প্রদেশের নিয়ন্ত্রণে থাকা দলটির আশঙ্কা, নতুন প্রদেশ গঠিত হলে তাদের দীর্ঘদিনের রাজনৈতিক ভিত্তি ও করাচির ওপর প্রভাব দুর্বল হয়ে পড়তে পারে।
পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি জুলাইয়ের শেষ দিকে ছোট ছোট প্রশাসনিক অঞ্চল গঠনের প্রস্তাব সামনে আনেন। তাঁর যুক্তি, বর্তমান প্রদেশগুলোর আয়তন ও জনসংখ্যা এত বেশি যে সাধারণ মানুষের কাছে মৌলিক সেবা পৌঁছে দেওয়া কঠিন হয়ে পড়ছে। প্রায় ২৫ কোটি মানুষের দেশে প্রশাসনিক কার্যক্রম আরও কার্যকর করতে প্রদেশের সংখ্যা বাড়ানো প্রয়োজন বলে মনে করছে সরকার।
নভেম্বরের শুরুতে প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফও পাকিস্তানে সর্বোচ্চ ১২টি প্রদেশ গঠনের সম্ভাবনার কথা বলেন। পরে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, এ বিষয়ে জনমত যাচাই করতে গণভোট প্রয়োজন। স্বাস্থ্যমন্ত্রী মোস্তফা কামাল ১৫ নভেম্বর তাঁর রাজনৈতিক সমর্থকদের উদ্দেশে দেওয়া বক্তব্যে জানান, ডিসেম্বরেই গণভোট আয়োজনের পরিকল্পনা রয়েছে।
তবে প্রস্তাবটি বাস্তবায়নের পথে সবচেয়ে বড় রাজনৈতিক বাধা হয়ে দাঁড়িয়েছে সিন্ধু।
সিন্ধু ভাগের বিরোধিতায় পিপিপি
পাকিস্তানের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় সিন্ধু প্রদেশের রাজধানী করাচি। প্রদেশটির ক্ষমতায় রয়েছে পিপিপি। গত সেপ্টেম্বরে সিন্ধু প্রাদেশিক পরিষদ সীমানা পরিবর্তন করে নতুন প্রদেশ গঠনের বিরোধিতা করে একটি প্রস্তাব পাস করে।
১৭ নভেম্বর করাচি প্রেস ক্লাবে দেওয়া বক্তব্যে পিপিপি চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো জারদারি আরও কঠোর অবস্থান জানান। তিনি বলেন, জোর করে সিন্ধুকে ভাগ করা হলে করাচির রাস্তায় রক্ত ঝরবে।
দলটির বিরোধিতার পেছনে রাজনৈতিক ও অর্থনৈতিক স্বার্থ রয়েছে বলে মনে করছেন বিশ্লেষকেরা। সিন্ধু পিপিপির প্রধান রাজনৈতিক ঘাঁটি। এই প্রদেশ বিভক্ত হলে দলটির ভোটের ভিত্তি, প্রশাসনিক নিয়ন্ত্রণ এবং অর্থনৈতিক প্রভাব একাধিক নতুন সরকারের মধ্যে ভাগ হয়ে যেতে পারে।
ইসলামাবাদভিত্তিক রাজনৈতিক বিশ্লেষক সাবুখ সাঈদের মতে, সিন্ধু বিভক্ত হলে পিপিপির রাজনৈতিক ক্ষমতার কাঠামোই ভেঙে পড়তে পারে। তাঁর ভাষ্য, সিন্ধুতে নতুন প্রদেশ গঠনের ব্যাপক জনদাবি নেই। তবে করাচির উর্দুভাষী মুহাজির জনগোষ্ঠীর একটি অংশ শহরটিকে সিন্ধু থেকে আলাদা করার পক্ষে।
করাচি কেন এত গুরুত্বপূর্ণ
করাচি পাকিস্তানের সবচেয়ে বড় শহর এবং দেশটির প্রধান অর্থনৈতিক কেন্দ্র। পাকিস্তানের মোট দেশজ উৎপাদনের প্রায় ১৫ শতাংশ আসে এই শহর থেকে। ফলে করাচিকে আলাদা প্রদেশে পরিণত করার সম্ভাবনা রাজনৈতিক বিতর্কের পাশাপাশি অর্থনৈতিক নিয়ন্ত্রণের প্রশ্নও সামনে এনেছে।
১৯৪৭ সালে ভারত বিভক্তির সময় সীমান্তের ওপার থেকে পাকিস্তানে যাওয়া উর্দুভাষী মুসলমানদের মুহাজির বলা হয়। তাঁদের বড় একটি অংশ করাচিতে বসতি স্থাপন করেন। শহরটিতে এই জনগোষ্ঠীর রাজনৈতিক প্রতিনিধিত্বের প্রশ্ন দীর্ঘদিন ধরেই আলোচনায় রয়েছে।
নতুন প্রদেশ গঠিত হলে করাচি সিন্ধু সরকারের প্রশাসনিক নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। এতে পিপিপির রাজনৈতিক প্রভাব কমার আশঙ্কা রয়েছে বলে বিশ্লেষকেরা মনে করছেন।
গণভোটে প্রদেশ গঠন সম্ভব কি না
বিশ্লেষকদের মতে, প্রদেশের সীমানা পরিবর্তনের ক্ষেত্রে পাকিস্তানের সংবিধানই সবচেয়ে বড় বাধা। সংবিধানের ২৩৯ অনুচ্ছেদ অনুযায়ী, কোনো প্রদেশের সীমানা পরিবর্তন করতে হলে সংশ্লিষ্ট প্রাদেশিক পরিষদের মোট সদস্যের অন্তত দুই-তৃতীয়াংশের সমর্থন প্রয়োজন। পাশাপাশি জাতীয় পরিষদ ও সিনেটেও সাংবিধানিক সংশোধনী পাস করতে হবে।
অর্থাৎ, শুধু গণভোটে জনগণের সমর্থন পাওয়া গেলেই নতুন প্রদেশ গঠন সম্ভব নয়। সিন্ধু প্রাদেশিক পরিষদ সম্মতি না দিলে এই প্রক্রিয়া আটকে যেতে পারে।
করাচির ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের অধ্যাপক ফারহান হানিফ সিদ্দিকীর মতে, নতুন প্রদেশ গঠনের জন্য সাংবিধানিক ও রাজনৈতিক প্রক্রিয়া অনুসরণ করতে হবে। গণভোট এককভাবে প্রদেশের সীমানা পরিবর্তন করতে পারে না।
২৩ নভেম্বর পাকিস্তানের ডন প্রকাশিত প্রতিবেদনে প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ জানিয়েছেন, বছরের শেষ নাগাদ নতুন প্রদেশ নিয়ে আলোচনা একটি নির্দিষ্ট পর্যায়ে পৌঁছাতে পারে। তবে গণভোটের প্রক্রিয়া সম্ভবত আগামী বছরের শুরুতে এগোবে। অন্যদিকে, পাকিস্তানের নির্বাচন কমিশন জানিয়েছে, গণভোট আয়োজনের বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে তাদের সঙ্গে যোগাযোগ করা হয়নি।
সামরিক বাহিনীর ক্ষমতা বাড়ানোর আশঙ্কা
নতুন প্রদেশ গঠনের উদ্যোগের পেছনে সামরিক বাহিনীর রাজনৈতিক প্রভাব বাড়ানোর উদ্দেশ্য রয়েছে কি না, তা নিয়েও বিতর্ক তৈরি হয়েছে।
ইসলামাবাদভিত্তিক রাজনৈতিক বিশ্লেষক সিরিল আলমেইদার অভিযোগ, প্রদেশগুলো ভেঙে ছোট প্রশাসনিক অঞ্চলে পরিণত করার উদ্যোগের মাধ্যমে মূলধারার রাজনৈতিক দলগুলোর আঞ্চলিক ক্ষমতার ভিত্তি দুর্বল করা হতে পারে। তাঁর মতে, বর্তমানে বড় রাজনৈতিক দলগুলো প্রাদেশিক সরকারকে কেন্দ্র করে নিজেদের প্রভাব ধরে রেখেছে। প্রদেশ ভাগ হলে সেই ক্ষমতা বিভিন্ন ছোট সরকারের মধ্যে ছড়িয়ে পড়বে।
সমালোচকদের আশঙ্কা, ছোট প্রাদেশিক সরকারগুলোর কেন্দ্রীয় সরকারের সঙ্গে দর-কষাকষির সক্ষমতা কমে যেতে পারে। এতে জাতীয় রাজনীতিতে সামরিক প্রতিষ্ঠানের প্রভাব বিস্তারের সুযোগ তৈরি হতে পারে।
তবে সরকারের একজন কর্মকর্তা এই অভিযোগ অস্বীকার করেছেন। তাঁর বক্তব্য, ২৫ কোটি মানুষের দেশে সুশাসন, প্রশাসনিক দক্ষতা এবং নাগরিক সেবা নিশ্চিত করতেই নতুন প্রদেশ প্রয়োজন।
জোটের রাজনীতিতে নতুন সমীকরণ
প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজ এবং পিপিপি বর্তমানে ক্ষমতাসীন জোটের গুরুত্বপূর্ণ অংশীদার। নতুন প্রদেশের প্রশ্নে দুই দলের অবস্থান ভিন্ন হলেও আপাতত জোটে বড় ধরনের সংকট তৈরি হয়নি বলে মনে করছেন বিশ্লেষকেরা।
অধ্যাপক সিদ্দিকীর মতে, সংসদে সাংবিধানিক সংশোধনী পাস করতে পিপিপির সমর্থন প্রয়োজন হতে পারে। ফলে দলটির বিরোধিতা উপেক্ষা করে সরকার এককভাবে এগিয়ে যেতে পারবে না।
পাকিস্তানের প্রাদেশিক কাঠামো পরিবর্তনের বিতর্ক তাই কেবল প্রশাসনিক সংস্কারের মধ্যে সীমাবদ্ধ নেই। এর সঙ্গে যুক্ত হয়েছে রাজনৈতিক দলের ক্ষমতার ভিত্তি, করাচির অর্থনৈতিক নিয়ন্ত্রণ, প্রাদেশিক স্বায়ত্তশাসন এবং সামরিক প্রতিষ্ঠানের ভূমিকার প্রশ্ন। নতুন প্রদেশ গঠনের উদ্যোগ শেষ পর্যন্ত কত দূর এগোবে, তা নির্ভর করবে সাংবিধানিক প্রক্রিয়া এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে সমঝোতার ওপর।












