মহাকাশ অভিযানে নতুন ইতিহাস গড়তে যাচ্ছে পাকিস্তান। দেশটির প্রথম নভোচারী মুহাম্মদ জিশান আলী ২৫ নভেম্বর চীনের শেনঝৌ-২৪ মহাকাশযানে চড়ে তিয়াংগং মহাকাশ স্টেশনের উদ্দেশে যাত্রা করবেন। এর মধ্য দিয়ে প্রথমবারের মতো কোনো মানববাহী মহাকাশ অভিযানে অংশ নিতে যাচ্ছে পাকিস্তান। একই সঙ্গে চীনের মহাকাশ স্টেশনে অবস্থানকারী প্রথম বিদেশি নভোচারী হিসেবেও ইতিহাসে জায়গা করে নেবেন জিশান আলী।
চীনের মানববাহী মহাকাশ সংস্থা মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে জানিয়েছে, ২৫ নভেম্বর স্থানীয় সময় সকাল ৮টা ১৮ মিনিটে উত্তর-পশ্চিম চীনের জিউছুয়ান স্যাটেলাইট উৎক্ষেপণ কেন্দ্র থেকে শেনঝৌ-২৪ যাত্রা শুরু করার কথা। পাকিস্তান সময় অনুযায়ী তখন ভোর ৫টা ১৮ মিনিট।
চীনা দুই নভোচারীর সঙ্গে মহাকাশযাত্রা
এই অভিযানে জিশান আলীর সঙ্গে থাকবেন চীনের দুই নভোচারী তাং হংবো ও উ ই। তাঁদের মধ্যে তাং হংবো থাকবেন মিশন কমান্ডারের দায়িত্বে এবং উ ই দায়িত্ব পালন করবেন ফ্লাইট ইঞ্জিনিয়ার হিসেবে। পাকিস্তানের জিশান আলী অংশ নেবেন পেলোড বিশেষজ্ঞ হিসেবে।
তাং হংবো এর আগে শেনঝৌ-১২ ও শেনঝৌ-১৭ অভিযানে অংশ নিয়েছেন। এবার তিয়াংগং মহাকাশ স্টেশনে তাঁর তৃতীয় সফর হবে। এর মধ্য দিয়ে একই মহাকাশ স্টেশনে তিনবার যাওয়া প্রথম নভোচারী হওয়ার সুযোগ তৈরি হচ্ছে তাঁর সামনে। অন্যদিকে চীনের তৃতীয় ব্যাচের নভোচারী উ ই প্রথমবারের মতো মহাকাশে যাচ্ছেন।
জিশান আলীর অভিযানটি হবে স্বল্পমেয়াদি। মহাকাশ স্টেশনে অবস্থানকালে তাঁর প্রধান দায়িত্ব থাকবে বৈজ্ঞানিক গবেষণা ও পরীক্ষামূলক কার্যক্রমে অংশ নেওয়া। নিয়মিত নভোচারীদের কাজের পাশাপাশি তিনি গবেষণার নমুনা ও যন্ত্রপাতি স্থাপন করবেন এবং নির্ধারিত বৈজ্ঞানিক পরীক্ষা পরিচালনা করবেন।
খাদ্যনিরাপত্তা ও জলবায়ু পরিবর্তন নিয়ে গবেষণা
এই অভিযানের বৈজ্ঞানিক কার্যক্রমে পাকিস্তানের চারটি জীবপ্রযুক্তিবিষয়ক পরীক্ষা অন্তর্ভুক্ত রয়েছে। দেশটির বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে স্পেস অ্যান্ড আপার অ্যাটমোস্ফিয়ার রিসার্চ কমিশনে (সুপারকো) জমা পড়া ৩০০টির বেশি প্রস্তাবের মধ্য থেকে চীনা প্রতিষ্ঠানগুলো এসব গবেষণা নির্বাচন করেছে।
গবেষণাগুলোর মূল লক্ষ্য খাদ্যনিরাপত্তা ও জলবায়ু পরিবর্তনসংক্রান্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কাজ করা। অর্থাৎ এই মহাকাশযাত্রা শুধু প্রতীকী সাফল্য নয়, বরং পাকিস্তানের বৈজ্ঞানিক গবেষণার জন্যও নতুন সুযোগ তৈরি করবে।
সুপারকোর তথ্য অনুযায়ী, জিশান আলী প্রায় এক সপ্তাহ তিয়াংগং মহাকাশ স্টেশনে অবস্থান করবেন। এরপর শেনঝৌ-২৩ মহাকাশযানে করে পৃথিবীতে ফিরে আসবেন।
ভাষা, প্রযুক্তি ও বিশেষ প্রশিক্ষণ
যৌথ অভিযানের প্রস্তুতি হিসেবে চীনা কর্তৃপক্ষ পাকিস্তানি নভোচারীর জন্য বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা করেছে। মহাকাশযান ও স্টেশন পরিচালনা, বৈজ্ঞানিক পরীক্ষা সম্পাদন এবং জরুরি পরিস্থিতি মোকাবিলার ওপর তাঁকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে।
তিন নভোচারী একসঙ্গে বিভিন্ন অনুশীলনেও অংশ নিয়েছেন। এসব অনুশীলনের মধ্যে ছিল কাজের সমন্বয়, দায়িত্ব হস্তান্তর এবং প্রযুক্তিগত সমস্যা মোকাবিলার প্রস্তুতি।
ভাষাগত দক্ষতার ওপরও গুরুত্ব দেওয়া হয়েছে। জিশান আলীকে চীনা ভাষায় নির্দেশনা এবং প্রযুক্তিগত পরিভাষা শেখানো হয়েছে, যাতে মহাকাশ স্টেশনে দায়িত্ব পালনের সময় যোগাযোগে কোনো সমস্যা না হয়।
পাকিস্তানি নভোচারীর ভাষাগত ও খাদ্যাভ্যাসের প্রয়োজন বিবেচনায় চীনের নভোচারী প্রশিক্ষণকেন্দ্র চীনা ও ইংরেজি ভাষায় পরিচালনাসংক্রান্ত নির্দেশিকা তৈরি করেছে। পাশাপাশি তাঁর জন্য হালাল মহাকাশ-খাবারের ব্যবস্থাও করা হয়েছে। ২১ নভেম্বর জিউছুয়ান উৎক্ষেপণ কেন্দ্রে সম্পন্ন হওয়া চূড়ান্ত মহড়া চলাকালে এসব প্রস্তুতির বিষয়টি তুলে ধরা হয়।
পাকিস্তান-চীন মহাকাশ সহযোগিতায় নতুন অধ্যায়
চীনের মানববাহী মহাকাশ কর্মসূচির ইতিহাসে এই প্রথম কোনো যৌথ অভিযানে চীনা ও বিদেশি নভোচারীরা একসঙ্গে অংশ নিতে যাচ্ছেন। একই সঙ্গে তিয়াংগং হবে বিদেশি নভোচারীর আতিথ্য দেওয়া প্রথম চীনা মহাকাশ স্টেশন।
এই অভিযানের ভিত্তি তৈরি হয় ২০২৫ সালের ফেব্রুয়ারিতে পাকিস্তান ও চীনের মধ্যে স্বাক্ষরিত একটি চুক্তির মাধ্যমে। চীনের মহাকাশ স্টেশনের অভিযানে অংশ নেওয়ার জন্য পাকিস্তানি নভোচারী নির্বাচন ও প্রশিক্ষণের বিষয়ে দুই দেশ ওই চুক্তি করে।
তিন ধাপের যাচাই-বাছাই শেষে জিশান আলী ও খুররম দাউদকে বিকল্প নভোচারী প্রার্থী হিসেবে নির্বাচন করা হয়। পরে তাঁরা চীনে প্রশিক্ষণ সম্পন্ন করেন। শেষ পর্যন্ত ঐতিহাসিক অভিযানের জন্য নির্বাচিত হয়েছেন জিশান আলী। তাঁর বিকল্প হিসেবে দায়িত্ব পালন করবেন খুররম দাউদ।
এদিকে শেনঝৌ-২৪ অভিযানের মাধ্যমে চীনের মহাকাশ স্টেশনের নভোচারী পরিবর্তনেও নতুন ব্যবস্থা যুক্ত হচ্ছে। বিদায়ী শেনঝৌ-২৩ দলের একজন নভোচারী ঝু ইয়াংঝু তিয়াংগংয়ে থেকে যাবেন। সেখানে তিনি এক বছরব্যাপী মহাকাশে অবস্থানসংক্রান্ত পরীক্ষায় অংশ নেবেন।
উৎক্ষেপণের চূড়ান্ত প্রস্তুতি সম্পন্ন
১৭ নভেম্বর শেনঝৌ-২৪ মহাকাশযান এবং সেটিকে বহনকারী লং মার্চ-২এফ রকেট উৎক্ষেপণ এলাকায় নেওয়া হয়। চার দিন পর সম্পন্ন হয় পুরো ব্যবস্থার চূড়ান্ত মহড়া।
মঙ্গলবারের সংবাদ সম্মেলনে চীনা কর্তৃপক্ষ জানিয়েছে, মহাকাশযান ও রকেট নিয়ন্ত্রিত অবস্থায় রয়েছে, নভোচারীরা সুস্থ আছেন এবং মহাকাশ স্টেশন কমপ্লেক্স স্বাভাবিকভাবে কাজ করছে। নির্ধারিত সময়ে উৎক্ষেপণের প্রস্তুতিও এগিয়ে চলছে।
এই অভিযান পাকিস্তানের মহাকাশ গবেষণায় নতুন সম্ভাবনার পাশাপাশি আন্তর্জাতিক মহাকাশ সহযোগিতায় দেশটির অংশগ্রহণ বাড়ানোর সুযোগ তৈরি করবে। স্যাটেলাইট উন্নয়ন ও মহাকাশপ্রযুক্তির প্রচলিত সহযোগিতার বাইরে এবার মানববাহী মহাকাশ অভিযানেও পাকিস্তান-চীন সম্পর্ক নতুন মাত্রা পেতে যাচ্ছে।












