কৃত্রিম বুদ্ধিমত্তা যখন ছবি তৈরি ও সম্পাদনাকে আগের যেকোনো সময়ের তুলনায় সহজ করে তুলেছে, তখন জাপানের প্রযুক্তিপণ্য নির্মাতা রিকো (Ricoh) হাঁটছে উল্টো পথে। বাড়তি ফিচার, জটিল প্রযুক্তি কিংবা বহুমুখী সুবিধার প্রতিযোগিতায় না গিয়ে প্রতিষ্ঠানটি গুরুত্ব দিচ্ছে ছোট, হালকা ও সহজে ব্যবহারযোগ্য ডিজিটাল ক্যামেরায়। আর এই কৌশলেই নতুন করে তরুণ ক্রেতাদের আকৃষ্ট করছে রিকোর জিআর (GR) সিরিজ।
নিক্কেই এশিয়ার এক প্রতিবেদনে বলা হয়েছে, রিকোর উচ্চমানের কমপ্যাক্ট ক্যামেরার চাহিদা এতটাই বেড়েছে যে জাপানের বিভিন্ন দোকানে বিক্রি সীমিত করতে হচ্ছে। কোথাও একজন ক্রেতাকে একটি ক্যামেরার বেশি দেওয়া হচ্ছে না, আবার কোথাও লটারির মাধ্যমে ক্রেতা নির্বাচন করা হচ্ছে। প্রায় ২ লাখ ইয়েন বা ১ হাজার ২৫০ ডলার দাম হওয়া সত্ত্বেও এই চাহিদায় ভাটা পড়েনি।
দাম বেশি, তবু সরবরাহে সংকট
রিকোর ক্যামেরা বিভাগ উৎপাদন বাড়ানোর উদ্যোগ নিয়েছে। কিন্তু বাজারের চাহিদার তুলনায় সরবরাহ এখনো সীমিত। এমনকি অনলাইন মার্কেটপ্লেসে ব্যবহৃত জিআর ক্যামেরার দামও অনেক ক্ষেত্রে নতুন ক্যামেরার খুচরা দামের চেয়ে বেশি।
এই পরিস্থিতি দেখাচ্ছে, স্মার্টফোনের ব্যাপক বিস্তারের মধ্যেও বিশেষায়িত ক্যামেরার জন্য আলাদা ক্রেতাগোষ্ঠী তৈরি হচ্ছে। বিশেষ করে এমন ক্রেতারা এগিয়ে আসছেন, যারা শুধু ছবি তোলার সুবিধা নয়, ছবির মান, রং এবং নিজস্ব সৃজনশীলতার ওপর নিয়ন্ত্রণ চান।
প্রতিযোগীদের পথ ছেড়ে আলাদা কৌশল
রিকোর জিআর সিরিজের যাত্রা শুরু হয়েছিল ১৯৯৬ সালে ফিল্ম ক্যামেরা দিয়ে। শুরু থেকেই প্রতিষ্ঠানটির লক্ষ্য ছিল এমন একটি ক্যামেরা তৈরি করা, যা সহজে বহন করা যাবে, দ্রুত ছবি তোলা যাবে এবং ছবির মান হবে উন্নত।
১৯৮০ ও ১৯৯০-এর দশকে ক্যানন ও নিকনের মতো বড় নির্মাতারা ক্যামেরার জুম প্রযুক্তি উন্নত করার প্রতিযোগিতায় ব্যস্ত ছিল। রিকো বুঝতে পেরেছিল, এই প্রতিযোগিতায় সরাসরি নামলে প্রতিষ্ঠিত কোম্পানিগুলোর সঙ্গে পাল্লা দেওয়া কঠিন হবে।
তাই প্রতিষ্ঠানটি ভিন্ন পথ বেছে নেয়। জুম সুবিধা বাড়ানোর পরিবর্তে ক্যামেরার আকার ছোট রাখা, ওজন কমানো এবং ছবির মান উন্নত করাকে অগ্রাধিকার দেয়।
এই সিদ্ধান্তই জিআর সিরিজকে আলাদা পরিচিতি দেয়। ডিজিটাল যুগে প্রবেশের পরও রিকো তার মূল নকশা ও দর্শন ধরে রেখেছে। কালো রঙের শক্তপোক্ত কাঠামো, বহনযোগ্য আকার এবং তুলনামূলক সরল ব্যবস্থাপনা এখনো এই সিরিজের প্রধান বৈশিষ্ট্য।
রিকো ইমেজিংয়ের পরিচালক কাজুনোবু সাইকি মনে করেন, জিআর ক্যামেরার মূল দর্শন হলো ব্যবহারকারীর দক্ষতা ও কল্পনাশক্তির ওপর আস্থা রাখা। ক্যামেরায় যত বেশি ফিচার যোগ করা যায়, সেটিই উন্নতির একমাত্র মাপকাঠি নয়। বরং ছবি তৈরির সৃজনশীল প্রক্রিয়ায় আলোকচিত্রীকে বেশি স্বাধীনতা দেওয়াই তাদের লক্ষ্য।
তরুণদের হাত ধরে বদলাচ্ছে ক্রেতাগোষ্ঠী
একসময় জিআর ক্যামেরার প্রধান ক্রেতা ছিলেন পেশাদার আলোকচিত্রী ও শৌখিন ফটোগ্রাফাররা। কিন্তু ২০২০-এর দশকে এসে ক্রেতাগোষ্ঠীতে উল্লেখযোগ্য পরিবর্তন দেখা যাচ্ছে। তরুণেরা এখন এই ক্যামেরার প্রতি আগ্রহী হচ্ছেন।
চীনের বাজারে এই পরিবর্তন বিশেষভাবে লক্ষণীয়। সেখানে জিআর ক্যামেরার গড় ব্যবহারকারীর বয়স বিশের কোঠায়। ব্যবহারকারীদের ৭০ শতাংশের বেশি নারী।
সাইকি মনে করেন, সামাজিক যোগাযোগমাধ্যম তরুণদের ছবি সম্পর্কে আরও সচেতন ও রুচিশীল করে তুলেছে। ফলে তাদের একটি অংশ স্মার্টফোনের বাইরে আলাদা ক্যামেরার অভিজ্ঞতা নিতে আগ্রহী হচ্ছে।
স্মার্টফোনে উন্নত ক্যামেরা, স্বয়ংক্রিয় সম্পাদনা এবং কৃত্রিম বুদ্ধিমত্তার সুবিধা থাকলেও আলাদা ক্যামেরা ব্যবহারের প্রতি এই আগ্রহ দেখাচ্ছে, ছবি তোলার ক্ষেত্রে ব্যক্তিগত নিয়ন্ত্রণ ও নিজস্ব শৈলীর গুরুত্ব এখনো রয়েছে।
বাজারে বাড়ছে রিকোর অবস্থান
টোকিওভিত্তিক বাজার গবেষণা প্রতিষ্ঠান টেকনো সিস্টেমস রিসার্চের তথ্য অনুযায়ী, ২০২৫ সালে রিকো ১ লাখ ৫০ হাজার কমপ্যাক্ট ডিজিটাল ক্যামেরা সরবরাহ করেছে। ২০২৩ সালের তুলনায় এই সংখ্যা তিন গুণ।
একই সময়ে কমপ্যাক্ট ক্যামেরার বাজারে রিকোর অংশ বেড়েছে ৩ শতাংশীয় পয়েন্ট। প্রতিষ্ঠানটির বাজার হিস্যা এখন ৬ শতাংশের বেশি।
রিকো অবশ্য তার ক্যামেরা বিভাগের পৃথক আয় প্রকাশ করে না। তবে ধারণা করা হচ্ছে, গত মার্চে শেষ হওয়া অর্থবছরে ক্যামেরা ব্যবসা থেকে আয় ছিল মূল প্রতিষ্ঠানের মোট ২ দশমিক ৬ ট্রিলিয়ন ইয়েন আয়ের প্রায় ১ শতাংশ।
রিকোর প্রধান ব্যবসা মূলত করপোরেট গ্রাহকদের জন্য ফটোকপিয়ার এবং ডিজিটাল কর্মক্ষেত্রভিত্তিক সেবা। সে তুলনায় ক্যামেরা বিভাগ প্রতিষ্ঠানটির ব্যবসার ছোট অংশ। তবু কোম্পানির কর্মকর্তারা এই বিভাগকে গুরুত্বপূর্ণ বলে মনে করেন। কারণ, এটি মূলত ব্যবসাপ্রতিষ্ঠানকেন্দ্রিক কোম্পানির জন্য সরাসরি ভোক্তাদের সঙ্গে সম্পর্ক তৈরির একটি গুরুত্বপূর্ণ মাধ্যম এবং ব্র্যান্ডের পরিচিতি বাড়াতেও ভূমিকা রাখে।
প্রযুক্তির প্রতিযোগিতায় সরলতার বাজার
রিকোর সাফল্য প্রযুক্তিপণ্যের বাজারে একটি গুরুত্বপূর্ণ প্রবণতা তুলে ধরছে। প্রতিটি নতুন পণ্যে আরও বেশি ফিচার যুক্ত করার প্রতিযোগিতার মধ্যেও সরল ও নির্দিষ্ট কাজের জন্য তৈরি পণ্যের চাহিদা থাকতে পারে।
বিশেষ করে তরুণ ক্রেতাদের একটি অংশ এখন শুধু প্রযুক্তির সুবিধা নয়, পণ্যের নকশা, ব্যবহার অভিজ্ঞতা এবং ব্যক্তিগত সৃজনশীলতার সুযোগকেও গুরুত্ব দিচ্ছে।
কৃত্রিম বুদ্ধিমত্তা যখন ছবি তৈরির সীমাবদ্ধতা কমিয়ে দিচ্ছে, তখন রিকোর কৌশল আলাদা এক বাজারের সম্ভাবনা দেখাচ্ছে—যেখানে ছবি শুধু তৈরি বা সম্পাদনার বিষয় নয়, বরং নিজে ছবি তোলার অভিজ্ঞতাও পণ্যের মূল আকর্ষণ।












