লক্ষ্মীপুরের রায়পুরে গ্রামীণ ব্যাংকের কেরোয়া শাখার প্রধান ফটকে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার ঘটনায় ইমন হোসেন নামে নিষিদ্ধ ছাত্রলীগের এক নেতাকে আটক করেছে স্থানীয় বাসিন্দারা। পরে তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
সোমবার (২৩ নভেম্বর) দিবাগত রাত ১২টার দিকে উপজেলার কেরোয়া ইউনিয়নের মন্ডলতলী বাজারসংলগ্ন গ্রামীণ ব্যাংকের শাখা কার্যালয়ে এ ঘটনা ঘটে।
সিসিটিভি ফুটেজে আগুন দেওয়ার দৃশ্য
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার রাতে কয়েকজন ব্যক্তি গ্রামীণ ব্যাংকের কেরোয়া শাখার প্রধান ফটকে আগুন ধরিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। সিসিটিভি ক্যামেরার ফুটেজে দেখা যায়, এক যুবক ব্যাংকের প্রধান ফটকে পেট্রোল ঢেলে আগুন দিচ্ছেন। অন্য একজন পাশের সড়ক থেকে পুরো ঘটনাটি ভিডিও করছেন।
আগুন দেওয়ার পর দুজনই সেখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। এ সময় স্থানীয় বাসিন্দারা ধাওয়া করে ইমন হোসেনকে আটক করেন।
আটক ইমন রায়পুর উপজেলার কেরোয়া ইউনিয়নের লুধুয়া গ্রামের খোকা আমিনের ছেলে। তিনি ওই ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিলেন বলে জানা গেছে।
এর আগেও পেট্রোল বোমা হামলা
আগুনের ধোঁয়া দেখতে পেয়ে আশপাশের বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন। তারা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। পরে আটক যুবককে স্থানীয়রা আটকে রেখে পুলিশে খবর দেন।
গ্রামীণ ব্যাংকের কেরোয়া শাখার ব্যবস্থাপক মো. আব্দুর রহমান জানান, সোমবার রাত ১২টার দিকে শাখার প্রধান ফটকে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয়। পরে স্থানীয়রা ধাওয়া করে একজনকে আটক করে পুলিশের হাতে তুলে দেন।
তিনি আরও জানান, এর আগে গত বুধবার রাতেও একই শাখায় পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনা ঘটেছিল।
জিজ্ঞাসাবাদ করছে পুলিশ
অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী জানান, আটক যুবককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ঘটনায় পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।












