মজুরি বাড়ানোর দাবিতে শ্রমিক বিক্ষোভ, মহাসড়ক অবরোধ ও পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনায় গাজীপুরের শিল্পাঞ্চলে মঙ্গলবার অস্থিরতা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি সামাল দিতে ৭০টি পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। এর বাইরে বিভিন্ন এলাকায় ৩২টি কারখানা আগেই অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছিল।
সকালে বিভিন্ন পোশাক কারখানায় শ্রমিকেরা কাজে যোগ দিলেও কিছুক্ষণ পর কয়েকটি দলে বিভক্ত হয়ে মজুরি বাড়ানোর দাবিতে বিক্ষোভ শুরু করেন। কোনাবাড়ী, জরুন, মৌচাক, ভোগড়া বাইপাস, সালনা, মেম্বারবাড়ী ও বাঘের বাজারসহ গাজীপুরের বিভিন্ন শিল্প এলাকায় আন্দোলন ছড়িয়ে পড়ে।
সকাল ৯টার দিকে গাজীপুর সদর উপজেলার মেম্বারবাড়ী ও বাঘের বাজারের নতুন বাজার এলাকায় শ্রমিকেরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নেন। এতে মহাসড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। প্রায় আধা ঘণ্টা পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাঁদানে গ্যাসের শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে। এরপর মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হতে শুরু করে।
এদিকে কোনাবাড়ী ও জরুন এলাকায় শ্রমিকদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। সেখানে সংঘর্ষে এক শ্রমিক আহত হওয়ার পর বিক্ষুব্ধ শ্রমিকেরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের দিকে যাওয়ার চেষ্টা করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাঁদানে গ্যাস ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করে। পরে এসব এলাকার কয়েকটি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়।
মৌচাক, ভোগড়া বাইপাস, সালনা ও আশপাশের শিল্প এলাকাতেও বিক্ষোভ ছড়িয়ে পড়ে। নাওজোর এলাকার শ্রমিকেরা মিছিল নিয়ে চন্দনা চৌরাস্তায় যান চলাচল বন্ধের চেষ্টা করেন। অন্যদিকে ভোগড়া বাইপাস এলাকায় বিক্ষুব্ধ শ্রমিকেরা সড়ক অবরোধ করে বিশৃঙ্খলা সৃষ্টি করেন।
দুপুরের দিকে নগরের ডেগেরচালা এলাকায় পুলিশ ও শ্রমিকদের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। এতে বিভিন্ন সড়ক ও সংযোগপথে যান চলাচল ব্যাহত হয়। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং ধীরে ধীরে যান চলাচল স্বাভাবিক হয়।
গাজীপুর শিল্পাঞ্চল পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসেন জানান, জেলার বিভিন্ন এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। শ্রমিক অসন্তোষের কারণে মঙ্গলবার ৭০টি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। এ ছাড়া বিভিন্ন এলাকায় ৩২টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে।












