পাকিস্তানের অর্থনৈতিক সংকট কাটিয়ে ওঠার নতুন সম্ভাবনা হিসেবে সামনে আনা হচ্ছে দেশটির বিপুল খনিজ সম্পদ। তামা, সোনা, লিথিয়াম, অ্যান্টিমনি এবং বিরল মৃত্তিকা মৌলের সম্ভাব্য মজুত ঘিরে ইসলামাবাদ আন্তর্জাতিক বিনিয়োগকারীদের আকৃষ্ট করার চেষ্টা করছে। বিশেষ করে যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে গুরুত্বপূর্ণ খনিজের সরবরাহব্যবস্থা নিয়ে প্রতিযোগিতা তীব্র হওয়ার প্রেক্ষাপটে পাকিস্তান নিজেকে নতুন একটি সরবরাহকেন্দ্র হিসেবে প্রতিষ্ঠা করতে চায়। কিন্তু ভূতাত্ত্বিক সম্ভাবনা আর বাণিজ্যিক উৎপাদনের মধ্যে যে বিশাল ব্যবধান রয়েছে, সেটিই এখন দেশটির খনিজ কূটনীতির সবচেয়ে বড় পরীক্ষা।
২০২৬ সালের নভেম্বরে অনুষ্ঠিত পাকিস্তান মিনারেলস ইনভেস্টমেন্ট ফোরামে (পিএমআইএফ) ৬০টির বেশি দেশ থেকে ১০ হাজারেরও বেশি প্রতিনিধি অংশ নেন। সম্মেলনে ১৩টি চুক্তি ও সমঝোতা স্মারক ঘোষণা করা হয়। সরকারের প্রতিশ্রুতি ছিল, কাঁচা খনিজ রপ্তানির প্রচলিত কাঠামো থেকে বেরিয়ে দেশে প্রক্রিয়াজাতকরণ, পরিশোধন এবং উচ্চমূল্যের খনিজ পণ্য উৎপাদনের শিল্প গড়ে তোলা হবে।
পরিকল্পনাটি অর্থনৈতিকভাবে গুরুত্বপূর্ণ। কারণ, বৈশ্বিক শিল্পে এখন তামা, লিথিয়াম, অ্যান্টিমনি ও বিরল মৃত্তিকা মৌলের চাহিদা বাড়ছে। বৈদ্যুতিক গাড়ি, নবায়নযোগ্য জ্বালানি, আধুনিক ইলেকট্রনিকস, প্রতিরক্ষা সরঞ্জাম এবং উন্নত প্রযুক্তির উৎপাদনে এসব উপাদান অপরিহার্য। কিন্তু শুধু খনিজের অস্তিত্ব থাকলেই কোনো দেশ এই বাজারে গুরুত্বপূর্ণ অবস্থান তৈরি করতে পারে না।
খনিজ সম্পদ থেকে শিল্পশক্তি হওয়ার কঠিন পথ
পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে বিরল মৃত্তিকা মৌলের সম্ভাব্য উপস্থিতি নিয়ে ভূতাত্ত্বিকদের আগ্রহ রয়েছে। পেশোয়ার সমভূমির অ্যালকালাইন ইগনিয়াস প্রভিন্সের সিল্লাই পট্টি, কোগা, লোয়ে শিলমান, ওয়ারসাক ও জাম্বিল এলাকায় কার্বোনাটাইট ও অ্যালকালাইন শিলাস্তরের উপস্থিতি শনাক্ত হয়েছে। এসব ভূতাত্ত্বিক কাঠামোয় ল্যান্থানাম, সেরিয়াম, নিওডিমিয়ামসহ বিভিন্ন বিরল মৃত্তিকা মৌল ধারণকারী খনিজ থাকার সম্ভাবনা রয়েছে।
এ ছাড়া কোহিস্তান আইল্যান্ড আর্ক ও কোহিস্তান বাথোলিথ অঞ্চলের অ্যালকালাইন সায়েনাইট ও পেগমাটাইট শিলাস্তরেও মোনাজাইট ও কেভিনাইটের মতো খনিজের সন্ধান পাওয়া গেছে। দক্ষিণের সিওয়ালিক পাললিক শিলাস্তরেও মোনাজাইটসমৃদ্ধ ভারী খনিজের উপস্থিতির কথা জানা গেছে।
তবে এখানে একটি মৌলিক পার্থক্য রয়েছে। কোনো এলাকায় খনিজের উপস্থিতি পাওয়া, সেটিকে পরিমাপযোগ্য সম্পদ হিসেবে প্রতিষ্ঠা করা এবং অর্থনৈতিকভাবে উত্তোলনযোগ্য মজুত প্রমাণ করা এক বিষয় নয়। পাকিস্তান এখনো আন্তর্জাতিকভাবে স্বীকৃত, অর্থনৈতিকভাবে উত্তোলনযোগ্য বিরল মৃত্তিকা মৌলের মজুত কিংবা উল্লেখযোগ্য বাণিজ্যিক উত্তোলন ও পৃথকীকরণ শিল্প প্রতিষ্ঠা করতে পারেনি। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থার (ইউএসজিএস) তথ্যেও পাকিস্তানের তামা ও অ্যান্টিমনিসহ কয়েকটি খনিজ উৎপাদনের উল্লেখ রয়েছে, কিন্তু দেশটিকে উল্লেখযোগ্য বিরল মৃত্তিকা উৎপাদক হিসেবে চিহ্নিত করা হয়নি।
এই ব্যবধানটি গুরুত্বপূর্ণ। কারণ, খনি থেকে আকরিক উত্তোলন করাই পুরো শিল্পপ্রক্রিয়া নয়। প্রথমে আকরিক ভাঙা, পরিশোধনযোগ্য উপাদান আলাদা করা এবং রাসায়নিক প্রক্রিয়াকরণের প্রয়োজন হয়। এরপর প্রতিটি বিরল মৃত্তিকা মৌল পৃথক করে বিশুদ্ধ অবস্থায় নিয়ে যেতে হয়। নির্দিষ্ট শিল্পে ব্যবহারের জন্য সেগুলোকে ধাতু, সংকর ধাতু কিংবা স্থায়ী চুম্বক তৈরির উপযোগী উপাদানে রূপান্তর করতে হয়।
এই পুরো প্রক্রিয়া প্রযুক্তিনির্ভর, ব্যয়বহুল এবং পরিবেশগতভাবে সংবেদনশীল। ফলে খনিজের সম্ভাব্য মজুত থাকলেও প্রক্রিয়াজাতকরণ প্রযুক্তি, দক্ষ জনবল, গবেষণাগার এবং শিল্প অবকাঠামো ছাড়া আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতা করা কঠিন।
প্রাতিষ্ঠানিক দুর্বলতা বড় বাধা
পাকিস্তানের পরিকল্পনা কমিশনের ২০২৫ সালের একটি কৌশলগত নথিতে খনিজ প্রক্রিয়াজাতকরণ অবকাঠামোর ঘাটতি, প্রশিক্ষিত খনি ও প্রক্রিয়াজাতকরণ বিশেষজ্ঞের স্বল্পতা এবং মানসম্মত প্রশিক্ষণ প্রতিষ্ঠানের অভাবকে বড় প্রতিবন্ধকতা হিসেবে চিহ্নিত করা হয়েছে।
দেশটিতে ভূতত্ত্ব গবেষক, বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট বিভাগ, ভূতাত্ত্বিক জরিপ সংস্থা, খনি প্রকৌশলী এবং খনিজবিদ রয়েছেন। কিন্তু পাকিস্তানের সরকারি ও প্রাতিষ্ঠানিক দক্ষতার বড় অংশ ঐতিহাসিকভাবে তেল ও গ্যাস অনুসন্ধানকেন্দ্রিক। আধুনিক কঠিন শিলা অনুসন্ধান, অর্থনৈতিক ভূতত্ত্ব, খনিজ প্রক্রিয়াজাতকরণ এবং বিরল মৃত্তিকা ধাতুবিদ্যায় প্রয়োজনীয় বিশেষায়িত সক্ষমতা তুলনামূলকভাবে সীমিত।
এই দুই ক্ষেত্রের প্রযুক্তিগত চাহিদা এক নয়। তেল ও গ্যাস অনুসন্ধানে অর্জিত অভিজ্ঞতা দিয়ে সরাসরি বিরল মৃত্তিকা প্রক্রিয়াজাতকরণ শিল্প গড়ে তোলা সম্ভব নয়। এর জন্য প্রয়োজন অর্থনৈতিক ভূতত্ত্ব, ভূ-রসায়ন, ভূ-পদার্থবিদ্যা, খনিজ প্রক্রিয়াকরণ, হাইড্রোমেটালার্জি, পৃথকীকরণ রসায়ন, খনি প্রকৌশল এবং পরিবেশ ব্যবস্থাপনায় বিশেষজ্ঞ জনবল।
একই সঙ্গে প্রয়োজন আন্তর্জাতিক মানসম্পন্ন পরীক্ষাগার, যেখানে খনিজের গুণগত মান, মজুতের পরিমাণ এবং অর্থনৈতিক সম্ভাবনা স্বাধীনভাবে যাচাই করা যাবে। এসব সক্ষমতা ছাড়া বিনিয়োগকারীদের সামনে উপস্থাপিত খনিজ সম্পদের হিসাবের বিশ্বাসযোগ্যতা প্রতিষ্ঠা করা কঠিন।
ভারতের অভিজ্ঞতা কেন গুরুত্বপূর্ণ
এ ক্ষেত্রে ভারতের সঙ্গে পাকিস্তানের তুলনা তাৎপর্যপূর্ণ। পারমাণবিক খনিজ, খনিজ অনুসন্ধান, বিরল মৃত্তিকা প্রক্রিয়াজাতকরণ এবং কৌশলগত উপাদান উৎপাদনে ভারত কয়েক দশক ধরে প্রাতিষ্ঠানিক ও শিল্প সক্ষমতা গড়ে তুলেছে।
তারপরও এসব খনিজের অনুসন্ধান থেকে শুরু করে উন্নত প্রক্রিয়াজাতকরণ ও উৎপাদনশিল্প সম্প্রসারণে ভারতের সামনে নানা প্রযুক্তিগত ও বাণিজ্যিক চ্যালেঞ্জ রয়েছে। অর্থাৎ ভূতাত্ত্বিক সম্পদ ও গবেষণাপ্রতিষ্ঠান থাকলেই উচ্চমূল্যের শিল্প গড়ে ওঠে না। এর জন্য দীর্ঘমেয়াদি বিনিয়োগ, প্রযুক্তি স্থানান্তর, দক্ষ জনবল এবং ধারাবাহিক নীতিগত সহায়তা প্রয়োজন।
পাকিস্তানের ক্ষেত্রে সমস্যাটি আরও জটিল। দেশটির অর্থনৈতিক ইতিহাসে প্রাকৃতিক সম্পদ আবিষ্কারকে প্রায়ই অর্থনৈতিক পুনরুদ্ধারের সম্ভাব্য সমাধান হিসেবে তুলে ধরা হয়েছে। কিন্তু বড় কোনো সম্পদের সম্ভাব্য হিসাব প্রকাশের পরও অনুসন্ধান, অবকাঠামো, শিল্পপ্রযুক্তি ও প্রাতিষ্ঠানিক সংস্কারের কাজ অনেক সময় প্রত্যাশিত গতিতে এগোয়নি।
এবারের খনিজ বিনিয়োগ সম্মেলনেও তাই ঘোষণার পাশাপাশি বাস্তব অগ্রগতি যাচাই করা জরুরি।
বিনিয়োগের ঘোষণা বনাম বাণিজ্যিক বাস্তবতা
যুক্তরাষ্ট্র ও অন্যান্য পশ্চিমা দেশ চীনের ওপর অতিরিক্ত নির্ভরতা কমিয়ে গুরুত্বপূর্ণ খনিজের বিকল্প সরবরাহব্যবস্থা গড়ে তুলতে চায়। এই ভূরাজনৈতিক পরিবর্তন পাকিস্তানের জন্য নতুন কূটনৈতিক সুযোগ তৈরি করেছে।
২০২৫ সালে যুক্তরাষ্ট্রের স্ট্র্যাটেজিক মেটালস এবং পাকিস্তানের ফ্রন্টিয়ার ওয়ার্কস অর্গানাইজেশনের মধ্যে একটি চুক্তি হয়। এর আওতায় অ্যান্টিমনি, তামা, টাংস্টেন ও বিরল মৃত্তিকা মৌল উত্তোলন এবং প্রক্রিয়াজাতকরণের পরিকল্পনা সামনে আনা হয়। চুক্তির সঙ্গে ৫০ কোটি ডলারের সম্ভাব্য নগদ প্রবাহের লক্ষ্যমাত্রাও যুক্ত ছিল।
কিন্তু যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজের (সিএসআইএস) ২০২৬ সালের এপ্রিলের মূল্যায়নে বলা হয়, পাকিস্তানে বিরল মৃত্তিকা মৌল বা টাংস্টেনের প্রতিষ্ঠিত বাণিজ্যিক উৎপাদন নেই। ফলে চুক্তির সঙ্গে যুক্ত আর্থিক লক্ষ্যমাত্রাকে বাস্তব বিনিয়োগ কিংবা উৎপাদনের সমতুল্য হিসেবে বিবেচনা করার সুযোগ নেই।
একই সতর্কতা প্রযোজ্য নভেম্বরে অনুষ্ঠিত পিএমআইএফে ঘোষিত ১৩টি চুক্তি ও সমঝোতা স্মারকের ক্ষেত্রেও। এসব চুক্তির অর্থ এই নয় যে শিগগিরই ১৩টি খনি, প্রক্রিয়াজাতকরণ কারখানা কিংবা পরিশোধনাগার চালু হয়ে যাবে।
যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রশাসনের ২০২৬ সালের মার্চের মূল্যায়নেও পাকিস্তানে ভূতাত্ত্বিক জরিপ, খনিজ অনুসন্ধান, আধুনিক খননযন্ত্র এবং প্রক্রিয়াজাতকরণ প্রযুক্তিতে বিনিয়োগের সুযোগের কথা বলা হয়েছে। অর্থাৎ যেসব সক্ষমতাকে বিনিয়োগের সুযোগ হিসেবে চিহ্নিত করা হচ্ছে, সেগুলোর অনেক কিছুই এখনো পাকিস্তানকে গড়ে তুলতে হবে।
ভারতের জন্য কৌশলগত তাৎপর্য
পাকিস্তানের খনিজ কূটনীতি ভারতের জন্যও পর্যবেক্ষণের গুরুত্বপূর্ণ বিষয়। বিশেষ করে যুক্তরাষ্ট্র, চীন, তুরস্ক এবং উপসাগরীয় দেশগুলোর বিনিয়োগ আকৃষ্ট করার ইসলামাবাদের প্রচেষ্টা নয়াদিল্লির নজরে রাখা প্রয়োজন।
কারণ, গুরুত্বপূর্ণ খনিজ এখন আর শুধু বাণিজ্যিক পণ্য নয়। এগুলো বৈদ্যুতিক গাড়ি, নবায়নযোগ্য জ্বালানি, সেমিকন্ডাক্টর, প্রতিরক্ষা প্রযুক্তি এবং আধুনিক উৎপাদনশিল্পের কৌশলগত ভিত্তি। এসব খনিজের সরবরাহব্যবস্থা নিয়ন্ত্রণ ও বৈচিত্র্যপূর্ণ করার প্রতিযোগিতা আন্তর্জাতিক রাজনীতির গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে।
তবে পাকিস্তানের ভূতাত্ত্বিক সম্ভাবনাকে তার ভবিষ্যৎ সরবরাহ সক্ষমতার সঙ্গে এক করে দেখা ঠিক হবে না। আন্তর্জাতিক বাজারে নির্ভরযোগ্য সরবরাহকারী হতে হলে দেশটির প্রয়োজন স্বচ্ছ খনিজ মজুতের হিসাব, রাজনৈতিক স্থিতিশীলতা, নিরাপদ পরিবহন অবকাঠামো, পরিবেশগত সুরক্ষা, প্রযুক্তিগত দক্ষতা এবং বাণিজ্যিকভাবে লাভজনক প্রক্রিয়াজাতকরণ ব্যবস্থা।
বিশেষ করে যেসব অঞ্চলে নিরাপত্তা পরিস্থিতি ও স্থানীয় জনগোষ্ঠীর অংশগ্রহণ খনি প্রকল্পের সাফল্যের সঙ্গে সরাসরি যুক্ত, সেখানে সামাজিক গ্রহণযোগ্যতা এবং পরিবেশগত সুরক্ষা নিশ্চিত করা অপরিহার্য।
পাকিস্তানের সামনে তাই প্রকৃত চ্যালেঞ্জ কেবল বিদেশি বিনিয়োগকারীদের আকৃষ্ট করা নয়; বরং সেই বিনিয়োগকে দীর্ঘস্থায়ী উৎপাদন সক্ষমতায় রূপান্তর করা। এর জন্য ভূতাত্ত্বিক মানচিত্রায়ণ, পরীক্ষামূলক খনন, স্বাধীন পরীক্ষাগার, খনিজ প্রক্রিয়াজাতকরণ গবেষণা, বিশেষায়িত শিক্ষা এবং শিল্প অবকাঠামোয় ধারাবাহিক বিনিয়োগ প্রয়োজন।
খনিজ সম্পদ অর্থনীতির নতুন সম্ভাবনার দরজা খুলতে পারে। কিন্তু সেই সম্ভাবনাকে বাস্তব অর্থনৈতিক শক্তিতে পরিণত করতে হলে কূটনৈতিক আগ্রহের পাশাপাশি বিজ্ঞান, প্রযুক্তি ও প্রতিষ্ঠান নির্মাণে দীর্ঘমেয়াদি সক্ষমতা দেখাতে হবে। পাকিস্তানের খনিজ কূটনীতির সাফল্য শেষ পর্যন্ত নির্ধারিত হবে সম্মেলনে কতটি চুক্তি হলো, তা দিয়ে নয়; বরং মাটির নিচের সম্পদ কতটা বাস্তব উৎপাদন, কর্মসংস্থান ও শিল্পমূল্যে রূপান্তরিত হলো, তার ভিত্তিতে।
লেখক : আসিম ইউসুফজাই ওয়াশিংটনভিত্তিক একজন ভূবিজ্ঞানী।












