পোশাকশ্রমিকদের নতুন ন্যূনতম মজুরি কাঠামো নির্ধারণে ন্যূনতম মজুরি বোর্ডের চতুর্থ বৈঠক শুরু হয়েছে। মঙ্গলবার বেলা ২টায় রাজধানীর সেগুনবাগিচায় বোর্ডের সম্মেলনকক্ষে বৈঠকটি শুরু হয়। এতে সভাপতিত্ব করছেন বোর্ডের চেয়ারম্যান ও জেলা ও দায়রা জজ সৈয়দ আজাদ সুবহানী।
বৈঠকে তৈরি পোশাকশিল্পের সব শ্রেণির শ্রমিক ও কর্মচারীর জন্য নতুন ন্যূনতম মজুরির সুপারিশ তৈরির বিষয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। শ্রমিক ও মালিকপক্ষের প্রতিনিধিদের জমা দেওয়া লিখিত মজুরি প্রস্তাব পর্যালোচনা এবং নতুন মজুরি কাঠামোর সুপারিশ প্রণয়ন—এই দুটি বিষয় বৈঠকের আলোচ্যসূচিতে রাখা হয়েছে।
এর আগে সোমবার বোর্ডের তৃতীয় বৈঠকে দীর্ঘ আলোচনা হলেও মজুরি নিয়ে কোনো সমঝোতা হয়নি। সকাল পৌনে ১২টার দিকে শুরু হওয়া ওই বৈঠক রাত ৯টার দিকে শেষ হয়। কয়েক দফা দর-কষাকষির পরও দুই পক্ষের প্রস্তাবের মধ্যে বড় ব্যবধান থাকায় চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব হয়নি।
বৈঠকসংশ্লিষ্ট একজন সদস্যের তথ্য অনুযায়ী, শুরুতে কারখানার মালিকপক্ষ শ্রমিকদের ন্যূনতম মাসিক মজুরি ১৫ হাজার টাকা করার প্রস্তাব দেয়। বর্তমানে এই মজুরি ১২ হাজার ৫০০ টাকা। অর্থাৎ মালিকদের প্রাথমিক প্রস্তাবে মজুরি বাড়ানোর হার ছিল ২০ শতাংশ।
আলোচনার একপর্যায়ে মালিকপক্ষ তাদের প্রস্তাব বাড়িয়ে ১৫ হাজার ৫০০ টাকা করে। অন্যদিকে শ্রমিক প্রতিনিধিরা শুরুতে ৩২ হাজার টাকা ন্যূনতম মজুরির দাবি জানালেও পরে তা কমিয়ে ২৫ হাজার টাকা করেন।
দ্বিতীয় দফার আলোচনায় মালিকপক্ষ প্রস্তাব আরও বাড়িয়ে ১৫ হাজার ৮০০ টাকা করে। এর পরিপ্রেক্ষিতে শ্রমিক প্রতিনিধিরাও তাঁদের দাবি কমিয়ে ২২ হাজার টাকায় নামিয়ে আনেন।
দুই পক্ষ কয়েক দফায় প্রস্তাব সংশোধন করলেও তাদের মধ্যে ব্যবধান থেকে যায় ৬ হাজার ২০০ টাকা। ফলে সোমবারের বৈঠকে কোনো ঐকমত্য প্রতিষ্ঠিত হয়নি।
গত ১ নভেম্বর সরকার পোশাকশ্রমিকদের মজুরি পর্যালোচনা ও পুনর্নির্ধারণের জন্য ছয় সদস্যের ন্যূনতম মজুরি বোর্ড গঠন করে। ৪ নভেম্বর বোর্ডের প্রথম বৈঠকে নতুন মজুরি কাঠামোর বিষয়ে মালিক ও শ্রমিকপক্ষকে নিজ নিজ প্রস্তাব তৈরি করে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল।
চতুর্থ বৈঠকে লিখিত প্রস্তাব পর্যালোচনার পাশাপাশি নতুন মজুরি কাঠামো নিয়ে সুপারিশ তৈরির চেষ্টা চলছে। তবে দুই পক্ষের মধ্যে বিদ্যমান ব্যবধান কাটিয়ে কখন সমঝোতা হবে, সেটিই এখন আলোচনার প্রধান বিষয়।












