প্রতিটি যৌন সহিংসতার ঘটনার পর সমাজে একই ধরনের প্রতিক্রিয়া দেখা যায়। অপরাধের শিকার মেয়েটি কোথায় ছিল, কেন একা বাইরে গিয়েছিল, তার পোশাক কেমন ছিল, কিংবা পরিবারের সদস্যরা তাকে যথেষ্ট নিরাপত্তা দিয়েছিলেন কি না—এসব প্রশ্ন সামনে আসে। অথচ যে ব্যক্তি অপরাধটি করেছে, তার মানসিকতা, বেড়ে ওঠা, পারিবারিক শিক্ষা এবং সামাজিক পরিবেশ নিয়ে আলোচনা হয় খুব কম। এই প্রশ্নহীনতার মধ্যেই লুকিয়ে আছে আমাদের সমাজের বড় একটি ব্যর্থতা।
যৌন সহিংসতা প্রতিরোধের দায়িত্ব দীর্ঘদিন ধরে নারীদের ওপর চাপিয়ে দেওয়া হয়েছে। মেয়েদের শেখানো হয়েছে কীভাবে চলতে হবে, কোথায় যাওয়া যাবে না, কার সঙ্গে কথা বলা যাবে না এবং কীভাবে নিজেদের নিরাপদ রাখতে হবে। কিন্তু ছেলেদের শেখানোর ক্ষেত্রে সমাজের আগ্রহ অনেক কম। একজন ছেলে কীভাবে নারীর প্রতি সম্মান দেখাবে, ব্যক্তিগত সীমারেখা বুঝবে, সম্মতির গুরুত্ব উপলব্ধি করবে এবং নিজের আচরণের জন্য দায়বদ্ধ থাকবে—এসব শিক্ষা আমাদের পারিবারিক ও প্রাতিষ্ঠানিক ব্যবস্থায় এখনো যথেষ্ট গুরুত্ব পায়নি।
এই অসম শিক্ষাই সমস্যার একটি গুরুত্বপূর্ণ দিক।
আইন আছে, কিন্তু অপরাধের সংস্কৃতি বদলাচ্ছে না
পাকিস্তানে ২০২১ সালের ধর্ষণবিরোধী আইন এবং পরবর্তী বিধিমালার মাধ্যমে তদন্ত, বিচারপ্রক্রিয়া ও ভুক্তভোগীদের সুরক্ষায় কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন আনা হয়েছে। কিন্তু আইন প্রণয়ন করলেই সামাজিক আচরণ বদলে যায় না।
২০২১ সাল থেকে ২০২৬ সালের মাঝামাঝি পর্যন্ত দেশটির চার প্রদেশে ধর্ষণ ও সংশ্লিষ্ট পাঁচ ধরনের অপরাধে ৪৭ হাজার ৪৫২টি মামলা নথিভুক্ত হয়েছে। মানবাধিকারবিষয়ক সিনেটের একটি কমিটির পর্যবেক্ষণ অনুযায়ী, লিঙ্গভিত্তিক সহিংসতার আনুমানিক ৭০ শতাংশ ঘটনাই প্রকাশ্যে আসে না।
এই পরিসংখ্যানের তাৎপর্য শুধু অপরাধের সংখ্যা নয়; বরং বিচারব্যবস্থা ও সামাজিক প্রতিরোধের সীমাবদ্ধতাও এতে স্পষ্ট। বহু ভুক্তভোগী সামাজিক অপমান, পারিবারিক চাপ, ভয় কিংবা বিচার না পাওয়ার আশঙ্কায় অভিযোগ করেন না। ফলে অপরাধীর দায় আড়ালে থেকে যায়, আর ভুক্তভোগীকে বহন করতে হয় ঘটনার দীর্ঘমেয়াদি সামাজিক ও মানসিক পরিণতি।
এখানে একটি মৌলিক বিষয় বুঝতে হবে: ধর্ষণ নারীর নিরাপত্তার সমস্যা হওয়ার পাশাপাশি পুরুষের আচরণ, ক্ষমতাবোধ এবং জবাবদিহিরও সমস্যা।
ছেলেরা কোথা থেকে শিখছে নারীর প্রতি আচরণ?
একটি ছেলে যখন বড় হয়, তখন সে শুধু পাঠ্যবই থেকে শিক্ষা নেয় না। পরিবারে বাবা-মায়ের আচরণ, বড়দের কথাবার্তা, বন্ধুদের সঙ্গে সম্পর্ক, সামাজিক যোগাযোগমাধ্যম এবং বিনোদনজগৎ—সবকিছু তার চিন্তাভাবনা তৈরি করে।
অনেক পরিবারে ছেলেদের রাগকে পুরুষত্বের প্রকাশ হিসেবে দেখা হয়। বোন কোথায় যাবে, কার সঙ্গে মিশবে কিংবা কী পোশাক পরবে, তা নিয়ন্ত্রণ করার অধিকার যেন স্বাভাবিকভাবেই ছেলেদের দেওয়া হয়। অথচ একই পরিবারে সেই ছেলেকে শেখানো হয় না যে বোনেরও নিজস্ব সিদ্ধান্ত নেওয়ার অধিকার আছে। অন্য মানুষের শরীর, ব্যক্তিগত স্বাধীনতা ও সম্মতির প্রতি শ্রদ্ধা দেখানো কোনো ঐচ্ছিক ভালো গুণ নয়; এটি মৌলিক সামাজিক দায়িত্ব।
সমস্যা আরও গভীর হয় যখন যৌনতা, সম্মতি, সম্পর্ক কিংবা মানসিক চাপ নিয়ে পরিবারে কোনো খোলামেলা আলোচনা থাকে না। কিশোরেরা তখন এসব বিষয়ে ধারণা তৈরি করে বন্ধুদের কাছ থেকে, ইন্টারনেটের অনিয়ন্ত্রিত বিষয়বস্তু থেকে কিংবা সামাজিক যোগাযোগমাধ্যমের বিকৃত উপস্থাপনা দেখে।
এর অর্থ এই নয় যে দারিদ্র্য বা শিক্ষার অভাব কাউকে ধর্ষক বানায়। যৌন সহিংসতা সমাজের সব শ্রেণিতেই ঘটে। তবে শিক্ষার সুযোগ, পারিবারিক দিকনির্দেশনা এবং সুস্থ সামাজিক পরিবেশের অভাব তরুণদের সঠিক মূল্যবোধ গড়ে তোলার পথ কঠিন করে তুলতে পারে।
পাকিস্তানে সরকারি হিসাবেই প্রায় ১ কোটি ২০ লাখ ছেলে বিদ্যালয়ের বাইরে রয়েছে। এত বিপুলসংখ্যক শিশুকে প্রাতিষ্ঠানিক শিক্ষা ও সামাজিক বিকাশের সুযোগের বাইরে রেখে একটি দায়িত্বশীল প্রজন্ম গড়ে তোলার প্রত্যাশা বাস্তবসম্মত নয়।
সম্মতি ও সম্মান শেখাতে হবে শৈশব থেকেই
যৌন সহিংসতা প্রতিরোধের সবচেয়ে কার্যকর জায়গাগুলোর একটি হলো শিক্ষাপ্রতিষ্ঠান। শিশুদের বয়স উপযোগীভাবে শেখাতে হবে কোন স্পর্শ নিরাপদ, কোনটি অনিরাপদ, নিজের শরীরের ওপর তার অধিকার কী এবং অন্যের ব্যক্তিগত সীমারেখা কেন সম্মান করতে হবে।
বয়ঃসন্ধিতে পৌঁছানোর পর সম্মতি, পারস্পরিক শ্রদ্ধা, সুস্থ সম্পর্ক এবং অনলাইন আচরণ সম্পর্কে আরও বিস্তারিত শিক্ষা প্রয়োজন। এসব বিষয়কে বিচ্ছিন্ন কোনো কর্মশালা কিংবা বিশেষ দিবসের আলোচনায় সীমাবদ্ধ রাখলে চলবে না। নিয়মিত পাঠ্যক্রমের অংশ করতে হবে।
একই সঙ্গে পরিবারেও পরিবর্তন জরুরি। একজন বাবা তার ছেলেকে নারীর প্রতি সম্মান শেখাতে পারেন নিজের আচরণের মাধ্যমে। ঘরের নারীদের সঙ্গে তিনি কীভাবে কথা বলেন, পরিবারের সিদ্ধান্তে তাদের মতামতকে কতটা গুরুত্ব দেন এবং ছেলের ভুল আচরণের প্রতিবাদ করেন কি না—এসবই শিশুর কাছে শিক্ষার উপকরণ।
পুরুষদের নীরবতাও দায় এড়ানোর সুযোগ তৈরি করে
যৌন সহিংসতা প্রতিরোধের দায়িত্ব শুধু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, আদালত কিংবা নারী অধিকারকর্মীদের ওপর ছেড়ে দিলে চলবে না। পুরুষদেরও এই পরিবর্তনের নেতৃত্বে আসতে হবে।
সরকার, পুলিশ, আদালত, ধর্মীয় প্রতিষ্ঠান, সংবাদমাধ্যম এবং সামাজিক সংগঠনে দায়িত্বশীল অবস্থানে থাকা পুরুষদের দৃষ্টিভঙ্গি বদলানো জরুরি। কোনো যৌন সহিংসতার ঘটনায় ভুক্তভোগীর পোশাক বা চলাফেরা নিয়ে প্রশ্ন না তুলে অপরাধীর আচরণ, উদ্দেশ্য এবং দায় নিয়ে আলোচনা করতে হবে।
বন্ধুদের আড্ডায় নারীবিদ্বেষী কৌতুক, অনলাইনে সম্মতিহীন ছবি বা ভিডিও ছড়িয়ে দেওয়া কিংবা পরিচিত কারও অপরাধের তথ্য জেনেও চুপ থাকা—এসবকে নিরীহ আচরণ হিসেবে দেখার সুযোগ নেই। নীরবতা অনেক সময় অপরাধীকে সামাজিক সুরক্ষা দেয়।
বিশেষ করে তরুণদের ভূমিকা গুরুত্বপূর্ণ। নিজেদের বন্ধু ও সমবয়সীদের মধ্যে অসম্মানজনক আচরণ, যৌন হয়রানি কিংবা নারীবিদ্বেষী মানসিকতার বিরুদ্ধে তারাই সবচেয়ে কার্যকরভাবে প্রতিবাদ গড়ে তুলতে পারে।
এক দিনের প্রচার নয়, প্রয়োজন দীর্ঘমেয়াদি সামাজিক আন্দোলন
যৌন সহিংসতা নিয়ে আমাদের আলোচনা সাধারণত কোনো ভয়াবহ ঘটনার পর হঠাৎ বেড়ে যায়। সংবাদমাধ্যমে কয়েক দিন আলোচনা হয়, সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিবাদের ঝড় ওঠে, বিভিন্ন সংগঠন প্রচার চালায়। তারপর নতুন কোনো ঘটনা সামনে না আসা পর্যন্ত বিষয়টি আবার আড়ালে চলে যায়।
কিন্তু সামাজিক মানসিকতা পরিবর্তনের জন্য এমন বিচ্ছিন্ন উদ্যোগ যথেষ্ট নয়। প্রয়োজন ধারাবাহিক ও দীর্ঘমেয়াদি প্রচার।
ভিয়েতনামে পরিবার পরিকল্পনা নিয়ে সরকারের একটি প্রচারণায় বছরের পর বছর একই বার্তা বিলবোর্ড, টেলিভিশন ও বেতারে প্রচার করা হয়েছিল। এর অভিজ্ঞতা একটি গুরুত্বপূর্ণ শিক্ষা দেয়—কোনো সামাজিক বার্তা দীর্ঘ সময় ধরে নিয়মিত মানুষের কাছে পৌঁছালে তা একপর্যায়ে প্রচলিত চিন্তাভাবনার অংশ হয়ে উঠতে পারে।
যৌন সহিংসতা প্রতিরোধেও সরকার, সংবাদমাধ্যম, বিজ্ঞাপনশিল্প, শিক্ষাপ্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনগুলো সমন্বিতভাবে কাজ করতে পারে। বার্তাটি হতে হবে স্পষ্ট: যৌন সহিংসতা অপরাধীর সিদ্ধান্ত, দায়ও তার; আর অপরাধ প্রতিরোধে প্রত্যেক পুরুষের ভূমিকা রয়েছে।
একটি সমাজ তার মেয়েদের কতটা সতর্ক থাকতে শেখাল, শুধু তা দিয়ে সভ্যতার মান বিচার করা যায় না। বরং সমাজটি তার ছেলেদের কতটা দায়িত্বশীল, সংবেদনশীল এবং অন্যের স্বাধীনতার প্রতি শ্রদ্ধাশীল করে তুলতে পেরেছে, সেটিও গুরুত্বপূর্ণ।
নারীর নিরাপত্তা নিশ্চিত করতে আইন প্রয়োগ, বিচার, ভুক্তভোগীর সুরক্ষা এবং অপরাধীর শাস্তি অপরিহার্য। কিন্তু এর পাশাপাশি ছেলেদের বেড়ে ওঠার পরিবেশ বদলাতে হবে। পরিবার থেকে বিদ্যালয়, বন্ধুমহল থেকে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান—সব জায়গায় সম্মতি, সমতা ও জবাবদিহির সংস্কৃতি গড়ে তুলতে হবে।
মেয়েদের নিরাপদ রাখার দায়িত্ব শুধু তাদের নিজেদের নয়। আর ছেলেদের ভুল আচরণকে বয়স, আবেগ কিংবা পুরুষালি স্বভাবের অজুহাতে প্রশ্রয় দেওয়ারও সুযোগ নেই।
যে সমাজ নিজের কন্যাদের সুরক্ষার কথা বলে, সেই সমাজকে একই সঙ্গে নিজের পুত্রদের দায়িত্বশীল মানুষ হিসেবে গড়ে তোলার কাজ করতে হবে। কারণ যৌন সহিংসতামুক্ত সমাজের ভিত্তি শুধু নিরাপত্তার ব্যবস্থা নয়, বরং এমন এক প্রজন্ম, যারা অন্য মানুষের অধিকার লঙ্ঘন করাকে কখনো স্বাভাবিক বলে মনে করবে না।












