ভারতের সবচেয়ে ব্যয়বহুল সিনেমা ‘রামায়ণ: পার্ট ওয়ান’ এবার অস্কারের দৌড়ে জায়গা করে নিয়েছে। ২০২৭ সালের অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসে সেরা ভিজ্যুয়াল ইফেক্টস বিভাগে বিবেচনার জন্য নির্বাচিত শীর্ষ ২০ চলচ্চিত্রের তালিকায় রয়েছে সিনেমাটি। এতে হলিউডের বড় বাজেটের একাধিক সিনেমার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করছে ভারতীয় এই চলচ্চিত্র।
তালিকায় ‘রামায়ণ’-এর পাশাপাশি রয়েছে ‘ডুন: পার্ট থ্রি’, ‘অ্যাভেঞ্জার্স: ডুমসডে’, ‘দ্য ওডিসি’, ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’, ‘প্রজেক্ট হেইল মেরি’ ও ‘ডিসক্লোজার ডে’। এ ছাড়া জাপানের আলোচিত সিনেমা ‘গডজিলা: মাইনাস জিরো’সহ আরও কয়েকটি চলচ্চিত্র রয়েছে।
ভিজ্যুয়াল ইফেক্টসে বিশেষ স্বীকৃতি
প্রায় ১ হাজার ৬০০ কোটি রুপি বাজেটে নির্মিত ‘রামায়ণ’ ভারতের অন্যতম ব্যয়বহুল চলচ্চিত্র। সিনেমাটির দৃশ্যপ্রযুক্তি ও কম্পিউটারনির্ভর বিশেষ প্রভাব দর্শক ও চলচ্চিত্র সংশ্লিষ্টদের প্রশংসা পেয়েছে।
ছবিটির ভিজ্যুয়াল ইফেক্টসের কাজ করেছে ডিএনইজি। প্রতিষ্ঠানটি আটবার অস্কার জিতেছে। এর আগে ‘ডুন’ ও ‘ইন্টারস্টেলার’-এর মতো চলচ্চিত্রেও কাজ করেছে তারা। ‘রামায়ণ’-এর বিশেষ দৃশ্যগুলো তৈরিতে প্রতিষ্ঠানটির কাজ সিনেমাটিকে অস্কারের শীর্ষ ২০ চলচ্চিত্রের তালিকায় জায়গা পেতে সহায়তা করেছে।
তবে এই তালিকায় স্থান পাওয়া মানেই চূড়ান্ত অস্কার মনোনয়ন পাওয়া নয়। পরবর্তী ধাপে বিচারকদের মূল্যায়নের ভিত্তিতে চূড়ান্ত মনোনীত চলচ্চিত্র নির্বাচন করা হবে।
ক্রিটিকস চয়েস অ্যাওয়ার্ডসেও জায়গা
অস্কারের পাশাপাশি আগামী বছরের ক্রিটিকস চয়েস অ্যাওয়ার্ডসের দুটি বিভাগেও সংক্ষিপ্ত তালিকায় জায়গা পেয়েছে ‘রামায়ণ’। বিভাগ দুটি হলো সেরা ভিজ্যুয়াল ইফেক্টস ও সেরা স্টান্ট ডিজাইন।
সনি পিকচার্সের মাধ্যমে আন্তর্জাতিক বাজারে মুক্তি পাওয়া সিনেমাটি পুরস্কারের মৌসুমে পশ্চিমা বাজারেও ভালো সাড়া পাচ্ছে। ভারতে মুক্তির পর ছবিটি বেশির ভাগ ক্ষেত্রে ইতিবাচক পর্যালোচনা পেয়েছে। তবে আন্তর্জাতিক বাজারে সিনেমাটি নিয়ে প্রতিক্রিয়া ছিল মিশ্র।
বিদেশি দর্শকদের জন্য সিনেমাটির প্রায় ৩০ মিনিট ছোট সংস্করণ ‘রামায়ণ: রাইজ অব আ লেজেন্ড’ নামে মুক্তি দেওয়া হয়েছে।
২০ দিনে আয় ১ হাজার ৭৩৫ কোটি রুপি
মুক্তির প্রথম ২০ দিনে বিশ্বজুড়ে ‘রামায়ণ’ আয় করেছে ১ হাজার ৭৩৫ কোটি রুপি। এর মধ্যে আন্তর্জাতিক বাজার থেকে এসেছে ৬ কোটি ৫০ লাখ ডলার।
বাল্মীকি রচিত মহাকাব্য অবলম্বনে নির্মিত দুই পর্বের চলচ্চিত্র সিরিজের প্রথম অংশ এটি। সিনেমাটি পরিচালনা করেছেন নিতেশ তিওয়ারি। প্রযোজনা করেছেন নমিত মালহোত্রা ও যশ।
ছবিতে রামের চরিত্রে অভিনয় করেছেন রণবীর কাপুর, সীতার চরিত্রে সাই পল্লবী এবং রাবণের ভূমিকায় রয়েছেন যশ। বড় তারকাবহুল এই সিনেমা বক্স অফিসে সাফল্যের পাশাপাশি আন্তর্জাতিক চলচ্চিত্র পুরস্কারের ক্ষেত্রেও আলোচনায় এসেছে।












