সামাজিক যোগাযোগমাধ্যমে এক তরুণীর সঙ্গে আপত্তিকর ভিডিও কল ছড়িয়ে পড়ার ঘটনায় সাংগঠনিক ব্যবস্থা নিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শেখ মোহাম্মদ হোসেন ওরফে এস এম নয়নকে তাঁর পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
বুধবার (২৫ নভেম্বর) ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়।
কেন্দ্রীয় দপ্তর সম্পাদক ও সহসভাপতি পদমর্যাদার কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে শেখ মোহাম্মদ হোসেন নয়নকে তাঁর সাংগঠনিক পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এ সিদ্ধান্ত অনুমোদন করেছেন। কেন্দ্রের সিদ্ধান্তটি চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলকেও জানানো হয়েছে।
চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের আহ্বায়ক রবিউল হোসেন রবি অব্যাহতির বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত অনুযায়ী এস এম নয়নকে যুগ্ম আহ্বায়কের পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে।
সংসদ সদস্যের ব্যক্তিগত সহকারীও নয়ন
অব্যাহতি পাওয়া এস এম নয়ন চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনের সংসদ সদস্য ও বিএনপি নেতা মোহাম্মদ এনামুল হকের ব্যক্তিগত সহকারী হিসেবেও দায়িত্ব পালন করছেন।
এর আগে মঙ্গলবার রাতে ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে এক তরুণীর সঙ্গে তাঁর ১০ মিনিট ৩৭ সেকেন্ডের একটি ভিডিও কল ছড়িয়ে পড়ে। ভিডিওটি প্রকাশ্যে আসার পর পটিয়াসহ চট্টগ্রামের স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনা ও সমালোচনা শুরু হয়। ছাত্রদলের নেতা-কর্মীদের মধ্যেও এ নিয়ে প্রতিক্রিয়া দেখা দেয়।
ভিডিওটি ছড়িয়ে পড়ার পর সৃষ্ট বিতর্কের মধ্যেই কেন্দ্রীয় ছাত্রদল তাঁর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়।












