সংসার চালানোর কাজ বলতে সাধারণত রান্না, ঘর পরিষ্কার, বাজার করা কিংবা সন্তানদের দেখাশোনার কথা মনে আসে। কিন্তু এসব দৃশ্যমান কাজের বাইরেও রয়েছে আরও এক ধরনের শ্রম, যার হিসাব সচরাচর কেউ রাখে না। পরিবারের কার কী প্রয়োজন, সন্তানের স্কুলে কখন কী অনুষ্ঠান, কোন জিনিস শেষ হয়ে যাচ্ছে, কখন চিকিৎসকের কাছে যেতে হবে কিংবা আগামী সপ্তাহের খাবারের পরিকল্পনা কী—এসব মনে রাখা, পরিকল্পনা করা ও আগাম প্রস্তুতি নেওয়ার দায়িত্বই পরিচিত ‘মানসিক বোঝা’ হিসেবে।
এই অদৃশ্য দায়িত্বের বড় অংশই বহন করছেন নারীরা। বিশেষ করে সন্তান রয়েছে এমন পরিবারে মায়েদের ওপর এই চাপ তুলনামূলক বেশি। ফলে বাইরে চাকরি করার পাশাপাশি ঘরের প্রতিটি ছোট-বড় বিষয় নিয়ে ভাবতে গিয়ে অনেক নারী মানসিকভাবে ক্লান্ত হয়ে পড়ছেন।
সংসারের ৭১ শতাংশ মানসিক দায়িত্ব মায়েদের
যুক্তরাষ্ট্রের তিন হাজার অভিভাবকের ওপর পরিচালিত এক গবেষণায় দেখা গেছে, পরিবারের যেসব কাজে পরিকল্পনা, চিন্তা ও স্মরণশক্তি ব্যবহার করতে হয়, তার ৭১ শতাংশই সামলান মায়েরা। যুক্তরাজ্যের বাথ বিশ্ববিদ্যালয় এবং অস্ট্রেলিয়ার মেলবোর্ন বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা এই চিত্র তুলে ধরেছেন।
গবেষণায় দেখা যায়, বিছানার চাদর কখন ধুতে হবে, ফ্রিজে রাখা খাবার কখন শেষ করতে হবে কিংবা পরিবারের দৈনন্দিন প্রয়োজনীয় জিনিস কখন কিনতে হবে—এসব বিষয় মনে রাখার দায়িত্বও মূলত নারীদের ওপর থাকে।
অন্যদিকে পুরুষেরা তুলনামূলকভাবে এমন কিছু দায়িত্ব পালন করেন, যেগুলো নিয়মিত নয়; যেমন গাড়ি কখন সার্ভিসিং করাতে হবে। অর্থাৎ সংসারের নিয়মিত ব্যবস্থাপনা ও আগাম পরিকল্পনার বড় অংশ নারীদেরই সামলাতে হয়।
মেলবোর্ন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক লিয়া রুপানার এই মানসিক চাপকে অদৃশ্য, দীর্ঘস্থায়ী এবং সীমাহীন বলে বর্ণনা করেছেন। তাঁর মতে, মানুষ কর্মস্থলে গেলেও সংসারের দায়িত্বসংক্রান্ত চিন্তা মাথা থেকে সরিয়ে রাখতে পারে না।
ছোট ছোট দায়িত্বেই বাড়ে বড় মানসিক চাপ
যুক্তরাজ্যের স্টকপোর্টের তিন সন্তানের মা ৩৭ বছর বয়সী স্ট্যাসি ম্যাথিয়াস বলেন, তাঁর মাথায় সব সময় কাজের একটি তালিকা ঘুরতে থাকে। রাতে ঘুমাতে যাওয়ার সময়ও পরদিন কী করতে হবে, কোন কাজ বাকি রয়েছে কিংবা কী ভুলে যেতে পারেন—এসব চিন্তা চলতে থাকে।
তাঁর ভাষায়, সারা দিন ধরে দায়িত্বগুলো জমতে থাকে। কেউ যদি সেই কাজের বোঝা কমাতে এগিয়ে না আসে, তাহলে দিনের শেষে পরিস্থিতি সামলানো কঠিন হয়ে পড়ে।
পোর্টসমাউথের তিন সন্তানের মা সোফিয়ার অভিজ্ঞতাও একই রকম। সন্তানদের স্কুলের বিভিন্ন কার্যক্রম, শিক্ষা সফরের খরচ দেওয়া কিংবা দুপুরের খাবারের অর্ডার করতে তাঁকে স্কুলের অ্যাপ ব্যবহার করতে হয়। কিন্তু তাঁর স্বামী সেই অ্যাপ পর্যন্ত ডাউনলোড করেননি।
সোফিয়ার মতে, কোনো কাজ করতে কয়েক মিনিট লাগলেও তার আগে কী করতে হবে, কখন করতে হবে এবং কীভাবে করতে হবে—এসব পরিকল্পনা করতে অনেক বেশি মানসিক পরিশ্রম প্রয়োজন।
মানসিক চাপের প্রভাব পড়ে ঘুম ও কর্মজীবনে
বিশেষজ্ঞদের মতে, সংসারের শত শত ছোট দায়িত্ব একসঙ্গে সামলাতে গিয়ে নারীরা অনেক সময় বুঝতেই পারেন না যে তাঁরা কতটা মানসিক চাপ বহন করছেন।
ক্লিনিক্যাল মনোবিজ্ঞানী নাতাশা ওয়ালেস বলেন, এই চাপের কারণে ঘুমের সমস্যা, বিরক্তি এবং সিদ্ধান্ত নেওয়ার সক্ষমতা কমে যাওয়ার মতো পরিস্থিতি তৈরি হতে পারে।
এর প্রভাব শুধু পারিবারিক জীবনেই সীমাবদ্ধ থাকে না, কর্মক্ষেত্রেও ছড়িয়ে পড়ে। অভিভাবকত্ববিষয়ক বিশেষজ্ঞ আনিতা ক্লিয়ার মনে করেন, সংসারের মানসিক দায়িত্বের চাপ নারীদের পেশাগত জীবনেও বাধা তৈরি করতে পারে। অনেক নারী শেষ পর্যন্ত কর্মঘণ্টা কমানো, কর্মজীবনে গতি কমিয়ে দেওয়া কিংবা চাকরি ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিতে বাধ্য হন।
এক গবেষণায় দেখা গেছে, পুরুষদের আয় বাড়লে তাঁরা সংসারের শারীরিক ও মানসিক—দুই ধরনের কাজই তুলনামূলক কম করেন। অন্যদিকে নারীদের আয় বাড়লে ঘরের শারীরিক কাজ কিছুটা কমলেও পরিকল্পনা ও ব্যবস্থাপনার দায়িত্ব একই রকম থেকে যায়।
দায়িত্বের অসমতা তৈরি হয় যেভাবে
বিশেষজ্ঞদের মতে, সন্তান জন্মের পর থেকেই অনেক পরিবারে এই অসমতার সূচনা হয়। মায়েরা সাধারণত বাবাদের তুলনায় দীর্ঘ সময় মাতৃত্বকালীন ছুটিতে থাকেন। ফলে শিশুর খাবার, চিকিৎসা, ঘুম, স্কুল কিংবা দৈনন্দিন প্রয়োজন সম্পর্কে তাঁরাই বেশি জানেন।
একসময় পরিবারের সবাই প্রতিটি বিষয়ে মায়ের ওপর নির্ভর করতে শুরু করেন। সন্তান বড় হওয়ার পর কিংবা মা আবার কর্মজীবনে ফিরলেও এই অভ্যাস সহজে বদলায় না।
এর সঙ্গে যুক্ত হয় প্রচলিত সামাজিক ধারণা। অনেক পরিবারে রান্না, সন্তানদের দেখাশোনা ও ঘর পরিচালনার দায়িত্ব এখনো নারীদের কাজ হিসেবে বিবেচিত হয়। ফলে পুরুষেরা সাহায্য করলেও পুরো দায়িত্ব নিজেদের হাতে নেওয়ার প্রবণতা সব ক্ষেত্রে তৈরি হয় না।
কীভাবে কমানো যায় নারীর মানসিক বোঝা
বিশেষজ্ঞদের মতে, সংসারের দায়িত্ব ভাগ করার অর্থ শুধু কাজের তালিকা অর্ধেক করে দেওয়া নয়। বরং একটি কাজের শুরু থেকে শেষ পর্যন্ত পুরো দায়িত্ব নেওয়াই গুরুত্বপূর্ণ।
এ ক্ষেত্রে কয়েকটি পদক্ষেপ কার্যকর হতে পারে—
- দায়িত্ব স্পষ্টভাবে ভাগ করা: কে সন্তানের স্কুলসংক্রান্ত কাজ দেখবেন, কে বাজার করবেন কিংবা কে চিকিৎসকের অ্যাপয়েন্টমেন্ট নেবেন, তা আগে থেকেই ঠিক করা।
- যৌথ ক্যালেন্ডার ব্যবহার: জন্মদিন, স্কুলের অনুষ্ঠান, চিকিৎসকের সাক্ষাৎ ও পারিবারিক আয়োজনের তথ্য দুজনের কাছেই রাখা।
- কাজের মালিকানা নেওয়া: কোনো কাজ করার জন্য বারবার মনে করিয়ে দেওয়ার অপেক্ষা না করে নিজে থেকেই দায়িত্ব পালন করা।
- নিয়মিত আলোচনা: প্রতিদিন, সপ্তাহে একবার কিংবা প্রয়োজন অনুযায়ী সংসারের দায়িত্ব নিয়ে আলোচনা করা।
- অপ্রয়োজনীয় চাপ কমানো: প্রতিটি সামাজিক আয়োজন বা পারিবারিক কাজ নিখুঁতভাবে করার বাধ্যবাধকতা থেকে বেরিয়ে আসা।
বিশেষজ্ঞরা বলছেন, দায়িত্ব সমানভাবে ভাগ করার অর্থ সব ক্ষেত্রে ৫০-৫০ হিসাব করা নয়। বরং দুজনের কর্মঘণ্টা, সামর্থ্য ও পছন্দ বিবেচনায় এমন ব্যবস্থা তৈরি করা, যাতে একজনের ওপর পুরো সংসারের পরিকল্পনা ও ব্যবস্থাপনার ভার না পড়ে।
সংসারের কাজের ন্যায্য বণ্টন তখনই সম্ভব, যখন শুধু কাজ সম্পন্ন করার দায়িত্ব নয়, কাজটি মনে রাখা, পরিকল্পনা করা এবং আগাম প্রস্তুতি নেওয়ার দায়িত্বও ভাগ করে নেওয়া হবে। কারণ সংসার পরিচালনা শুধু দৃশ্যমান শ্রমের বিষয় নয়; এর পেছনে থাকা অদৃশ্য মানসিক শ্রমের স্বীকৃতিও সমান জরুরি।












