কুড়িগ্রামের ১৬টি নদীতে নাব্যতা সংকট ভয়াবহ রূপ নিয়েছে। নদীর পানি কমে যাওয়া এবং অসংখ্য বালুচর জেগে ওঠায় জেলার চরাঞ্চলের যোগাযোগ ও পণ্য পরিবহন ব্যবস্থা কার্যত বিপর্যস্ত হয়ে পড়েছে। এতে প্রায় ৫ লাখ ৫০ হাজার মানুষ দুর্ভোগে পড়েছেন। নৌপথে যাতায়াত করতে বাড়ছে সময় ও খরচ, ব্যাহত হচ্ছে জরুরি চিকিৎসাসেবা থেকে শুরু করে দৈনন্দিন প্রয়োজনীয় কাজ।
ব্রহ্মপুত্র, ধরলা, তিস্তা, দুধকুমার, গঙ্গাধর ও সংকোশসহ জেলার গুরুত্বপূর্ণ নদীগুলোতে পানির প্রবাহ কমে যাওয়ায় নৌযান চলাচল কঠিন হয়ে পড়েছে। অনেক জায়গায় নৌকা চলাচলের পথ বন্ধ হয়ে গেছে। কোথাও আবার নৌযানকে দীর্ঘ পথ ঘুরে গন্তব্যে পৌঁছাতে হচ্ছে। নদীর মাঝখানে নৌকা আটকে যাওয়ায় যাত্রীদের কয়েক কিলোমিটার পর্যন্ত হেঁটে বালুচর পেরিয়ে ঘাটে পৌঁছাতে হচ্ছে।
এক কিলোমিটার সরে গেছে নদীর ঘাট
কুড়িগ্রাম সদর উপজেলার যাত্রাপুর ইউনিয়নের যাত্রাপুর নদীঘাট নাব্যতা সংকটের কারণে আগের অবস্থান থেকে প্রায় এক কিলোমিটার সরে গেছে। এই ঘাটের সঙ্গে ছোট-বড় অন্তত ৫০টি নদীঘাটের যোগাযোগ রয়েছে।
একসময় প্রতিদিন এই ঘাট থেকে ৫০০টির বেশি নৌযান চলাচল করত। কিন্তু নদীতে পানি কমে যাওয়া ও বালুচর জেগে ওঠায় নৌযানের সংখ্যা প্রায় অর্ধেকে নেমে এসেছে।
নাগেশ্বরী উপজেলার নারায়ণপুর ইউনিয়নের বাসিন্দা রফিকুল ইসলাম জানান, ব্রহ্মপুত্র নদ দিয়ে মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন তাঁর এলাকায় যাত্রাপুর ঘাট থেকে পৌঁছাতে এখন প্রায় আড়াই ঘণ্টা সময় লাগে। বালুচরের কারণে নৌকা সরাসরি নির্ধারিত স্থানে ভিড়তে পারে না। ফলে যাত্রীদের দীর্ঘ পথ বালুর ওপর দিয়ে হেঁটে যেতে হয়, অথবা মোটরসাইকেলের সাহায্য নিতে হয়।
ঘাট থেকে বাজারে পৌঁছাতেও ঘোড়ার গাড়ি ব্যবহার করতে হয় কিংবা হেঁটে যেতে হয়। এতে জেলা সদরে সরকারি দাপ্তরিক কাজ সময়মতো শেষ করাও কঠিন হয়ে পড়েছে। জরুরি প্রয়োজনে নৌকা ভাড়া করতে খরচ হচ্ছে সর্বোচ্চ ১ হাজার ৫০০ টাকা।
দ্বিগুণ হচ্ছে যাতায়াতের সময় ও খরচ
যাত্রাপুর ঘাট থেকে ভাগবতীপুর, রোলাকাটা, অষ্টাশীর চর, কালীর আলগা, খেওয়ার আলগার চর, চিরাখাওয়া ও গোলপুরীসহ বিভিন্ন চরাঞ্চলে যেতে এখন আগের তুলনায় প্রায় দ্বিগুণ সময় লাগছে।
নদীর নাব্যতা কমে যাওয়ায় প্রায় ১০০টি নদীঘাট বন্ধ হওয়ার ঝুঁকিতে রয়েছে। একই সঙ্গে নিয়মিত কাজ হারাচ্ছেন হাজারো মাঝি ও জেলে।
নৌপথ দীর্ঘ হওয়ায় ডিজেলের ব্যবহার বেড়েছে। পাশাপাশি পণ্য পরিবহন কমে যাওয়ায় নৌযান চালকদের আয়ও কমছে।
যাত্রাপুর ঘাটের যাত্রী হোসেন আলী জানান, বালুচর সৃষ্টি ও ডিজেলের দাম বাড়ার কারণে বিভিন্ন নৌপথে ভাড়া ১০ থেকে ২০ টাকা পর্যন্ত বেড়েছে।
তিনি বলেন, তাঁদের চরাঞ্চলে যাওয়ার জন্য সারা দিনে মাত্র একটি নৌকা পাওয়া যায়। এতে যাতায়াতের সময় ও ভাড়া দুটোই বেড়েছে। চরাঞ্চলের দরিদ্র মানুষের সুবিধার জন্য সরকারি ব্যবস্থাপনায় বিআরটিসির মতো নৌপরিবহন ব্যবস্থা চালুর প্রয়োজন বলেও মনে করেন তিনি।
ক্ষতির মুখে মাঝি ও ব্যবসায়ীরা
নৌযান চালক আলমগীর ও জয়নাল জানান, নদীর পানি কমে যাওয়া এবং পানির নিচে বালুচর তৈরি হওয়ায় তাঁদের দীর্ঘ পথ ঘুরে চলতে হচ্ছে। এতে সময়ের পাশাপাশি ডিজেলের খরচও বাড়ছে।
অনেক সময় নৌকার পাখা পানির নিচে থাকা বালুচরে আঘাত লেগে ক্ষতিগ্রস্ত হচ্ছে। ফলে মেরামতের খরচও বাড়ছে। অন্যদিকে ভাড়া বেড়ে যাওয়ায় যাত্রীসংখ্যা কমে যাচ্ছে।
নৌযানের মালিক আবদুস সালাম জানান, উলিপুর উপজেলার সাহেবের আলগা ইউনিয়নের দইখোয়ার চরে যাত্রাপুর থেকে আগে যেতে প্রায় ৪৫ মিনিট লাগত। এখন একই পথ পাড়ি দিতে প্রায় আড়াই ঘণ্টা প্রয়োজন হচ্ছে।
চরাঞ্চল থেকে কৃষিপণ্য ও অন্যান্য মালামাল পরিবহন কমে যাওয়ায় শুধু মাঝিরাই নন, নদীঘাটের ঘোড়ার গাড়ির চালক ও মালামাল বহনকারী শ্রমিকেরাও কাজ হারাচ্ছেন।
খননের পরিকল্পনা নেই, ভবিষ্যতে বড় প্রকল্পের আশা
নদীগুলোর নাব্যতা সংকট নিরসনে আপাতত খননের কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছেন কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. রাকিবুল হাসান।
তিনি জানান, ভবিষ্যতে ব্রহ্মপুত্র-যমুনা নদীব্যবস্থা খননের জন্য একটি বৃহৎ প্রকল্প নেওয়া হতে পারে। প্রকল্পটি বাস্তবায়িত হলে নদীর নাব্যতা সংকট কমার পাশাপাশি চরাঞ্চলের যোগাযোগ ব্যবস্থারও উন্নতি হবে বলে আশা করছেন তিনি।
তবে কবে এই প্রকল্প নেওয়া হবে বা বাস্তবায়ন শুরু হবে, সে বিষয়ে নির্দিষ্ট সময়সীমা জানানো হয়নি।
ফলে নদীনির্ভর কুড়িগ্রামের বিস্তীর্ণ চরাঞ্চলের মানুষের কাছে নাব্যতা সংকট এখন শুধু যাতায়াতের সমস্যা নয়; এটি জীবিকা, চিকিৎসা, শিক্ষা, কৃষিপণ্য পরিবহন ও অর্থনৈতিক কর্মকাণ্ডের জন্যও বড় বাধা হয়ে দাঁড়িয়েছে।












