আফগানিস্তানে তালেবান সরকারের একের পর এক বিধিনিষেধের কারণে স্বাস্থ্যসেবা থেকে ক্রমেই বিচ্ছিন্ন হয়ে পড়ছেন নারীরা। বিশেষ করে গর্ভবতী নারী ও প্রসূতিদের জন্য পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। অনেক এলাকায় নারী চিকিৎসক না থাকায় পুরুষ চিকিৎসকের কাছেও যেতে পারছেন না নারীরা। ফলে জরুরি চিকিৎসার অভাবে বাড়ছে গর্ভপাত, প্রসবকালীন জটিলতা এবং মৃত্যুর ঝুঁকি।
জাতিসংঘের সাম্প্রতিক এক প্রতিবেদনে আফগান নারীদের স্বাস্থ্যসেবা পাওয়ার এই সংকটের ভয়াবহ চিত্র উঠে এসেছে। প্রতিবেদনে বলা হয়েছে, দেশটির বিভিন্ন অঞ্চলে নারী চিকিৎসকের সংকট এবং তালেবানের আরোপিত বিধিনিষেধের কারণে অসংখ্য নারী প্রয়োজনীয় চিকিৎসা থেকে বঞ্চিত হচ্ছেন।
এর একটি উদাহরণ কুনার প্রদেশের এক নারী। চিকিৎসাসেবা না পাওয়ায় একাধিকবার গর্ভপাতের শিকার হয়েছেন তিনি। প্রয়োজনীয় চিকিৎসা পাওয়ার সুযোগ না থাকায় প্রতিবারই তাকে ভয়াবহ পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছে।
আন্তর্জাতিক সহায়তা কমে যাওয়ায় পরিস্থিতি আরও সংকটপূর্ণ হয়ে উঠেছে। একদিকে নারী চিকিৎসকের অভাব, অন্যদিকে চিকিৎসাকেন্দ্র ও মানবিক সহায়তা কার্যক্রমে অর্থসংকট—সব মিলিয়ে আফগান নারীদের স্বাস্থ্যসেবা পাওয়ার সুযোগ ক্রমেই সংকুচিত হচ্ছে।
নারী চিকিৎসক ছাড়া চিকিৎসার সুযোগও সীমিত
আফগান নারী অধিকারকর্মী তামানা জারিয়াব পারিয়ানি বলেছেন, নারী চিকিৎসকদের অনুপস্থিতিতে পুরুষ চিকিৎসকেরা নারীদের চিকিৎসা দিতে না পারলে তার পরিণতি হতে পারে প্রাণঘাতী।
২৮ বছর বয়সী এই অধিকারকর্মী তালেবানের বিরুদ্ধে নারী ও মেয়েদের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে পরিচিত মুখ। পেশায় আইনজীবী হলেও তালেবান ক্ষমতায় ফেরার আগে তিনি সংবাদপত্রে কাজ করেছেন।
২০২১ সালের আগস্টে তালেবান ক্ষমতা দখলের পর নারী অধিকার সীমিত করার প্রতিবাদে আন্দোলনে অংশ নেন তিনি। ২০২২ সালের জানুয়ারিতে কাবুলে নিজের বোনদের সঙ্গে তালেবানের হাতে আটক হন। পরে মুক্তি পেয়ে ইউরোপে যাওয়ার সুযোগ পান।
এরপর থেকে আন্তর্জাতিক পর্যায়ে আফগান নারীদের অধিকার নিয়ে কাজ করছেন তিনি। গত অক্টোবরের শেষ দিকে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে দেওয়া বক্তব্যে আফগান নারীদের ওপর নিপীড়নের চিত্র তুলে ধরেন এবং আন্তর্জাতিক সম্প্রদায়কে তাদের অধিকার প্রতিষ্ঠায় কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান।
পারিয়ানি এই পরিস্থিতিকে ‘লিঙ্গভিত্তিক বর্ণবৈষম্য’ হিসেবে অভিহিত করে আন্তর্জাতিক সম্প্রদায়ের স্বীকৃতি ও সহযোগিতা দাবি করেছেন।
শিক্ষা ও কর্মসংস্থানেও বাড়ছে বঞ্চনা
২০২১ সালে ক্ষমতায় ফেরার পর তালেবান নারীদের জীবনযাত্রার ওপর শতাধিক বিধিনিষেধ ও নির্দেশনা জারি করেছে। এর ফলে মেয়েরা মাধ্যমিক শিক্ষা থেকে এবং নারীরা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন। ঘরের বাইরে কাজ করার ক্ষেত্রেও নারীদের ওপর কঠোর নিয়ন্ত্রণ আরোপ করা হয়েছে।
জাতিসংঘের আফগানিস্তান সহায়তা মিশনের পর্যবেক্ষণে দেখা গেছে, নীতি ও বিধিনিষেধ বাস্তবায়নের মাধ্যমে নারীদের স্বাস্থ্যসেবা পাওয়ার সুযোগও আরও সীমিত করা হচ্ছে।
জাতিসংঘের হিসাব অনুযায়ী, আফগানিস্তানে প্রায় ২৬ লাখ মেয়ে মাধ্যমিক শিক্ষা থেকে বঞ্চিত। জাতিসংঘের নারী বিষয়ক সংস্থা সতর্ক করেছে, এর ফলে বাল্যবিবাহ বাড়তে পারে এবং মাতৃমৃত্যুর হারও আরও বৃদ্ধি পাওয়ার আশঙ্কা রয়েছে।
প্রায় সাড়ে চার কোটি মানুষের দেশ আফগানিস্তানের জনসংখ্যার বড় অংশই শিশু ও তরুণ। দেশটির মানুষের মধ্যম বয়স প্রায় ১৭ বছর। মোট জনসংখ্যার প্রায় ৪২ শতাংশের বয়স ১৫ বছরের নিচে।
নারীদের ওপর নিপীড়ন নিয়ে আন্তর্জাতিক আইনে প্রশ্ন
আফগানিস্তানে নারীদের ওপর চলমান বিধিনিষেধকে শুধু বিচ্ছিন্ন মানবাধিকার লঙ্ঘন হিসেবে দেখার সুযোগ নেই বলে মনে করেন আন্তর্জাতিক আইন বিশেষজ্ঞরা।
আফগানিস্তানের আমেরিকান ইউনিভার্সিটির আন্তর্জাতিক ফৌজদারি আইনের অধ্যাপক হারুন মুতাসেমের মতে, দেশটিতে নারীদের ওপর যে ব্যবস্থা প্রতিষ্ঠা করা হয়েছে, তা একটি নির্দিষ্ট লিঙ্গগোষ্ঠীর ওপর অন্য গোষ্ঠীর প্রাতিষ্ঠানিক আধিপত্য ও নিপীড়নের কাঠামো তৈরি করেছে।
তার মতে, এই পরিস্থিতি আন্তর্জাতিক আইনের আওতায় কীভাবে সংজ্ঞায়িত ও বিচারযোগ্য হতে পারে, তা গুরুত্বের সঙ্গে বিবেচনা করা প্রয়োজন।
তিনি সতর্ক করেছেন, আফগান নারীদের ওপর ধারাবাহিক নিপীড়নের বিরুদ্ধে আন্তর্জাতিক সম্প্রদায় কার্যকর ব্যবস্থা না নিলে মানবাধিকার ও নারী অধিকারের সর্বজনীন স্বীকৃতি দুর্বল হয়ে পড়তে পারে। অন্য কর্তৃত্ববাদী সরকার ও উগ্রপন্থী গোষ্ঠীও একই ধরনের নীতি অনুসরণে উৎসাহিত হতে পারে।
২০২৭ সালে অপুষ্টির ঝুঁকিতে লাখ লাখ শিশু ও মা
স্বাস্থ্য ও পুষ্টি পরিস্থিতির অবনতিও আফগানিস্তানের সংকটকে আরও গভীর করছে।
জাতিসংঘের পূর্বাভাস অনুযায়ী, ২০২৭ সালে দেশটিতে পাঁচ বছরের কম বয়সী ৪০ লাখের বেশি শিশু এবং প্রায় ১২ লাখ ৭০ হাজার গর্ভবতী ও স্তন্যদানকারী নারীর তীব্র অপুষ্টির চিকিৎসা প্রয়োজন হবে।
জাতিসংঘের আফগানিস্তানবিষয়ক বিশেষ প্রতিনিধি সুসান ফার্গুসন সাম্প্রতিক প্রতিবেদনে দেশটির পরিস্থিতিকে বিশ্বের সবচেয়ে ভয়াবহ নারী অধিকার সংকট হিসেবে বর্ণনা করেছেন। তাঁর ভাষায়, আফগান নারীরা এখন নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখার লড়াই করছেন।
আন্তর্জাতিক সহায়তার অর্থ কমে যাওয়ায় মানবিক সহায়তা সংস্থাগুলোও কঠিন পরিস্থিতিতে পড়েছে। প্রয়োজন থাকা সত্ত্বেও কোন নারী ও মেয়েকে সহায়তা দেওয়া হবে আর কাকে ফিরিয়ে দিতে হবে—এমন কঠিন সিদ্ধান্ত নিতে হচ্ছে তাদের।
ফলে আফগানিস্তানে নারী চিকিৎসকের সংকট, চিকিৎসার ওপর বিধিনিষেধ, শিক্ষা থেকে বঞ্চনা এবং আন্তর্জাতিক সহায়তা কমে যাওয়ার প্রভাব একসঙ্গে নারীদের জীবনকে ঝুঁকির মুখে ঠেলে দিচ্ছে। বিশেষ করে গর্ভবতী নারী ও শিশুদের জন্য এই সংকটের পরিণতি আরও দীর্ঘমেয়াদি হতে পারে।












