রাজধানীর ধানমন্ডিতে মধ্যরাতে অভিযান চালিয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপপ্রেস সচিব কে এম শাখাওয়াত মুন, সাবেক জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াস হোসেন ও আয়কর আইনজীবী সুফি মো. আল মামুনকে আটক করা হয়েছে। ছাত্রদলের নেতা-কর্মীরা তাঁদের আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেন। একই রাতে পৃথক অভিযানে ককটেলসহ আল আমিন নামে আরও একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ নিয়ে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।
বুধবার (২৫ নভেম্বর) দিবাগত রাত ১টার দিকে ধানমন্ডি ২৭ নম্বর এলাকা থেকে শাখাওয়াত মুনসহ তিনজনকে আটক করা হয়। পরে তাঁদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে হস্তান্তর করা হলে পুলিশ তাঁদের মোহাম্মদপুর থানায় নিয়ে যায়।
আটকের সময় ছাত্রদল ঢাকা মহানগর পশ্চিমের সহসভাপতি মোতাহার হোসেন নিলয় এবং ৩২ নম্বর ওয়ার্ড যুবদল নেতা মোহাম্মদ জাবেদ উপস্থিত ছিলেন। এ সময় শাখাওয়াত মুনের সঙ্গে কথা বলার পাশাপাশি ডিসেম্বরকে কেন্দ্র করে আওয়ামী লীগের রাজনৈতিক পরিকল্পনা নিয়ে তাঁকে বিভিন্ন প্রশ্ন করা হয়।
জবাবে শাখাওয়াত মুন জানান, তিনি বর্তমানে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হিসেবে কর্মরত রয়েছেন।
অন্যদিকে, পৃথক অভিযানে মোহাম্মদপুরের সাবেক কাউন্সিলর রাজিবের সহযোগী হিসেবে পরিচিত আল আমিনকে ককটেলসহ গ্রেপ্তার করেছে পুলিশ। চারজনই বর্তমানে মোহাম্মদপুর থানা-পুলিশের হেফাজতে রয়েছেন। তাঁদের বিরুদ্ধে পরবর্তী আইনি প্রক্রিয়া নেওয়া হচ্ছে বলে প্রতিবেদনে জানানো হয়েছে।
কে এম শাখাওয়াত মুনের কর্মজীবন
কে এম শাখাওয়াত মুন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ থেকে পড়াশোনা করেছেন। কর্মজীবনে তিনি প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের পরিচালক (অধ্যয়ন ও প্রশিক্ষণ) হিসেবে দায়িত্ব পালন করেন।
২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের আগে তাঁকে ওই পদ থেকে সরিয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে উপপ্রেস সচিব হিসেবে সংযুক্ত করা হয়। পরবর্তী সময়ে সরকার পরিবর্তনের পর তাঁকে সাময়িক বরখাস্ত করা হয়।












