লক্ষ্মীপুরের রামগঞ্জে সড়কের পাশে পার্কিং করে রাখা একটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে বাসটি পুড়ে যাওয়ার পাশাপাশি পাশের একটি দোকানের সাইনবোর্ড ও সিসিটিভি ক্যামেরাও ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রাথমিকভাবে বাসের ভেতরে থাকা মশার কয়েল থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করছে ফায়ার সার্ভিস।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ভোরে রামগঞ্জ বাসস্ট্যান্ডের রেস্ট হাউসের সামনে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, বাসটির মালিক কাজিরখিল চৌকিদার বাড়ির বাসিন্দা আমজাদ হোসেন। রাতে চালক মমিন হোসেন বাসটি সড়কের পাশে পার্কিং করে চলে যান। এ সময় বাসের ভেতরে ঘুমিয়ে ছিলেন হেলপার হেলাল।
প্রতিদিনের মতো বৃহস্পতিবার ভোরেও ফজরের নামাজ আদায় করতে বাস থেকে নেমে মসজিদে যান হেলাল। নামাজ শেষে ফিরে এসে দেখেন, দাউদাউ করে জ্বলছে বাসটি। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে ততক্ষণে বাসটি পুড়ে যায়।
বাসমালিক আমজাদ হোসেন জানান, অগ্নিকাণ্ডে তার বাসটির ব্যাপক ক্ষতি হয়েছে। আগুনে পাশের রাজু অটোর সামনে থাকা সাইনবোর্ড ও সিসিটিভি ক্যামেরাও পুড়ে গেছে।
দোকানমালিক ইউছুফ আলী বাবু জানান, ওই স্থানে বাস পার্কিং করতে নিষেধ করা হলেও চালক তা শোনেননি। অগ্নিকাণ্ডে তাদের প্রায় ২০ হাজার টাকার ক্ষতি হয়েছে।
রামগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মকর্তা রেজাউল করীম জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। তবে এর আগেই বাসটি পুড়ে যায়। বাসের একটি আসনের ওপর মশার কয়েল দেখতে পাওয়া গেছে। এ কারণে প্রাথমিকভাবে কয়েল থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ উদ্দিন চৌধুরী জানান, আগুন লাগার ঘটনাটি তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষে কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে, তা নিশ্চিত হওয়া যাবে।












