তুরস্কের সানকো হোল্ডিং ও বাংলাদেশের ডিবিএল গ্রুপ যৌথভাবে ৩০ কোটি ডলার বিনিয়োগ করে মৌলভীবাজারে বড় একটি ডেনিম কারখানা গড়বে। রপ্তানিমুখী এই কারখানা হবে শ্রীহট্ট অর্থনৈতিক অঞ্চলে। সঙ্গে থাকবে সমন্বিত স্পিনিং ইউনিট। প্রতি মাসে প্রায় এক কোটি মিটার ডেনিম কাপড় তৈরি হবে এবং প্রায় ৪ হাজার ৪০০ মানুষের সরাসরি কর্মসংস্থান হবে। মৌলভীবাজারে ডেনিম কারখানা গড়ার এই উদ্যোগ পোশাক খাতের পশ্চাৎ সংযোগ শিল্পে আন্তর্জাতিক বস্ত্রপ্রযুক্তি আনবে বলে আশা করা হচ্ছে।
বুধবার ঢাকায় ইনভেস্ট বাংলাদেশের চেয়ারম্যান আশিক চৌধুরীর সঙ্গে বৈঠকে সানকোর প্রতিনিধিদল বিনিয়োগের প্রতিশ্রুতি আবার নিশ্চিত করে। প্রতিনিধিদলের নেতৃত্বে ছিলেন সানকোর ভাইস চেয়ারম্যান ফাতিহ কোনুকোগলু এবং পর্ষদ সদস্য হাকান কোনুকোগলু। বৈঠকে ডিবিএল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এম এ জব্বারও ছিলেন।
জব্বার জানান, ২০২৮ সালের প্রথম প্রান্তিকে বাণিজ্যিক উৎপাদন শুরুর আশা করা হচ্ছে। নির্মাণকাজ শিগগিরই শুরু হবে। তুরস্কের অংশীদার দেবে উৎপাদনপ্রযুক্তি ও কারিগরি দক্ষতা। প্রস্তাবিত যৌথ উদ্যোগে সানকোর পারিবারিক শেয়ারহোল্ডারদের মালিকানা থাকবে ৪৯ শতাংশ, ডিবিএলের থাকবে ৫১ শতাংশ। বিদেশি অংশীদার থাকলেও মৌলভীবাজারের ডেনিম কারখানার বেশির ভাগ চাকরি যাবে বাংলাদেশিদের। জব্বার বলেন, সানকোর মান ধরে রাখতে প্রায় ৩০০ বাংলাদেশি কর্মীকে প্রশিক্ষণের জন্য তুরস্কে পাঠানো হবে। আবার সানকোর কিছু উচ্চদক্ষ পেশাজীবী কাজ করবেন বাংলাদেশের কারখানায়।
কারখানাটি গড়া হবে সানকোর ডেনিম বিভাগ আইসকোর মাধ্যমে। আইসকোর বার্ষিক ডেনিম উৎপাদনক্ষমতা প্রায় ২৫ থেকে ৩০ কোটি মিটার। তারা ৬০টির বেশি দেশের ক্রেতাকে কাপড় সরবরাহ করে। সমন্বিত স্পিনিং ইউনিট থাকায় সুতা ও কাপড় একই ব্যবস্থার মধ্যে তৈরি করা যাবে। ডেনিম এমন একটি খাত, যেখানে যন্ত্রপাতি, প্রযুক্তি, দক্ষ জনবল ও উৎপাদনদক্ষতায় বড় বিনিয়োগ লাগে। বাংলাদেশের পোশাক শিল্প যখন আমদানি করা বস্ত্রের ওপর নির্ভরতা কমিয়ে উচ্চমূল্যের পোশাকের দিকে যেতে চাইছে, তখন এমন বড় কারখানা দেশি রপ্তানিকারকদের জন্য স্থানীয় উৎস থেকে কাপড় পাওয়ার সুযোগ বাড়াতে পারে।
২০২৫ সাল থেকে সানকো ইনভেস্ট বাংলাদেশের ১৩০ কোটি ডলারের বিনিয়োগ-পাইপলাইনের অংশ। তুরস্কের এই গ্রুপের যাত্রা ১৯০৪ সালে। তাদের কার্যক্রম বস্ত্র, নবায়নযোগ্য জ্বালানি, নির্মাণ, প্যাকেজিং ও অর্থ খাতে ছড়ানো। ডিবিএল গ্রুপ ১৯৯১ সালে দুলাল ব্রাদার্স লিমিটেড নামে যাত্রা শুরু করে। পোশাক তৈরি দিয়ে শুরু করে গ্রুপটি পরে স্পিনিং, নিটিং, ডাইং, ফিনিশিং, ওয়াশিং, প্রিন্টিং, অ্যাক্সেসরিজ ও প্যাকেজিং পর্যন্ত বিস্তার ঘটিয়েছে। ২০২৪ সালের টেকসই উন্নয়ন প্রতিবেদন অনুযায়ী গ্রুপটির মোট কর্মী ৪১ হাজার ৭২৩ জন। এর মধ্যে ৩৫ হাজার ১৬২ জন শ্রমিক এবং ৬ হাজার ৫৬১ জন ব্যবস্থাপনা পর্যায়ের।












