চট্টগ্রামের সীতাকুণ্ডে বোরকা পরে একটি গ্যাস কারখানায় ঢুকে ডাকাতি করেছে ছয়জনের একটি দল। এ সময় কারখানা থেকে নগদ চার থেকে পাঁচ লাখ টাকা এবং প্রায় আড়াই টন তামার তার লুট করে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দিবাগত রাত তিনটার দিকে উপজেলার বাড়বকুণ্ড ইউনিয়নের মান্দারীটোলা এলাকায় বেড়িবাঁধসংলগ্ন ইউরো গ্যাস কারখানায় এ ঘটনা ঘটে।
কারখানার সিসিটিভি ক্যামেরার ফুটেজে দেখা গেছে, রাত ২টা ৫৬ মিনিটে গ্রিল কাটার সরঞ্জাম নিয়ে ছয়জন ব্যক্তি কারখানার কার্যালয়ে প্রবেশ করেন। তাঁদের মধ্যে তিন থেকে চারজনের পরনে ছিল সাদা বোরকা। পরিকল্পিতভাবে কার্যালয়ে ঢুকে তাঁরা লুটপাট চালান বলে ধারণা করা হচ্ছে।
সিসিটিভি ফুটেজে ছয়জনের উপস্থিতি
ঘটনার পর শুক্রবার সকালে শিল্প পুলিশ ও সীতাকুণ্ড থানা-পুলিশের সদস্যরা কারখানাটি পরিদর্শন করেন। পুলিশ সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে ডাকাতদের শনাক্ত করার চেষ্টা করছে।
সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মহিনুল ইসলাম জানান, কারখানাটিতে ডাকাতির ধরন পুলিশের কাছে কিছুটা অস্বাভাবিক মনে হয়েছে। বিশেষ করে ডাকাত দলের সদস্যদের একটি অংশের বোরকা পরে কার্যালয়ে প্রবেশের বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে।
তিনি বলেন, কারখানা কর্তৃপক্ষের মৌখিক তথ্য অনুযায়ী, ডাকাতেরা চার থেকে পাঁচ লাখ টাকা এবং প্রায় ১ হাজার ২০০ মিটার তামার তার নিয়ে গেছে। এসব তারের মোট ওজন প্রায় আড়াই টন।
ক্ষয়ক্ষতির হিসাব করছে কারখানা কর্তৃপক্ষ
কারখানার দায়িত্বপ্রাপ্ত ব্যবস্থাপক মো. তৌহিদুল মান্নান জানিয়েছেন, ডাকাতেরা ঠিক কী পরিমাণ মালামাল নিয়ে গেছে, তা নির্ধারণে হিসাব করা হচ্ছে। এ ঘটনায় থানায় মামলা করার প্রস্তুতিও চলছে।
তবে প্রতিবেদন লেখা পর্যন্ত কারখানা কর্তৃপক্ষ পুলিশের কাছে লিখিত অভিযোগ জমা দেয়নি।
বোরকা পরে কারখানায় প্রবেশ, গ্রিল কাটার সরঞ্জাম ব্যবহার এবং বিপুল পরিমাণ তামার তার নিয়ে পালিয়ে যাওয়ার ঘটনায় এলাকায় উদ্বেগ তৈরি হয়েছে। পুলিশ জানিয়েছে, ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে তদন্ত চলছে।












