ফরিদপুর কোতোয়ালি থানার পুলিশ ব্যারাক ভবন-২ লক্ষ্য করে নিক্ষেপ করা একটি ককটেল পাশের পৌর মার্কেটের টিনের ছাদে বিস্ফোরিত হয়েছে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। শুক্রবার (২৭ নভেম্বর) রাত ৯টা ৪৫ মিনিটের দিকে শহরের ফরিদ শাহ সড়কে থানার উত্তর পাশে এ ঘটনা ঘটে। তবে পুলিশ জানিয়েছে, বিস্ফোরণের বিকট শব্দ শুনলেও ঘটনাস্থল থেকে ককটেলের কোনো আলামত উদ্ধার করা যায়নি।
ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পুলিশ সদস্যরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করেন।
যেভাবে ঘটল বিস্ফোরণ
প্রত্যক্ষদর্শীদের বর্ণনা অনুযায়ী, ফরিদ শাহ সড়কের পাশে অবস্থিত তিনতলা ফরিদপুর পৌর মার্কেটের তৃতীয় তলায় টিনের ছাদ রয়েছে। এর ঠিক পেছনে কোতোয়ালি থানার সীমানাপ্রাচীর ঘেঁষে অবস্থিত দুইতলা পুলিশ ব্যারাক ভবন-২।
ব্যারাক ভবনটির নিচতলায় থানার বিভিন্ন দায়িত্বে নিয়োজিত কয়েকজন উপপরিদর্শক (এসআই) বসেন। ওপরতলায় রয়েছে একটি হলরুম। থানার মূল ফটক থেকে আনুমানিক ৩৫ থেকে ৪০ গজ উত্তরে পৌর মার্কেটের ওই টিনের ছাদে বিস্ফোরণ ঘটে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।
বিকট শব্দে আতঙ্ক, ছাদে ধোঁয়া
থানার পাশের একটি চায়ের দোকানের মালিক লিটন সাহা জানান, হঠাৎ বিকট শব্দ শুনে তাঁরা আতঙ্কিত হয়ে পড়েন। পরে দোকান থেকে বেরিয়ে পৌর মার্কেটের টিনের ছাদে ধোঁয়া উঠতে দেখেন। থানার মোড়ের পাশ থেকে সাত নম্বর দোকান ‘মা ইলেকট্রনিক’ বরাবর ছাদের অংশে ধোঁয়া দেখা যাচ্ছিল বলে জানান তিনি।
এরপর পুলিশ সদস্যরা ঘটনাস্থলে এসে জায়গাটি ঘুরে দেখেন।
ভবন থেকে ককটেল নিক্ষেপের সন্দেহ
ঘটনার সময় থানার অপর পাশে মহাকালীর মোড় এলাকায় ছিলেন ফরিদপুর মহানগর যুবদলের সভাপতি বেনজীর আহমেদ তাবরিজ। তিনি জানান, বিকট শব্দ শুনে ঘটনাস্থলে যান। তাঁর ধারণা, সড়কের অপর পাশে গৌড় গোপাল আঙিনা ট্রাস্টের মালিকানাধীন সাততলা ভবনের কোনো একটি তলা থেকে ককটেলটি নিক্ষেপ করা হয়ে থাকতে পারে।
তবে এটি তাঁর ব্যক্তিগত ধারণা। তিনি বলেন, পুলিশ নিরপেক্ষভাবে তদন্ত করলে ঘটনার প্রকৃত কারণ ও কীভাবে বিস্ফোরণটি ঘটেছে, তা বেরিয়ে আসতে পারে।
আলামত পায়নি পুলিশ, তদন্ত চলছে
ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, বিস্ফোরণের পরপরই তিনি পুলিশ সদস্যদের নিয়ে ঘটনাস্থলে যান। তবে সেখানে ককটেল বিস্ফোরণের কোনো আলামত পাওয়া যায়নি।
বিস্ফোরণের শব্দ খুবই জোরালো ছিল উল্লেখ করে ওসি বলেন, বিষয়টি আরও গভীরভাবে খতিয়ে দেখা হচ্ছে।
ঘটনায় কারা জড়িত, কোথা থেকে বিস্ফোরকটি নিক্ষেপ করা হয়েছিল এবং সেটি ককটেল ছিল কি না—এসব বিষয়ে পুলিশের তদন্তের ফলের অপেক্ষা রয়েছে।












