গাজীপুরের টঙ্গী এলাকায় বাড়ি ফেরার পথে জয় (২৩) নামে এক তরুণকে কুপিয়ে হত্যা করেছে একদল দুর্বৃত্ত। মঙ্গলবার ভোররাতে এ ঘটনা ঘটে।
নিহত জয় টঙ্গীর ব্যাংক মাঠ বস্তি এলাকার সিরাজুল ইসলামের ছেলে।

স্থানীয়দের বরাত দিয়ে জানা গেছে, রাত ১টার দিকে জয় বাড়ি ফিরছিলেন। এ সময় কয়েকজন তরুণ ধারালো অস্ত্র নিয়ে তার ওপর হামলা চালায়। হামলায় গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই তিনি মারা যান। হামলার পর অভিযুক্তরা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
খবর পেয়ে টঙ্গী রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে যায় এবং জয়ের মরদেহ উদ্ধার করে। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্ত করতে আশপাশের এলাকার সিসিটিভি ক্যামেরার ফুটেজ পরীক্ষা করছে পুলিশ। হামলাকারীদের পরিচয় ও হত্যার কারণ জানতে তদন্ত চলছে।
টঙ্গী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক নূর আলম হোসাইন জানান, এ ঘটনায় কমলাপুর রেলওয়ে থানায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।












